২১ জুল, ২০১১

হালফিল



ব্রিগেডে ২১শে জুলাইয়ের শহীদ তর্পণ হল মহা সমারোহে । একই মঞ্চে তৃণমূল কংগ্রেসের বিজয় উত্সব পালন হল । দিনটা ছিল শ্রাবণের কোলকাতার ছেঁড়া ছেঁড়া মেঘের একটা বৃষ্টিদিন । তবুও ব্রিগেড ভেঙে পড়েছিল জনজোয়ারে । আবাল-বৃদ্ধ-বণিতা বৃষ্টি উপেক্ষা করে পৌঁছে গেছিলেন সেই সমাবেশে । সমাজের সর্বস্তরের মানুষ উপস্থিত হয়েছিলেন । রাজ্যসভার এমপি থেকে বিধানসভার এমএলএ , চিত্রশিল্পী থেকে সঙ্গীতশিল্পী, সিনেমার কলাকুশলী থেকে কবি এবং সাহিত্যিক সকলেই হাজির হয়েছিলেন । সাড়া দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর ডাকে । নচি থেকে কচি, দেব থেকে দেবী কেউ বাদ ছিলেন না । দশভুজা দিদির মাহাত্ম্যকীর্ত্তনে সকলের হৃদয়ের অলিন্দ-নিলয়ে বিগলিত প্রবাহ চলছিল । কেউ দিদি, কেউ বেটি, কেউ রাণী সম্ভাষণে দিদির গুণগান করলেন । ব্রিগেড এ যাবতকাল এমনটি দেখতে অভ্যস্ত নয়; সেদিন যেন দিদি এবং তাঁর ব্যাটেলিয়নকে যারপরনাই ব্যাতিবস্ত করবার জন্যই শ্রাবণের আকাশ বামেদের আদেশ অমান্য করেনি । দু হাত ভরে ঝরো ঝরো বর্ষেছে তার অকৃপণ বর্ষণ । কিন্তু অতিরিক্ত বর্ষণে দূর্বাদলরাজি সবুজ থেকে সবুজতর হয়ে উঠেছে প্রাণের স্পন্দনে । ১৯৯৩ সালের ২১শে জুলাইয়ের শহীদরক্ত বৃষ্টি দিয়ে ধুইয়ে সেই মাহেন্দ্রক্ষণে দেবশ্রী ফুলে ফুলে ঢলে পড়েছেন তাঁর নৃত্যশৈলীতে । শতাব্দী মাদলের তালে তালে ধিতাং ধিতাং বোল দিয়েছেন পায়ে । নচিকেতা গাইলেন পৃথিবী শান্ত হবার গান । দিদির আদেশে সমবেত স্বরে শান্তি ফিরিয়ে দেবার অঙ্গীকার নিয়েছে সকলে । শান্তনু আনন্দের বাঁধ ভেঙে গাইলেন রবীন্দ্রসঙ্গীত । অনুপ ঘোষাল উদত্তকন্ঠে "দিনের আলোয় কাটে অন্ধকার"। চিরঞ্জিত "মাঝেমাঝে প্রাণে তোমার পরশখানি দিও' যেন দিদির ছোঁয়ায় তাঁর এই আজ্ঞাবহেরা রাতারাতি ম্যাজিক দেখাবেন বলে প্রস্তুত । প্রবীণ শিল্পী বিশ্বজিত ছুটে এসে গাইলেন বাংলামায়ের কোলে ফেরার গান । তাপস পাল উজাড় করে দিলেন গুরুদক্ষিণা । প্রণাম জানালেন গুরুকে ।
মহাশ্বেতা দেবী লাখ কথার এক কথা কয়ে দিলেন । বাংলার মানুষরাই সোনার বাংলা গড়ার আসল রূপকার । তাই কেবল মনে হতে লাগল যাদের নিয়ে দিদির কাজ কারবার , যারা দিদিকে বাংলার মসনদে বসিয়ে দিয়েছে তাদেরই তো নতুন করে বাংলা গড়ার জন্য অগ্রণী ভূমিকা নিতে হবে । দিদিতো তাঁর দু মাসের কর্মসূচীতে পাহাড় থেকে জঙ্গল, কৃষিজমি থেকে যুগপত্ভাবে শিল্প ও ফসল ফলানোয় পক্ষপাতী কিন্তু দিদি কি পারবেন পশ্চিমবাংলার ওয়ার্ক কালচারের আমূল পরিবর্তন ঘটাতে ? তবেই তো ভোল পালটাবে স্বাস্থ্য, শিক্ষা এবং উন্নয়নের পরিকাঠামো । বাংলার রাজনীতি প্রেমী মানুষ দিদি দিদি করে পাগলু হল । বদলের দিনে পালাবদলের গান গাইল । দিদির জন্য যাত্রাপালার স্ক্রিপ্ট হল । এতসবের পরে আবার দীর্ঘ তিনদশক ধরে বাংলার মানুষ শুধু দিদির পুজো নিয়েই ব্যস্ত থাকবে না তো ? নয়ত আবার সরকারি হাসপাতালে বেঘোরে মরবে শিশু । রোগীর খাদ্য চেখে দেখবে পাড়ার টমি । গাঁয়ের প্রাথমিক স্কুলে শিশু রোজ যাবে আসবে কিন্তু নিজের নাম লিখতে বললে বানানে ভুল করবে । আবার জয়েন্টে ভালো rank করে বাংলার ছেলেগুলো শিবপুর না গিয়ে অন্য রাজ্যে পাড়ি দেবে । ঘর পোড়া গোরুর মত সিঁদুরে মেঘ দেখলে ডরাই। তাই মনে মনে বলি " আবার আসিব ফিরে, ধান সিঁড়িটির তীরে , এই বাংলায় " যেদিন অন্যরাজ্যের মত উন্নয়নে বাংলায় বিনিয়োগ করতে এগিয়ে আসবে পাঁচটা ব্লু চিপ কোম্পানি । চন্ডীদাসের সেই কথা "সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই " মাথায় রেখে দিদি এগিয়ে চলুন তাতে ক্ষতি নেই । কিন্তু আবার সেই ভোটের রাজনীতি আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে না তো !!!

১৭ জুল, ২০১১

কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স



প্রথমে অর্কূটে, তারপর ফেসবুকে, আর সবশেষে বিবাহ ডট কমের সূত্র ধরে তিথির সাথে আলাপ, রাজের দিদি রাণীর ।
ফলে বছর দুয়েকের ডিজিটাল ঘনিষ্ঠতা গড়ে ওঠে তিথির সঙ্গে রাণীর । কারণ একটাই ; একমাত্র ভাই রাজের জন্য উপযুক্ত পাত্রী বলে মনে হয়েছিল তিথিকে। আজকাল যে হারে ডিভোর্সের ঘটনা কাগজে কলমে পড়ছে রাণী, তার চেয়ে বাবা কয়েকবছর ধরে বাজিয়ে নিয়ে তারপর না হয় বিয়ের প্রস্তাব দেওয়া যাবে। সেইমত দুবছরের ঘনিষ্ঠ আলাপচারিতার পর ঠিক হল উভয় পক্ষের পরিবারের সাথে ভেট হওয়ার প্রয়োজন; কারণ পাত্র রাজ তখন বিদেশে পাঠরত। ছবি ও ইমেলের বিনিময়ে তিথিকেও পছন্দ করল রাজ এবং তিথিও রাজকে ।
আরো একটা বছর রাজ আসতে বাকী |তাই রাণীর মধ্যস্থতায় দুইবাড়ির মধ্যেও ঘনিষ্ঠতা গড়ে উঠল। যাওয়াআসা, খাওয়াদাওয়া সবকিছু সামাজিকতার সাথে তিনজনের স্ক্র্যাপ আর ফেসবুক মেসেজরা বেঁচে র‌ইল সুখেদুখে, হাসিকান্নায়, ছন্দে গানে। আর দোল-দুর্গোত্‌সব, জন্মদিন, ক্রিসমাসের রামধনুতে রেঙে উঠল রাজ, তিথি আর রাণীর মেলবক্স। আর তাছাড়াও আছে ফোন আর এসেমেস । তিথি আর রাজের প্রেমপর্বের অনুঘটক হিসেবে রাণীও রয়ে গেল জি-টকের ছোট্ট কুঁড়েতে...
হঠাত অনুষ্টুপ-গায়ত্রী ছন্দের বিদায় ! হল অপ-ছন্দের আবির্ভাব।

অনেক দিন রাণী আর রাজকে তিথি না করে স্ক্র্যাপ, না পাঠায় কোনো ইমেল....না কোনো এসেমেস না মেসেজ । ফেসবুকেও কখনো সবুজ আলো জ্বলেনা তার ছবিঘরে... সোশ্যালনেটে তাদের কমন বন্ধুদেরো এই বিয়ে থা নিয়ে কিছু জানায়নি ওরা । অতএব ওদের জিগেস করে লাভ হবেনা ।

তিথির বাড়ির ফোন বলে "মজুত নেহি হ্যায়" আর মোবাইল বলে "সুইচড্‌-অফ্‌"। অগত্যা রাণী একদিন তিথির বাড়ি গেল । সেখানে গিয়ে সে তো স্তম্ভিত! বাড়িটাই নেই ।
ভাঙা হয়েছে । নতুন ঘটনা নয়; যে হারে দেশে প্রোমোটার রাজ দাপিয়ে বেড়াচ্ছে তাতে বিচিত্র কিছু নয় । কিন্তু রাণীর খুব আশ্চর্য লাগল যে এসব তো তিথি কিছুই জানায়নি তাদের । এখন কি করবে রাণী? রাজের ফাইনাল ডিসার্টেশন, পিএইচডি সাবমিশন কয়েকদিনের মধ্যেই । প্রচন্ড কাজের চাপ, থিসিস সাবমিট করার সময় নাকি এমনই হয় সকলের ।তাকে জানালে সে তো যারপরনাই মর্মাহত হবে । বাড়ি ফিরে মাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে সব জানাল।
আর রাজকে বলল তিথির কি একটা গানের রেকর্ডিং আছে, তাই সে দিন কয়েক ব্যস্ত আছে আর তার মোবাইলটা হারিয়ে ফেলেছে, পরে নতুন নাম্বার পাঠাবে। নেট-কানেকশনও খারাপ তাই স্ক্র্যাপ্, ইমেল, চ্যাট, মেসেজ কোনোটাই কিছুদিন সম্ভব নয় তিথির পক্ষে, এসব যেন তিথি নিজেই জানিয়েছে রাণীকে ।
এদিকে রাজ তো ব্যস্ত তার পড়াশুনো নিয়ে আর রাণী শুধু উলটে পালটে দেখে নীল বালুচরীটা যেটা তিথির জন্য কিনেছিল সে বিষ্ণুপুর থেকে, দুধে-আলতা কাঁথাস্টীচের সালোয়ার-কামিজের পিস, পৌষমেলার ডোকরার দুল, টেরাকোটার পেন্ডেন্ট ...ভেবেছিল খুব মানাবে তিথিকে ।
তিথি বলেছিল রাজের জন্য সে একটা পাঞ্জাবীতে ফেব্রিক করবে ... ফোকের মোটিফ ; আর তাদের তো আর কদিনের মধ্যেই বিয়ে, তাই ফুলশয্যার বেডকভারে সে ফোঁড় তুলছে... যামিনীরায়কে নিয়ে। মেহেদী হাসানের গজল, শিবকুমার শর্মা, আর ওদিকে নাসিরুদ্দীন শাহ্‌-শাবানা আজমী, হেমন্ত-মান্নার চির কোঁদল, রবীন্দ্রসঙ্গীত বনাম বাংলাব্যান্ড, চাইনিজ না কন্টিনেন্টাল এই নিয়ে ঘন্টার পর ঘন্টা গ্রুপচ্যাটে তর্কের তুফান তুলতো তারা তিনটি মিলে । রাণীর খুব মনে ধরে ছিল, অন্তত: তিথি আর রাজের ওয়েভ-লেন্থটা তো ম্যাচ করেছে !তিন জনেরই প্রিয় খাবার লুচি আর আলুভাজা আর সাথে মচমচে করে ভাজা শুকনো লঙ্কা ।
বেশ তো চলছিল সব | হঠাত একটা দমকা বাতাস এসে সব যেন উল্টেপাল্টে দিয়ে গেল রাণীকে ।
মনে মনে রাণী ভেঙে টুকরো টুকরো হয়ে গেল ।
কিন্তু কোনো সত্য উদ্ঘাটন করতে পারলো না । হাঠত একদিন গুগল সার্চে গিয়ে রাণীর কি যেন মনে হল সার্চ করল তিথির নাম, পদবী দিয়ে... দেখে পার্সোনাল ব্লগ বেরিয়ে এল যা
তিথি নামের একটি মেয়ের...হতেই পারে, তিথি নামতো কত মেয়েরই হয় ! কিন্তু এতো অস্ট্রেলিয়ার ঠিকানা, আর ফ্যামিলি এলবাম প্রথম পাতায় ... ক্লিক করল রাণী, বিয়ের রেজিস্ট্রেশানের ছবি, ...এই তো নীল বালুচরী পরে তিথি..আর রেজিস্ট্রি বিয়ের তারিখটি হল আজ থেকে বছর খানেক আগে ।
রাগে, অভিমানে, লজ্জায় ফেটে পড়ল রাণী।
তারপরেই কম্পোজ মেল "ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো"
অর্কুটে স্ক্র্যাপ "কনগ্র্যাচুলেশনস এবং সেলিব্রেশনস"
আর ব্লগের রেজিস্ট্রি বিয়ের ছবিটা, রাইটক্লিক...সেভ এজ...
…...

অনেক বছর কেটে গেছে , তিথি, রাজ আর রাণী নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠিত । সকলেই এখন থাকে কলকাতায় । রাণীর বিয়ে হয়ে গেছে এক ডাক্তারের সাথে । নিজস্ব ফ্ল্যাট । একটি ফুটফুটে মেয়ে তার । তিথি একটি হায়ার সেকেন্ডারি প্রাইভেট স্কুলের টিচার |তার স্বামী কর্পোরেট সেক্টারে উঁচু
পোষ্টে কাজ করে । প্রায়শ‌ই খবরের কাগজ ও টেলিভিশনে নাম শোনা যায় তার । প্রচুর ফরেন ট্যুর করেন তিনি । তার পেছনে মিডিয়া ছোঁক ছোঁক করে তার ইন্টারভিউ নেবার জন্য । সুপুরুষ, সুবক্তা আর প্রচুর কানেক্সান তার । তিথির নিজের কেরিয়ারের পেছনে দৌড়তে গিয়ে
পিএইচডি, বিএড এই সবে সময় চলে গেছে । ছেলেপুলে হবার ব্যাপারে আদৌ সে কোনো মাথা ঘামায়নি । যার পরিণতি স্বরূপ কোলকাতার নামজাদা ডাক্তার বাবুরা, কনসালট্যেন্ট গায়নোকোলজিস্টরাও হার মেনেছে তার সন্তান সম্ভাবনায় । দুজনেরই নাকি কিছু জটিলতা আছে । একে তো বয়স হয়ে গেছে তিথির, তা প্রায় তেত্রিশের কাছে আর তার স্বামীর অনিয়ন্ত্রিত জীবনযাপন .. সিগারেট ও বিলিতি লিকারের প্রভাবে | এ ডাক্তার সে ডাক্তার ঘুরে অবশেষে তিথি আর তার স্বামি রণ এসে পৌঁছায় কোলকাতারই আর এক খ্যাতনামা ফার্টিলিটি ক্লিনিকে । সেখানে ডক্টর শ্রীরূপ রয়ের সাথে এপয়েন্টমেন্ট তাদের । ঘরে ঢুকে ডাক্তার বাবুর টেবিলে তিথির চোখে পড়ল রাণীর ছবি ; ডাক্তার বাবু রাণি আর তাদের ফুটফুটে মেয়ে রাধার বাঁধানো ছবি । ডক্টর শ্রীরূপ রয় রাণির হাসব্যান্ড ; সৌম্য, সুদর্শন, স্বল্পভাষী সার্জেন । প্রকৃতির এমনই খেয়াল যে পাকেচক্রে তিথিকে আবার সেই রাজের দিদি রাণীর স্বামীর কাছেই আসতে হয়েছে । আর এই কথাটা ভেবেই তিথির হাত-পা যেন অবশ হয়ে গেল । আর আজ এমন এক পরিস্থিতি সেখান থেকে পালাবার পথ নেই । টেস্ট শুরু হল, হল অনেক কথাবার্তা । ফাইনালি যা বোঝা গেল তা হল রণর যা স্পার্মকাউন্ট তাতে এই বয়সে তিথি কোনোদিন মা হতে পারবে না । যদি ডোনার কেউ হন তাহলে ইনভিট্রো ফার্টিলাইজেশন ট্রাই নিয়ে দেখা যেতে পারে । যদিও তা ব্যয়বহুল কিন্তু এই মূহুর্তে তিথি আর রণ সে ব্যাপারে দ্বিমত নয় । অঢেল টাকা রণর আছে । এটা তো জীবনমরণ সমস্যা ।
যদি সত্যি তিথি মা হতে পারে রণর চেয়ে আর কেই বা খুশী হতে পারে!
এবার ফরমালিটির পালা; কাগজ কলম, কন্ট্র্যাক্ট, স‌ইসাবুদ ইত্যাদি । রণ আর তিথির প্রশ্ন একটাই স্পার্মডোনার যেন ভাল পেডিগ্রির হয় । নিম্ন মধ্যবিত্ত বেকার যুবক আজকাল এই ডোনেশানে মোটা অঙ্কের টাকা পায় আর তাতো কিছু অসম্মানেরও নয় বরং কোনো কাজে লেগে যদি সত উপায়ে রোজগার করা যায় তাতে তো ক্ষতি নেই কিন্তু ভাল ফ্যামিলির শিক্ষিত কোনো চাকুরে ব্যক্তি কে এ ব্যাপারে রাজী করানো তো মুশকিল; ডাক্তারবাবুর হঠাত মনে পড়ে গেল তার শ্যালক রাজের কথা । রাজ এখনও অবিবাহিত । একটি সরকারি কলেজে সিনিয়র প্রফেসর । বিয়ে করেনি রাজ । মানে হয়ে ওঠেনি । তিথির কাছ থেকে সেই আঘাত সে কখনো ভোলেনি । আর তাই বোধ হয় "বিয়ে" নামক এই সামাজিক প্রহসনকে সে ঘেন্না করতে শুরু করেছে । সেই ঘটনার পর থেকে বিয়ের কথা উঠলেই রাজ এড়িয়ে চলে দিদি আর জামাই বাবুকে । আর মা-বাবা মারা গেছেন অনেকদিন, তাই সেই অর্থে কেউ এর চেয়ে বেশি জোরাজোরি করেওনি তার বিয়ের ব্যাপারে । রাজ দিব্য আছে তার অধ্যাপনা, রিসার্চ আর কলেজ স্টুডেন্ট, সেমিনার, সিম্পোশিয়াম আর মাঝেমধ্যে ছোটখাট বিদেশ ট্যুর নিয়ে । সেই ঘটনার পর থেকে তিথির সাথে কোনো যোগাযোগও রাখেনি সে এমন কি মন থেকেই কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স...ভুলে গেছে জীবনের মত সোশ্যাল নেটওয়ার্ক, বিদায় জানিয়েছে অর্কুট-ফেসবুককে চিরদিনের মত |
ফোন ঘোরালেন ডক্টর শ্রীরূপ রায় , রাজের জামাইবাবু ।
"আসতে হবে আমার ক্লিনিকে এখুনি , পারবে ? না ক্লাস আছে ?" শ্রীরূপদা রাজের ফ্রেন্ড-ফিলোজফার-গাইড ।
আর কেনই বা তা হবে না একমাত্র দিদির বর, বাবা মায়ের অবর্তমানে এরাই তো তার অভিভাবক, শুভাকাঙ্খী আর আত্মীয় ।
রাজ বলল "না, না ক্লাস তো এখুনি শেষ হল"
প্রায়ই ডাকেন এই ভাবে শ্রীরূপ তাকে; রাণীকে আসতে বলে, বিকেলে ক্লাবে টাবে গিয়ে তারা একসাথে চা-টা খায় । এমএসসি স্টুডেন্টদের প্র্যাকটিকাল ক্লাস জুনিয়র এক রিসার্চ স্কলারকে বুঝিয়ে দিয়ে রাজ বিরিয়ে এল সায়েন্সকলেজ থেকে | রাজ বলল "আসছি শ্রীরূপদা আধঘন্টার মধ্যে" গাড়ি করে রাস্তায় অনবরত ট্র্যাফিক সিগন্যাল আর ওয়ান ওয়ের চক্কোরে পড়ে ও রাজাবাজার সায়েন্সকলেজ থেকে মিন্টোপার্কে আধ ঘন্টার মধ্যে সে পৌঁছে গেল ডক্টর রায়ের ফার্টিলিটি ক্লিনিক । চেম্বারে ঢুকে স্তম্ভিত ।
একি তিথি না ? এক ঝলক তাকে দেখে নিয়েই জামাইবাবুর পার্সোনাল ঘরে ঢুকে গেল রাজ । সে তো ডাক্তার বাবুর পেশেন্ট নয় আত্মীয় । তাতে আবার একমাত্র শ্যালক । কিন্তু মনের ভেতর তিথি-প্রসঙ্গ তাকে খালি বিরক্ত করতে লাগল । কি ভারীক্কি চেহারা হয়ে গেছে তিথির । আগের সেই লালিত্য আজ অনুপস্থিত তার চেহারায় । তার দিদি রাণী তো মাত্র পাঁচ ছ' বছরের বড় তিথির চেয়ে, কিন্তু সে তো এমন বুড়িয়ে যায়নি । বরং মা হবার পর দিদির আরো রূপ হয়েছে, অনেকটা তাদের মায়ের মত দেখায় দিদিকে । মা এত সুন্দরী ছিলেন যেন বয়স মোটে বোঝা যেতে না মায়ের ।
তিথি আর তার স্বামী রণ সেই মূহুর্তে রাজের কৃপাপ্রার্থী । যেন রাজ অমত না করে , ডোনার হয়ে এ জন্মের মত তিথিকে মা হাওয়ার আনন্দ থেকে বঞ্চিত না করে । রাজ তো কিছুই জানেনা সেই মূহুর্তে ... আলাদা ঘরে ডেকে নিয়ে গিয়ে জামাইবাবু শ্রীরূপদা তিথির সন্তানের ভ্রূণের জন্য স্পার্ম ডোনার হবার রিকোয়েস্ট করল ।
তার শ্রীরূপদার সাথে কথা বলে রাজ সেই ঘরের সংলগ্ন দরজা দিয়ে বেরিয়ে গাড়িতে ষ্টার্ট দিল । তখন গাড়ির রেডিও তে কোন একটা এফ এম চ্যানেলে বাজছে রাজের ফেভারিটা বাংলা ব্যান্ড ফসিলস এর গান "আমি কিছুতেই ভাববনা তোমার কথা বোবা টেলিফোনের পাশে বসে ... এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস.... আর জ্যামে আটকে থাকা গাড়িটায় বসে বসে মনে হল দিদিকে একটা ফোন করি ।
তারপর দিদিকে বলল "বড্ড খিদে পেয়েছে রে, কিছু বানিয়ে রাখ দিদি, আজ তোর সাথে বসে চা খাব" রাণি বললে "কি খাবি বল চাইনিজ না কন্টি? তাহলে ক্লাবে ফোন করে দি, তোর শ্রীরূপদা আসার সময় নিয়ে আসবে"
রাজ বললে "না রে, আজ শুধু তোর হাতে বানানো লুচি আর আলুভাজা খাব, আর সাথে মচমচে করে ভাজা শুকনো লঙ্কা "
তিথির ততক্ষণে প্যালপিটেশন মাত্রা ছাড়িয়েছে । ক্লিনিকের এসিঘরের মধ্যে বসেও ঘামছে সে দরদর করে আর কিসের জন্যে যেন তার মনের চোখদুটি বেয়ে বয়ে চলেছে অবিরাম ধারা বর্ষণ ।

দিদির বাড়ি পৌঁছেই দিদির স্টাডিরুমে গিয়ে রাজ ল্যাপটপ অন করে দিল আর দিদি গেল লুচি ভাজতে । ট্যুইটারে, ফেসবুকে আর অর্কুটে রাজ সেদিনের স্টেটাস আপডেট করতে লাগল । 
কন্ট্রোল সি, কন্ট্রোল ভি.....কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স.... 


  banglalive.com এর  বিশেষ সংখ্যা "২৫শে বৈশাখ , আজ মম জন্মদিনে" ২০১১ তে প্রকাশিত   

use Internet Explorer -9  to view Bangla Font in Banglalive. 

১ জুল, ২০১১

রঞ্জনা আমি আর আসব না - একটি রিভিউ

আর সরকার প্রযোজিত এবং অঞ্জন দত্ত পরিচালিত ” রঞ্জনা আমি আর আসব না ” ছবিটি একটি মিউজিকাল বা গীতিনাট্যের মত । স্টোরি লাইনটিও নিঁখুত আর নীল দত্তের পরিচালনায় এই সিনেমার গান আবার বহুদিন মনে রাখবে আশির দশকের সুরস্রষ্টা এবং গীতিকার অঞ্জন দত্তকে । ছবির দুটো ঝাঁ চকচকে  দিক রয়েছে ; এক হল কলাকুশলীদের অভিনয় আর দুই হল নতুন শিল্পী সোমলতা আচার্যর রক সঙ্গীতে সাবলীলতা ।  উপরি পাওনা অতিথি শিল্পী মমতাশংকর এবং কবীর সুমনের উপস্থিতি । রঞ্জনার ভূমিকায় পার্ণো মিত্র তার অভিনয়ে, চালচলনে, এবং সর্বোপরি রকষ্টার রূপে নিজেকে মঞ্চে ঠিকঠাক চেহারার সাথে সাযুজ্য রেখে উপস্থাপন করেছে এবং আগামীদিনে বড় পর্দায়  পার্ণো  যে জ্বলজ্বল করবেন সে বিষয়ে সন্দেহ নেই । ২০০৮ এ মুক্তি পেয়েছিল হিন্দী   মিউজিকাল ছবি রক-অন । কিন্তু তা বোধ হয় অনেক কাঁচা হাতের কাজ বলে মনে হয় । RAAAN দেখে মনে হল শুধুমাত্র বাণিজ্যিক সাফল্যের নিরিখেই ছবিটি বানাননি অঞ্জন দত্ত । ছবি বানানো তাঁর নেশা এবং সেখানে তাঁর বানানো সঙ্গীতকে ঠিকমত শ্রোতার কানে পৌঁছে দেবার জন্যই এই ক্রিয়েটিভ মানুষটি চেষ্টা করে চলেছেন । বেছে নিয়েছেন উপযুক্ত কলাকুশলীদের এবং সঙ্গীত শিল্পী সোমলতাকে যারা এই ছবিটির জন্য তাদের কেরিয়ারে একটি উজ্জ্বল ভবিষ্যত গড়তে পারবে ।

সিনেমাটি শুরু হয় অঞ্জন দত্তের অসাধারণ গায়কীতে মেইন টাইটেল ট্র্যাকটি ” রঞ্জনা আমি আর আসব না ” দিয়ে আর শেষ হয় সোমলতার প্রাণ  উজাড় করে গাওয়া “তুমি আসবে বলে তাই ” গানটি দিয়ে । এই দুটি গানের জন্যই দর্শক ছুটে যাবে  সিনেমা হলে …এ আমার দৃঢ় বিশ্বাস ।  তবে রক সঙ্গীত বলতে আক্ষরিক অর্থে আমরা যা বুঝি তা “গানস এন্ড রোসেস”, “মেটালিকা”  কিম্বা “ডেথ মেটাল”  ব্যান্ডের মত হার্ড রক নয় । বাংলাভাষার ওপর পক্ষপাতিত্ব না করেই বলছি, অঞ্জন দত্ত এবং নীল দত্ত যে বাংলা রক সঙ্গীত যা সৃষ্টি করেছেন তা অনেক শ্রুতিমধুর এবং সংবেদনশীল ।
ছবির মুখ্য চরিত্র অবনী সেন যিনি বিগত ২৫ বছর ধরে দাপিয়ে মঞ্চে গেয়ে বেড়ান,  দস্তুর মত নিজে গান লেখেন এবং সুর করেন ।  স্ট্যানলি ওরফে কবীর সুমন অবনীর মৃত পত্নীর দাদা । উঠে এসেছে সেই সম্পর্কের ভিত্তিতে এবং গান বাজনার সান্নিধ্যে অঞ্জন্- কবীর সুমনের চিরাচরিত বন্ধুত্বের দাবী । অবনী বেপরোয়া, উত্শৃঙ্খল, মদ্যপ  এবং চেইন স্মোকার । ঠিক আর পাঁচটা ক্রিয়েটিভ রকষ্টারের মত । গান্, সুরা আর সিগারেট তার জীবন ঘিরে । আসন্নপ্রসবা স্ত্রীকে নার্সিংহোমে ভর্ত্তি করতে গেছিল মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে । যার ফল স্বরূপ মর্মান্তিক   দুর্ঘটনা কেড়ে নিয়েছিল স্ত্রী সহ শিশুটিকে । সেই থেকে অবনী নিজের চরিত্রকে সংশোধন করতে তো পারেননিই বরং তার হাতেই স্ত্রীর মৃত্যু বলে  স্ত্রীর শোকে হয়ে উঠেছেন আরো লম্পট এবং বেপরোয়া গোছের ।  এরমধ্যে কনসার্টে গিয়ে উদ্বোধন সঙ্গীত শিল্পী রঞ্জনার সাথে যেচে আলাপ করেন । তাকে রেকর্ডিংয়ের প্রলোভন দেখিয়ে, বাড়িতে থাকতে দিয়ে  ঠারেঠোরে বুঝিয়ে দেন যে তার সাথে গান নিয়ে কাজ করতে হলে দুটি সম্পূর্ণ পৃথক জীবন যাপন করতে হবে একটি হল যখনতখন তিনি মেয়েটিকে ভোগ করতে পারেন এবং অন্যটি গান নিয়ে এক্সপেরিমেন্টেশন । এদিকে রঞ্জনার এক মাসী ছাড়া আর কেউ নেই এবং নিজে গান লিখে বড় হবার আশা সে না করলেও অবনী তা প্রমাণ করতে দৃঢ়প্রতিজ্ঞ । কিন্তু অবনীর পার্সোনাল ইগো এবং নতুন শিল্পীর গানের লিরিককে ছোট করে দেখা,  আর সর্বোপরি তার মনের কোণের প্রচ্ছন্ন বেদনা তার স্ত্রীকে হারানো এর টানাপোড়েনে মানুষটি ক্রমশ ক্ষিপ্র থেকে ক্ষিপ্রতম হয়ে ওঠে । যার স্বীকার হয় বাড়ির সার্ভেন্ট এলভিস ওরফে কাঞ্চন মল্লিক এবং নবাগতা রঞ্জনা ওরফে পার্ণো ।  প্রত্যহ আকন্ঠ মদ্যপান এবং তার সাথে ড্রাগস এর হাতে চলে যাওয়া অবনী সেন মানুষটির হঠাত হঠাত সংজ্ঞা হারানো এবং বাড়িতে আর কেউ না থাকায় রঞ্জনাও একসময়ে অবনীর প্রতি দয়াশীল হয়ে ওঠে । অবনী সে কথা বুঝতেও পারে আর মেয়েটিকে অযথা শারীরিক প্রলোভন দেখানোও বন্ধ করে । বরং তার লেখা গানের লিরিককে আরো উন্নত মানের করে তাতে সুর বসিয়ে কেমন করে ভালো করে গাওয়ানো যায় সেই কথাই অবনীর একমাত্র ধ্যান জ্ঞান হয়ে ওঠে । এই প্রসঙ্গে বলি  “আমি বৃষ্টি দেখেছি” গানটিও বড্ড মিষ্টি লাগল শুনতে ।
অবনীর রকব্যান্ডের অনুষঙ্গ শিল্পীমন্ডলীর ভূমিকায় নন্দন বাগচী, প্রখ্যাত গিটারিস্ট অমিত দত্ত এবং লিউ হিল্ট ..এদের সকলের সাথেই রঞ্জনার গড়ে ওঠে একটা ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্ক । রঞ্জনা এবং তার গান তরতরিয়ে উঠে চলে অবনীর হাত ধরে । পার্কস্ট্রীটে একটি নাইটক্লাবে অবনী নিয়ে গেল রঞ্জনাকে । পারফর্মেন্স হল কিন্তু দর্শক-শ্রোতার হাততালি কুড়োতে পারলনা সে ।  কিন্তু অবনী তাকে দমিয়ে দিল না । কলকাতার রাস্তায় বেরিয়ে গানকে কেমন করে গান করে তুলতে হবে কেমন করে মানুষের মনে ছাপ ফেলতে হবে এই সব খুঁটিনাটি শিক্ষায় রঞ্জনার হাতেখড়ি শুরু হল । রেকর্ড কোম্পানীর সি.ই.ও মিঃ বক্সী ( আবীর চ্যাটার্জি) একটি মাত্র গানের সিঙ্গল এলবাম ও প্রযোজনা করেন রঞ্জনার মত অনাম্নী নবাগতা রকস্টারের জন্য । স্টার আনন্দ চ্যানেলের দীপাণ্বিতা অবনীর অনুরোধে এবং কাকুতিমিনতিতে সেই এলবামের প্রোমোশানের ব্যবস্থাও করে দেয় শুধু অবনী সেনের একনিষ্ঠ ফ্যান বলে । এইভাবে অবনী সেন নামক নামী রকষ্টারের ছত্রছায়ায় বাড়তে থাকে রঞ্জনা নামে উদীয়মান রকশিল্পী । কিন্তু একএকসময় সহ্যাতীত হয়ে ওঠে মদ্যপ অবনীর স্বেচ্ছাচারিতা । রঞ্জনা আশ্রয় নেয় একটি মেটাল ব্যান্ডে এবং মনস্থ করে সেখানেই গান  গাইবে । অবনীর লোকজন একটি মারপিটের মাধ্যমে ধরে আনে রঞ্জনাকে । এই মারপিঠটি বড্ড অহেতুক ও হাস্যকর লেগেছে ।
অবনী রকষ্টার হয়েও তার রবীন্দ্র প্রীতি থেকে সরে আসেন নি । সোমলতার কন্ঠে ” জাগরণে যায় বিভাবরী” গানটি আলাদা মাত্রা যোগ করেছে । মেটাল ব্যান্ডের ভোকালিষ্ট সানিকে রবীন্দ্র সঙ্গীত গাইতে বলে তিনি প্রমাণ করলেন যে রবীন্দ্র সঙ্গীতে হাতেখড়ি না হলে বাঙালীর সঙ্গীতসাধনা অসম্পূর্ণ থেকে যায় ।
অবনীর স্বাস্থ্যের অবনতি হতে শুরু করেছে আরো দ্রুত । ইতিমধ্যে ডাক্তারের কাছ থেকে একঘন্টার জন্য ছুটি নিয়ে বন্ধু কবীর সুমনের সাথে দেখা করতে গিয়ে তাকে না দেখতে পাবার শকটি হজম করতে পারল না অবনী । সবশেষে এক কনসার্টে নাম দেবার পরও যেতে পারলনা অবনী । তখন তার শেষ সময় । রঞ্জনা সেই কনসার্টে ” তুমি আসবে বলে তাই ” গেয়ে মাত করছে । অবনীর শেষ নিঃশ্বাস পড়ল চিরকালের মত । রঞ্জনার দুচোখে তখন অন্তঃসলিলা ফল্গু নদীর ধারা । আজ যার জন্য সে এত বড় হয়ে উঠেছে সেই নামকরা অবনী সেন ততক্ষণে তাকে ছেড়ে বিদায় নিয়েছে ।
এইভাবে ছবির প্রথম থেকে শেষ পর্যন্ত একজন সঙ্গীত প্রেমীর সঙ্গীতশিল্পী হয়ে ওঠার পেছনে অনেক টানাপোড়েনের গল্প থাকে , থাকে অনেক জীবনযুদ্ধের করুণ কাহিনী । দর্শকাসনে   বসে আমরা কেবল ঝকঝকে উপস্থাপনা দেখি, আলোর নীচে উদ্ভাসিতা শিল্পীটির আত্মপ্রকাশ আর নিজেকে ফুটিয়ে তোলার অদম্য চেষ্টা দেখি কিন্তু অনেককিছুই চাপা পড়ে যায় রূপোলী স্টেজ পারফর্মেন্সের ঝলকে যেগুলি সফল পরিচালক অঞ্জন দত্ত তুলে ধরেছেন “রঞ্জনা আমি আর আসবনা”য় । অন্যথায় একজন প্রথিতযশা শিল্পী কেমন করে উঠতি গায়িকাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেবার নাম করে কেমন করে তার সুযোগ নেন সেটিও চমতকার ভাবে ফুটে উঠেছে ।

২৯ জুন, ২০১১

বৃষ্টি-সহজাত

সেবার ছিল আমার প্রথম বৃষ্টিতে ভেজা । তরতর করে আমার স্কুলের ক্লাস এগুচ্ছে আর এগুচ্ছে আমার কৈশোর থেকে প্রথম বয়ঃসন্ধির  গোল্লাছুটের  দিনগুলো। বর্ষার মেঘের কাছে নতজানু হয়ে বলে চলেছি "একটিবার তাকে দেখব, সুযোগ করে দাও নীলমেঘ "
চুলোয় গেল পড়াশুনো, গিটার বাজানো, ছবি আঁকা । সেই পাশের বাড়ির ছাদে একবার দেখেছিলাম এলোচুলে সেই মেয়েটাকে । মামারবাড়ি এসেছিল নাকি ...দেবলা ঝি বলছিল মা'কে । বর্ষার প্রথম মেঘ ডাকানিতে অঙ্কখাতা ফেলে রেখে ছুট্টে গেছিলাম ছাদের আলসের ধারে , যদি তাকে দেখতে পাই ! খোলাচুলে,  আকাশ নীল  খড়কে ডুরে গাছকোমর দিয়ে বাঁধা , মনে হল নাকে ছোট্ট নাকছাবিও । দুধে আলতা পায়ের গোছে বিছুয়াও ছিল যেন । মায়েরা বলত " নাক মাটা মাটা চোখ ভাসা, সেই মেয়ে খাসা " ঠিক তেমনি হবে বোধ হয় । কি জানি এর আগে কোনো মেয়ের দিকে তেমন করে তো আর তাকাইনি । মায়ের গন্ধ তখনো আমার নাকে । সবে হাফপ্যান্ট ছেড়ে ফুল ধরেছি । 
বৃষ্টির বিরাম নেই সেবার । কিন্তু তার আর দেখা নেই । আবার মন ভারি করে পড়াশুনোয় মন । ছুটতে লাগল ফুটবলের বিকেল, গিটারের ক্লাস , উপপাদ্যের অনুশীলন আর বর্ষামঙ্গলের অপেক্ষা । হঠাত পাশের বাড়ি পুজোর আওয়াজ । পূর্ণিমার রাতে বৃষ্টি থামা ছাদে উঠে পায়চারি করছি । ছাদের আলসের কাছে যেতেই নূপুরের সিঞ্জিনি । ঐ বুঝি সে এয়েছে । কাছে যেতেই কোনো আওয়াজ নেই । মা বুঝি গেছে ঐ পাশের বাড়ির পুজোতে । কি যেন বলছিল সকালে মা । শান্তি স্বস্ত্যয়ন আছে সে বাড়িতে । মা ফিরে এল কিছুপরেই । সে চলে গেছে সকলকে ছেড়ে । মা বলল ।  ধূপ জ্বেলে পড়ার টেবিলে পা দোলাচ্ছিল । শাড়ি থেকে আগুণ এসে হঠাত তাকে নিয়ে চলে গেছে । নাইনটি পার্সেন্ট বার্ণ । 
আমি আমার চুপকথার গোপন দুপুরগুলোকে ঘৃণা করতে শুরু করলাম । মনে মনে বললাম, বৃষ্টি কেন পারলিনা সে আগুণ নেবাতে ?  এত ফোঁটা তোর আছে, এত জলভরা মেঘ থেকে ঝরে পড়লি, এত ভেজালি আমাকে তবুও পারলিনে তাকে আগলাতে  !

২০ জুন, ২০১১

" রঞ্জনা আমি আর আসব না "


"রঞ্জনা আমি আর আসবনা" গত শনিবার ১৮ইজুন আইসিসিআর হলে অঞ্জন দত্তের ৪র্থ বাংলা মিউজিকাল ছবি " রঞ্জনা আমি আর আসবনা " র প্রোমোশানাল রিলিজ অনুষ্ঠানের আয়োজন করেছিল সারেগামা এবং তারা মিউজিক চ্যানেল । পুরো টিম অর্থাত লিড বোকালিস্ট অঞ্জন দত্ত , তাঁর পুত্র নীল দত্ত, বেস গিটারে সঙ্কেত ভট্টাচার্য, এক্য়ুস্টিক গিটারে " হিপপকেট" খ্যাত অমিত দত্ত, ফিমেল ভোকালিস্ট সোমলতা আর ড্রামার ( নাম জানা নেই ) সকলেই উপস্থিত ছিলেন । যথারীতি অনুষ্ঠানের শুরুতে অঞ্জন দত্ত " পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেব বলেছে পাড়ার দাদারা, অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই, রঞ্জনা আমি আর আসবনা ..." বলতে বলতে মঞ্চ কাঁপিয়ে অবতীর্ণ হলেন ।  ঐ সিনেমার গান ছাড়াও বংকানেকশানের বিখ্যাত গান " মাঝিরে, ও মাঝি ( যেটি রূপঙ্কর ও শান গেয়েছিল ) অঞ্জন দত্ত এবং পুত্র নীল গেয়ে মাত করে দিলেন । দুই গিটার ও ড্রামের সহযোগে সোমলতার কন্ঠে রবীন্দ্র সঙ্গীত " জাগরণে যায় বিভাবরী" বেশ অন্যরকম লাগল । যদিও জিনস আর কেপরি তে সোমলতা বেশ স্বাছন্দ্য ছিল কিন্তু তার বিশাল লম্বা খোলা চুল একটু বিব্রত করছিল তাকে সে বিষয়ে কোনো সন্দেহ নেই । গিটারিস্ট অমিত দত্ত এবং অঞ্জন দত্তের যুগলবন্দী অনবদ্য লাগল সে দিনের সন্ধ্যায় ।   অনেকদিন ধরে ইচ্ছে ছিল অঞ্জন দত্ত মানুষটিকে দেখার । কারণ তিনি একাধারে গান লেখেন, সুর করেন, মিউজিক কম্পোজ করেন, অভিনয় করেন  আর সিনেমা পরিচালনা করেন । এই একজন মানুষ যে কত ক্রিয়েটিভ তা লক্ষ্য করে আসছি বিগত তিরিশ বছর ধরে । কিন্তু এই বয়সে ওনার জীবনীশক্তির তারিফ না করে পারিনা । সামনে থেকে দেখার বড় ইচ্ছে ছিল ।  সাধপূরণ ও হয়ে গেল । " রঞ্জনা আমি আর আসবনা " ছবিটির সাফল্য কামনা করি । ছবির ঘটনা, চরিত্রায়ণ কেমন জানা নেই তবে শুধু গানের জন্যে উতরে যাবে ছবিটি এ আমার বিশ্বাস ! 

৮ জুন, ২০১১

জামা-e-ষষ্ঠী

যষ্টি হাতে জামাইবুড়ো ষষ্ঠী খেতে চায়
টাকের ওপর ছত্র ধরে বুড়ো শ্বশুর তায় ।
কষ্টিপাথর ঘেমো টাকে বিন্দুবিন্দু ঘাম
আগুণ গরম ফলের বাজার আম-লিচু-কালোজাম ।
গুষ্টিশুদ্ধ শালাশালী ষষ্ঠীবুড়ির কৃপা
খুড়োর কলে জামাইবুড়ো মেজাজ ব্রহ্মক্ষ্যাপা
শ্বশ্রূমাতা পষ্টাপষ্টি মেসেজ দিয়ে খালাস
আগুণ বাজার e-ষষ্ঠী বাতিল তত্ত্ব-তালাস ।
সৃষ্টিছাড়া জামাইবুড়ো তুষ্টি খোঁজে নেটে
মিষ্টি হেসে শ্বশ্রূমাতা ওয়েবক্যামে সেঁটে ।
ফষ্টিনষ্টি শালাশালী কষ্টিপাথর টাক
জামাইবাবুর খরচা বাঁচে আনন্দ জয়ঢাক ।
গুষ্টি শুদ্ধ অনলাইনে চটরপটর চ্যাট
জামা-e-ষষ্ঠী তর্ক বৃষ্টি বকর বকম্‌ ভাট  ।

৩০ মে, ২০১১

জয় ইউনিকোডের জয়!


দেশ জুড়ে পরিবর্তনের হাওয়া । পালাবদলের দিনে গ্লোবালাইজেশনের ঝোড়ো হাওয়াও বাঙালীর তনুমন প্রাণ জুড়ে। একদিকে শপিংমল কালচার তো অন্যদিকে মাল্টিপ্লেক্স টেম্পটেশন । মোটাফ্রেমের চশমা থেকে স্লিক ফ্রেম , সৌখিন রিমলেশ থেকে রেসিলেন্স এবং অবশেষে কনট্যাক্টস । কে জানে থ্রিডি চশমাও বুঝি পরতে হতে পারে অদূর ভবিষ্যতে । শোনা যাচ্ছে থ্রিডি টেলিভিশনও আসবে ঘরে ঘরে । টুডি কম্পিউটার গেম ছিল বছর পনের আগে । এখন তো কচিকাঁচারাও থ্রিডি গেম দাপিয়ে খেলছে । নিজের অবতারের আইডেন্টিটিতে রীতিমত দাপিয়ে বেড়াচ্ছে এ গেম সাইট থেকে ও গেম সাইট । ইন্টারনেটের কৃপায় শুধু গেমদুনিয়াই নয় বিশ্ব আজ হাতের মুঠোয় । পশ্চিমবাংলায় শুধু রাজনৈতিক পরিবর্তনই হয়নি এবছর । দেরীতে কম্পিউটার এরাজ্যে প্রবেশ করেছে বটে কিন্তু শিল্প-সাহিত্য-কলার সনাতন পীঠস্থান কলকাতা তথা সারা পশ্চিমবাংলা আজ সাহিত্যচর্চায়, বাঙালীর আড্ডায় হেসে খলখল গেয়ে কলকল তালে তাল দিয়ে চলেছে আন্তর্জালে । প্রিন্ট থেকে টেলিমিডিয়া ও সেখান থেকে ডিজিটাল মিডিয়াতেও বাঙালির এখন সদা বিচরণ । বঙ্গবধূদের দ্বিপ্রাহরিক আড্ডা একসময় ছিল গঙ্গার ঘাটে । সেখান থেকে গঙ্গাজল পাতানো, স‌ই পাতানো, তাসখেলারও পালাবদল হয়েছে বিস্তর । কিটিপার্টি হয়েছে অবসোলিট । বঙ্গবধূর উত্তরণ হয়েছে আন্তর্জালের ডিজিটাল আইডেনটিটিতে । ঢুকে পড়েছে তথাকথিত গেঁয়ো বঙ্গ বধূ কাম জননী আজ যন্ত্রজালের নেট-গন্ডী পেরিয়ে বিশ্বের দরবারে । এক ঘেয়েমির হেঁশেল তাত থেকে মেলাঙ্কলির দুপুরগুলো আছড়ে পড়েছে নেট-অবকাশে ।
খোলা হাওয়ায় মুক্তি হয়েছে তার আলোয় আলোয়, আন্তর্জালে । ব্লগঘরে সন্ধ্যেপ্রদীপ জ্বালে সে এখন । বাঙালী সাবালকেরা যেমন বেকারত্বের মুক্তি পেয়েছে বিপিওর বাতায়নে । ঠিক তেমনি চিরাচরিত রোয়াকের আড্ডাও এখন পূর্ণতা পেয়েছে অর্কুটের কমিউনিটিতে, ফেসবুকের সবুজ ফুটকি জানলায় । অর্কুট বারান্দা থেকে ফেসবুক অলিন্দ, ব্লগের উঠোন থেকে ট্যুইটারে ঘুলঘুলি সর্বত্র বঙ কানেকশান বিরাজমান । রবীন্দ্রচর্চা ইউটিউবে । নজরুল ও অতুলপ্রসাদ ও বাদ নন । কে জানে কোন দিন হয়ত বা ইউটিউব জলসা চলবে সারারাত ব্যাপী । ওপর থেকে বাঙলার ভাষাবিদ সাহিত্যিকরা আশীর্বাদ স্বরূপ চিতকার করে বলছেন "জয় ইউনিকোডের জয়!" "জয় বাংলাভাষার জয়"! 
 ভাষার মেলবন্ধনের যোগসূত্রে আন্তর্জালে দুই বাংলা মিলে মেশে একাকার হয়ে গেছে । দুইবাংলার ভৌগোলিক সীমারেখা উধাও হয়ে গেছে বন্ধুতার আবেশে । অবাধ প্রবেশ এর ওর ব্লগঘরে, আনলিমিটেড ব্লগবাজি ব্লগের ডেরায় । নেই কোনো ছাড়পত্রের মানামানি, আছে প্রবেশের অধিকার ব্লগবন্ধু হয়ে সোশ্যাল নেটওয়ার্কিং এর হাত ধরে । ইউনিকোডের আওতায় বাঙালীর ব্লগাড্ডা তর্ক, গপ্পো সবকিছু ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশান্তরে । যৌথ পরিবার ভেঙে অণু পরিবার হয়ে যে বাঙালী একদিন একা হয়ে গেছিল আজ সোশ্যালনেটে সেই সামাজিকতা এখন তাকে পেয়ে বসেছে । একাকীত্ব ঘুচেছে । ব্লগঘর সাজিয়ে গুছিয়ে ব্লগ মিতেনীর জন্য বংকানেকশন ঝালিয়ে নিচ্ছে তারা আন্তর্জালে । ভাতের হাঁড়ি নামিয়ে স‌ইয়ের জন্য জিটকের সবুজ বাতিঘর জ্বেলে বসে আছে । নতুন প্রজন্ম বলছে :
আমপাতা জোড়াজোড়া ব্লগবাজিতে জাগবি তোরা । 
ওরে ব্লগার সরে দাঁড়া, মাতছে অর্কুট, ফেসবুক পাড়া । 
সারাদুপুর রকবাজি ভুলে ব্লগবাজিতে আর সারাপাড়া দলবাজিতে নয়, ব্লগবন্ধুদের টুইটুইটুইতে মেতে উঠেছে । ঝালেঝোলে অম্বলে বাঙালি সার্চ করছে হেল্থ-e ফুড। ব্লগকিচেন মাতছে সেই রসনায় । ব্লগার ডাক্তারবাবু ফেসবুকে স্টেট্যাস আপডেট করছেন হেলথ-e-টিপস্‌ এ । বং জ্যোতিষী জিটকে ক্লায়েন্টের e-কুষ্ঠির কাউনসেলিং করছেন । কালেকালে কতই হল বাঙালীব্লগার হল !!!

১৬ মে, ২০১১

ভোটপূজো শেষে

ভোটপূজোরই পরেপরে 
বৃষ্টি হবে তুমুল জোরে,
বেসামাল রাস্তাঘাটে 
বানভাসি কালীঘাটে..
গ্রামের ছেলে স্কুল যাবে কি?
স্কুলে গেলে বেঞ্চ পাবে কি ?  
বৃত্তি-পরীক্ষা পাশ  হবেকি ?
জলজমা পথ রদ হবেকি ?
জল-বাতি-পথ সুখ হবে কি ?
হাসপাতালে বেড পাবকি ? 
পবঙ্গে জব পাবকি?
কথারকথা কাজ হবেকি?
বেঘোরে প্রাণ যাবে নাতো ?
জয়েন্ট দিয়ে বাইরে নাতো?
সিলিকনময় সল্টলেকতো ? 
চাষও হবে, বাসও হবে,
শিল্প হবে, গল্প হবে 
তবেই হবে, গর্ব হবে
মনের সুখে বাঁচা হবে  !

১৫ মে, ২০১১

নতুন যুগের ভোরে

ভোটের উত্তেজনার পারদ তখন তুঙ্গে; ফ্রাইডে দ্য থার্টিন্থ , ২০১১ সালের মে মাসের গ্রীষ্মও তখন চরমে । পশ্চিমবঙ্গের পরিবর্তনের সুনামির পূর্বাভাস পাওয়া গেছে । ভোটপূজো শেষ। শুরু কাউন্টডাউন । আগের দিন কোলাহলমুখর কোলকাতা ছেড়ে রবীন্দ্র সরোবরে সূর্যাস্ত হব হব করছে । দু একটা পাখি নিজের মনে গান গেয়ে কুলায় ফিরছে । লেকের আকাশে লাল ফাগের শেষরেশটুকুনি ধীরে ধীরে নিয়ে চলে গেল সেদিনের সূয্যিটা । শুধু কৃষ্ণচূড়ার কুচোকুচো কমলার ফুলঝুরি আর হলদে বাঁদরলাটির ঝুলনমেলা তখন আকাশে আর লেকের জমা জলের গা ঘেঁষে সবুজ সবুজ কচুরিপানার ফাঁকে ফাঁকে দু একটা বেগনিরঙের ফুল যেন অনেক অনেক কাজের ফাঁকে একটু অবকাশ । লেকের ওপারে লম্বালম্বা সাউথসিটির দিক থেকে কুচোকুচো মিছরির মত সাদা আলোর চিকচিকে আভিজাত্য আর লেকের জলে রোয়িংক্লাবের গতিশীল দুএকটা স্কাল । এই ছিল সেই বিকেলে । আমরা হেঁটে চলেছিলাম লেকের জলের ধার দিয়ে , একটু ঠান্ডা হাওয়া মেখে সেই ঘামেভেজা বোশেখের গ্রীষ্মে । লেকের জলে বহুদিনের জমে থাকা শ্যাওলায় জলের বহমানতা কিছুটা হলেও রূদ্ধ ছিল সে বিকেলে । বাঁধানো সিমেন্টের চেয়ারে কত ভালোবাসা-বাসি চলছে তখন.. কলেজ ফিরতি পথে ঊনিশ-কুড়ির বানভাসি সন্ধ্যে নিয়ে, অফিস ফেরত মোনোটোনাস বান্ধবীর প্রতিশ্রুতি রাখায় ।
কেউ খুলে দিয়েছে ল্যাপটপ খোলা আকাশের নীচে । তার গানভাসি সাঁঝ তখন । আইপড কানে দিয়ে একমনে হেঁটে চরকিপাক খাচ্ছে কেউ । বেঞ্চেবসা ছেলেমেয়েগুলির জোড়ায় জোড়ায় একমন একপ্রাণ । গরমে নেই প্রেমের হেলদোল । পরিবর্তনের দোলাচলে প্রেমের বিরাম নেই । নেই সান্ধ্য অভিসারের বিরতি । অন্ধকার যত ঘন হয় প্রেম হয় ঘনিষ্ঠ ।
টিন-প্রেমের পরবে আহুতিপর্ব চলছে । ভালোবাসা ভাসছে লেকের জলে, ভালোবাসা উড়ছে লেকের হাওয়ায় । লেকের মধ্যিখানের একফালি আইল্যান্ডটিকে সেই মূহুর্ত্তে মনে হল সবুজদ্বীপের রাজার রাজধানী । আমি দাঁড়িয়ে আছি সেই সবুজদ্বীপে । সব অন্ধকারের ঘোর কেটে যাচ্ছিল। অন্ধকারের পরতগুলো ছিঁড়েখুঁড়ে আলো ঠিকরে আসছিল সেই দ্বীপের মধ্যে থেকে । দ্বীপের নাম টিয়ারং ... একটা ছবি হয়েছিল । মনে হচ্ছিল সেই সবুজদ্বীপকে এই নামটি দিলে বেশ হয় । একঝাঁক সবুজ টিয়া উড়ে ঐ আইল্যান্ডের ঝোপেঝাড়ে লুকিয়ে পড়ল ।আমার মনে হল জেগে উঠলাম রবীন্দ্রসরোবরের উপকূলে ।
নতুন বছরে আমাদের মেঘ সোনারতরীতে উঠেছিল " বাতিঘর এক সবুজ" নিয়ে । আমার হাঁটতে হাঁটতে কেবল মনে হতে লাগল ফেসবুকের সেই সবুজ ফুটকির কথা চুঁইয়ে পড়ছে সবুজ আলো সেই ছোট্ট ফুটকি দিয়ে । একে একে হাতবাড়িয়ে সক্কলের বাতিঘর তখন সবুজ আলোর ফোঁটায় দৃশ্যমান হল । মেঘের সাথে রোদ্দুর, বৃষ্টি অভ্র, আবীর, শুভ্র , শুভ সকলেই তখন মাত করছে ফেসবুকের আড্ডাঘর । আমিও সেই জনস্রোতে সামিল হয়েছিলাম । আড্ডাঘরে তখন সবুজ গন্ধ, নতুন গন্ধ । আমার একবার মনে পড়ে গেল পাঞ্জাবের সবুজ বিপ্লবের কথা । ভয় হ'ল একবার । পরেই মনটা বলে উঠল " হৈ হৈ বিপ্লব ? হোক !বাংলার সবুজ, বাংলার পথঘাট ভরুক সবুজ আনন্দের জোয়ারে । হুজুগে নয় । রবিঠাকুরকে মনে পড়ে গেল " আমি রূপে তোমায় ভোলাব না, ভালোবাসায় ভোলাব " ভোলাব স্বচ্ছতার আবীরে, সবুজে নয় । সন্ত্রাসের শিবিরে নয়, শান্তির আবহে । সুনামি হয়ে শিল্প আসুক! আয়লার ঝোড়ো হাওয়া উড়িয়ে নিয়ে চলে যাক বন্ধ্যা, নঞর্থক রাজ্যনীতিকে। বাংলা তুমি আবার এসো গো ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় ।
রবীন্দ্র সরোবরের লাগোয়া নজরুল মঞ্চে তখন কোনো এক বিদ্যামন্দিরের ছেলেমেয়েরা রবিপ্রণাম জানাচ্ছে " বাজে বাজে রম্য বীণা বাজে..." পরদিন অর্থাত ফ্রাইডে দ্য থার্টিন্থের প্রভাতফেরীর রিহার্সাল মনে হল !!!

৮ মে, ২০১১

"রবীন্দ্রসঙ্গীতে বাউলের প্রভাব"


 "রবীন্দ্রসঙ্গীতে বাউলের প্রভাব" এই প্রবন্ধটি  রবীন্দ্রনাথের জন্ম সার্ধশতবর্ষে   আটল্যান্টার "অঞ্জলি" ম্যাগাজিনে  (৭ইমে ২০১১) প্রকাশিত হয়েছে ।

৪ মে, ২০১১

জগন্নাথ বসুর "বেতারের কথকতা এবং"( আনন্দ পাবলিশার্স)


 জগন্নাথ বসুর "বেতারের কথকতা এবং"  ব‌ইটি পড়ে যারপরনাই ঋদ্ধ হলাম । বর্তমানের বাচিক শিল্পী জগন্নাথ বসুর অতীতের   কর্মজগত এবং তাঁর অভিজ্ঞতা, সহকর্মীদের সাথে সম্পর্ক আর সর্বোপরি আকাশবাণী ও দূরদর্শনের অনেক না জানা কথা উঠে এসেছে তাঁর লেখায় ।  ব‌ইটি  উতসর্গ   করেছেন তাঁর সহধর্মিণী শ্রীমতী ঊর্মিমালা বসুকে আর সেখানেও সেই মঞ্চে শ্রুতিনাটকের খুনসুটি অনুভূত হয় " না দেখলে র‌ইতে নারি , দেখলে কাটাকাটি এহেন....." গৌরচন্দ্রিকায় লেখনীর সাবলীলতা মুগ্ধ করে । তারপর সাদাকালোয়, লেখকের সংগ্রহের দুষ্প্রাপ্য সব  পুরোণোদিনের  ছবিগুলি  নিজের সংগ্রহে থেকে গেল এই ভেবে মনে হয় ব‌ইটির মূল্য মাত্র ১৫০টাকা কেন? তারপর শুরু হয় বেত্তান্ত । আকাশবাণী কেমন করে আকাশবাণী হয়ে উঠেছিল এবং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, পঙ্কজ কুমার মল্লিক এবং বাণীকুমারের মহিষাসুরমর্দিণি এই প্রোডাকশানটি কেমন ভাবে তৈরী হয়েছিল তা জানার সুপ্ত ইচ্ছে আমাকে এতদিনে তৃপ্তি দিল । কারণ আমি নিজেও এই প্রোডাকশানটির অন্ধ ভক্ত ।এই তিনজন প্রবাদপ্রতিম মানুষের জন্য তিনি উজাড় করে দিয়েছেন তাঁর শ্রদ্ধার ঝুলি আর এনারা যে কতবড় মানুষ হয়েও ভর্তি করতে পারেন নি তাঁদের প্রাপ্ত মর্যাদা  বারবার তাঁর লেখার মাধ্যমে উঠে আসে ।জানতে পারি পঙ্কজ মল্লিকের বেতারজগত থেকে অপসারণের  কাহিনী আর  স্বনামধন্য রবীন্দ্র সঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্রের  সেই শূন্যস্থানে স্থলাভিষেক । মহানায়ক উত্তমকুমারের মহালয়া তৈরী এবং সেখানে আবার বীরেন্দ্রকৃষ্ণের মহিষাসুরমর্দিণির জয়লাভ উঠে এসেছে । বীরেন্দ্রকৃষ্ণের উত্তমকুমারের প্রতি স্নেহ বিন্দুমাত্র ক্ষুণ্ণ না করে রোমান্টিক নায়কের সংলাপে  অজানা কথা "হাফনোটের" ব্যঞ্জনা আমাকে ভাবিয়ে তুলল ।
বেতার-নাটকের নেপথ্যের  কুশীলবেরা   কেমন করে তৈরী হয়েছিলেন এবং প্রতিনিয়ত তাদের সাথে ওঠাবসার সাথে নিজের স্মৃতির পাতা থেকে অজানা সব তথ্যের অবতারণা পাঠকমনকে আনন্দ দেয় । একজায়গায় উনি লিখেছেন " শ্রুতি এদেশের আদিমতম শিল্প" অর্থাত বেদপাঠ । আর সেই শ্রুতিশিল্পকে ভালবেসে সেই চারাগাছটিকে এতদিন ধরে লালন করে চলেছেন তাঁরা দুজনে তা তো আমরা দেখতে পাই বাচিক শিল্পী জগন্নাথ-ঊর্মিমালার শ্রুতিনাটকে ।  উঠে এসেছে সত্যজিত রায়ের সাথে আলাপচারিতার মাধ্যমে সঙ্গে তাঁর নাটকের প্রোডাকশান নিয়ে ওঠাবসা ও কতকিছু গবেষণার গল্প ।   মঞ্চ বা বেতারে সহশিল্পীদের অগ্রণী ভূমিকার কথা জানতে পারি আমরা "শব্দের দোকানি" অংশে।  এই মানুষগুলিকে নিয়ে কেউ কখনো কিছু লিখেছেন বলে আমি তো জানিনা ।  আর আছে নেপথ্যের প্রম্পটারদের কথা যারা না হলে নাটক মঞ্চস্থ হয় না অথচ তারা থেকে যান অধরা হয়ে । " দর্শক্ঃ দেবাঃ ন জানন্তি" পড়ে হাসতে হাসতে পেট ফেটে যায় । কারণ আমিও আম দর্শকের আসনে বসি । মঞ্চে গান করে থাকলেও নাটক? নৈব নৈব চ !  জগন্নাথদার  দর্শকের শ্রেণীবিভাগ এবং সিটে বসে তাদের আচরণ পড়ে মনে হল তিনি স্টেজে বসে সব কিছু লক্ষ্য করেন এবং অমন মনোজ্ঞ শ্রুতিনাটকও করেন !  "অন্যদেশে, বিদেশে"  বিভাগটি পড়ে মনটা ভারি হয়ে যায় । সরকারী ব্যুরোক্রেসির যাঁতাকলে তাঁদের মত মানুষেরাও যে আজীবন পিষ্ট হয়েছেন ভাবলে খারাপ লাগে । বেতার থেকে দূরদর্শনে এসে তাঁর অভিজ্ঞতার কথা আর নিজের সাথে প্রতিনিয়ত সংঘাতের কাহিনী পাঠকের আসনে বসে পড়ে চলেছি আমরা কিন্তু তিনি স্বয়ং কেমন করে সেই দুস্তর পথ অতিক্রম করেছেন তা বোঝা যায় । সম্পূর্ণ ব‌ইটিতে তাঁর আনন্দের মূহুর্ত হয়ত আছে পর্দার নেপথ্যে কিন্তু কর্মক্ষেত্রে খ্যাতনামা মানুষদের সঙ্গে তাঁর   সম্পর্কের টানাপোড়েন আছে প্রকটভাবে ।    সবশেষে একটাই কথা বলতে ইচ্ছে হয় , জগন্নাথ বসু কিন্তু অনেকের সম্বন্ধে অনেক কথা বলেছেন কিন্তু কোনো বিবাদের সুরে নয় , অপমানের ভাষায় নয় ঘৃণার শব্দে নয় । তাঁর লেখার মধ্যে রয়েছে সুপ্ত অভিযোগ, প্রচ্ছন্ন অভিমান আর আমলাতন্ত্রের ওপর বিতৃষ্ণা । 
যাইহোক গদ্যকার জগন্নাথ বসুকে শুভেচ্ছা এমন একটি ব‌ই লেখার জন্য ।আমরা ছোটবেলায় রেডিওতে বাবা মায়েদের নাটক শুনতে দেখেছি কিন্তু আমরা তো টেলিভিশনের যুগের টিনএজারদের দলে ছিলাম । তাই নাটক্, বেতার এবং দূরদর্শন কি এবং কেন সে সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম । ধন্যবাদ আমার বন্ধু মৌসুমী গুপ্তকে যে আমাকে এই বইটির কথা বলেছিল  আর একটি টিভি চ্যানেলের লাইভ টকশোতে জগন্নাথদাকে কথা দিয়েছিলাম ব‌ইটি পড়ে কেমন লাগে তা অবশ্যই জানাব,  তাই এই রিভিউ লেখা ।    আর এর পরের ভাগ আছে " বেতারের গ্রীণরুম" এ। সেটির অপেক্ষায় আছি । ভাগ্যি নেট ছিল এই খড়গপুরে তাই তো বাড়ি বসে বসে ফ্লিপকার্টে অর্ডার দিয়ে দু দিনে ব‌ই এসে গেল হাতে । আবার সাথে  কমিশান আর ফ্রি হোম ডেলিভারি । পরের ব‌ইটি আউট অফ মার্কেট.. এত বিক্রি হয়েছে বলে । ক'দিন বাদে হাতে পাব বলেছে তারা ।

২৯ এপ্রি, ২০১১

যদিদং হৃদয়ং


টেমস নদীর বাতাস আজ বড়ই সুখকর  । নদীতীরের শহর লন্ডনে  আজ রাজবাড়ির "শাহী-বিবাহ" অনুষ্ঠিত হ‌ইতেছে ।  রাণীমা এলিজাবেথের বড়নাতির বিবাহ । মাতৃহারা নাতি রাজকুমার উইলিয়ামের সহিত তার ইউনিভারসিটির আটপৌরে  সহপাঠিনী কেট মিডলটনের শুভ পরিণয়ে বাকিংহাম রাজপ্রাসাদের আকাশে বাতাসে ধ্বনিত হ‌ইতেছে সানাইয়ের অণুরণন । সর্বত্র উড়িতেছে ইউনিয়ান জ্যাকের নীলে লালে শুভেচ্ছা বার্তা । দশ বছরের ঘনীভূত প্রেম আজ পূর্ণতা পাইতে চলিয়াছে । চারিদিকে সাজোসাজো রব । পৃথিবীর  বিভিন্নপ্রান্ত হ‌ইতে নিমন্ত্রিত রাজদূতেরা আসিয়াছেন  । উপস্থিত পাঁচশত সংবাদগ্রাহকেরা । যাঁরা রাজকীয়তাকে অতি রাজকীয় করিবার জন্য আসিয়াছেন । রাজবাড়ির পারিবারিক সমারোহে মোট দুই বিলিয়ন দর্শক উপস্থিত হ‌ইয়াছেন । নবজীবনে প্রবেশের ঠিক পূর্ব মূহুর্ত্তে রাজকণ্যা সকলকে হাত নাড়িয়া অভিবাদন জানাইয়াছেন গতকাল যখন সে আইবুড়ো ভাত  খাইতে ছিল সেই ফাঁকে  পাত্র উইলিয়াম তার বন্ধুদের সহিত দক্ষিণ লন্ডনের ব্যাটার্সি পার্ক-প্রাঙ্গণে ফুটবল খেলিয়াছে ।
 বিমাতা ক্যামেলিয়া তা জানিয়া প্রমাদ গনিলেন " বিবাহের প্রাক্কালে কি প্রয়োজন খেলিবার্? " 
উপর হ‌ইতে গর্ভধারিনী  স্বর্গতঃ ডায়না  হুঙ্কার  ছাড়িয়া কহিলেন " উহুঁ উ উ!  না বিয়াইয়া কানাইয়ের মা আইলেন !"  আশীর্বাদ করিলেন " আহা ! উহারে একটু খেলিতে দাও! বিবাহের পর যে কিরূপ রাজকীয় মুষিক-দৌড় শুরু হ‌ইবে !  না জানি আমার ভাবী পুত্রবধূ উইলিয়ামের নাসিকায় দড়ি লাগাইয়া কতকিছু করাইবে!"    
"জানা আছে ! পনের বত্সরের  পুত্রটিকে তো ত্যাগ করিয়া চলিয়া গেলে , এতদিন তো এই আমিই ছিলাম তাহার সাথে; সেন্ট এন্ড্রুজ ইউনিভার্সিটি যাইবার সময় তাহার সেলফোন, রুমাল, টাই , ওযালেট আগাইয়া দিলাম । তাহার শুভ পরিণয়ের সংবাদ পাইবামাত্র চার্চে গিয়া বাতি দিলাম । এত বিশাল ঝক্কি সব একাহাতে সামলাইলাম আর উনি এখন উপর হ‌ইতে ফাঁকা মাঠে গোল দিতেছেন " উইলিয়াম-বিমাতা কহিলেন  
ডায়না বলিলেন " এ আর এমন কি ! "" রাজমাতা যদি সমর্থ হ‌ইতেন একা হাতে এই যজ্ঞ্যি সামালাইবার ক্ষমতা রাখিতেন" ক্যামিলিয়া বলিলেন " হ্যাঁ,  তাঁর তো বাতজবেদনা আর ক্ষণেক্ষণে স্মৃতিভ্রম বর্তমানে,  আর আজকাল রাজবাড়ির দাসদাসীরাও পূর্বের মত নাই । অতএব ফ্যাশন ডিজাইনার হ‌ইতে ভূষণ-পালিশ, সসেজের মশলার অনুপান হ‌ইতে কেকের ব্যাটার সবকিছুই আমাকে দেখিতে হ‌ইতেছে ।  তোমার কনিষ্ঠ পুত্র হ্যারি তো বধূমাতা কেটের ভগিনী পিপার পিছনে ছোঁক ছোঁক করিতেছে । কোনো কাজেই সে লাগিল না । আর তোমার আমার সাধারণ পতিদেব চার্লস মহাশয় তো বার্ধক্যের কারণে কিংকর্তব্যবিমূঢ় ! তিনি শুধু  একটি কাজ‌ই করিতে পারেন । পানশালায় অতিথিদের ঠিকমত পানসামগ্রীর  দ্বারা আপ্যায়ন হ‌ইতেছে কিনা আর এক আধ সুরাপাত্র চুক চুক করিয়া চুমুক দিয়া আমাকে আসিয়া ঘ্ন্টায় ঘন্টায় চুম্বন করিয়া চলিয়া যাইতেছেন । " 
ডায়না বলিলেন " এ আর নতুন কথা কি ? আমি থাকিলে এতটা না বাড়িলেও তাঁর ছোটপুত্রের মত তোমার পিছনে ছোঁক ছোঁক করিতেন ইহা তো সর্বজনবিদিত ।আমি কি সাধে পলায়ন করিয়াছিলাম ! ডোডির সাথে না পালাইলে আমার জীবন দুর্বিসহ হ‌ইয়া উঠিত এতদিনে " যাক আজ আমার গর্ভের প্রথম সন্তানের বিবাহ ;  এসব অলুক্ষুণে কথা বলিব না " 
এতক্ষণে রাজবাটির দাসদাসীগণ বাকিংহাম প্যালেস হ‌ইতে গায়ে হলুদের তত্ত্ব ল‌ইয়া ওয়েষ্টমিনস্টার এবে অভিমুখে যাত্রা করিয়াছে । বধূমাতার গোলাপী গাউনের সহিত জরির ফিতা বাঁধিয়া, শ্যানেল এইট শিক্ত করিয়া ; রৌপ্য রেকাবে হীরক খচিত ব্রোচ, বিবিধ মণিমুক্তার অঙ্গুরীয় , রতনচূড়, মানতাশা, ইত্যাদি অলঙ্কার ল‌ইয়াছে । কেহ বহন করিতেছে তাহার  কেশ সামগ্রী । কেহ তাহার প্রিয় খাদ্য । বাকিংহাম প্রাসাদের প্রহরীগণ উচ্ছ্বসিত । নতুন লাল পোশাক পাইয়াছে সাথে নতুন কালো লোমের টুপিও ।  রাণীর সভাকবি ক্যারল এন ড্যাফি "রিং" নামক    বিবাহের কবিতা লিখেয়াছেন । দশ নম্বর ডাউনিং স্ট্রীটের ল্যারি নামক বিড়াল ক্যাবিনেটের টেবিলে বসিয়া বিবাহ দেখিতেছে ।  সেও রাজবাড়ি হ‌ইতে গলায় বাঁধিবার  ইউনিয়ান জ্যাক ভূষিত ডিজাইনার বো উপহার স্বরূপ পাইয়াছে । বিবাহ সহ দীর্ঘায়িত অবকাশের সপ্তাহ শেষে লন্ডনের নরনারীগণের ফূর্ত্তি লক্ষ্য করা যায় পথিপার্শ্বের পানশালাগুলিতে । ফোয়ারা ছুটিতেছে সিঙ্গলমল্ট হুইশকির ; স্রোতের মত শ্যাম্পেন বহিতেছে । বিয়ারের ঝর্ণায়  সিক্ত হ‌ইতেছে হোটেলগুলির কার্পেট ।  বিয়েবাড়ির ভোজনশালায় নানা রকমের কেকবেকিং হ‌ইতেছে । রাজকীয় "হগ-রোস্টের" ম্যারিনেশন পর্ব চলিতেছে । একদিকে রাজকীয় বার্বিকিউয়ের ব্যবস্থা হ‌ইয়াছে ।   
জনা পঞ্চাশ রাষ্ট্রপ্রধান এবং দুইহাজার নিমন্ত্রিত অতিথির পদার্পণ হ‌ইয়াছে ।  মহিলা অতিথিদের  টুপির বৈচিত্র্যে বিবাহালয় বৈচিত্রময় হ‌ইল । কাহারো মস্তকে একগুচ্ছ গোলাপের চূড়া । কাহারো পাখির বাসার মত লিলিফুলের বেড়া, কাহারো আবার জরির প্রজাপতি । কেউ আবার রংবেরংয়ের পালক সাজাইয়াছেন মস্তকে । এদিকে লন্ডনের বাসন্তী মেঘলা আকাশ; ড্যাফোডিল ও ফুটিয়াছে । দু এক ফোঁটা বৃষ্টিও পড়িয়াছে উহার পাপড়িতে । আম জনতা পথ-উতসবে সামিল হ‌ইয়াছে । কেহ শিবিরে আশ্রয় ল‌ইয়াছে ,   নবদম্পতির মঙ্গল কামনা করিতেছে ।  অবশেষে রোলসরয়েসে চাপিয়া রাজপুত্র লাল পোশাকে  অবতরণ করিল । সাথে বরকর্তা  কনিষ্ঠভ্রাতা হ্যারি । রাণীমা আসিলেন  ডিউক অফ এডিনবরা , ফিলিপের সাথে  । ভ্রূযুগল ঈষত্‌ কুঞ্চিত । তাঁর পুত্র চার্লস সস্ত্রীক উপস্থিত হ‌ইলেন । কিন্তু বিবাহের বধূর দেখা নাই । ভোর ছয় ঘটিকায় শুরু হ‌ইয়াছে তাহার কেশ পরিচর্যা । পাঁচজন  বিশেষ কেশ বিশারদ আসিয়াছেন । 
রাণী এলিজাবেথ বলিয়া উঠিলেন " ঐ কেশ‌ই তাহার কাল হ‌ইল;   আমার বা উহার শাশুড়ি ডায়নার এরূপ তো দেখি নাই । আমাদের সময় এরূপ হ‌ইত না । ঐ জন্যই বলিয়াছিলাম  উইলিয়ামকে " যেমন-তেমন ঘর হ‌ইতে রাজবাটীতে মেয়ে ঢুকিলে সমস্যা হয় ! অমন প্রেম ঘনিষ্ঠতায় পূর্ণতা না পাইলেই নয়? তা পৌত্র আমার শুনিল না " 
চার্লস বলিল " আহ্‌, থাম না মা! যা হ‌ইয়াছে ভালোই তো " রাণী ক্রুদ্ধ হ‌ইয়া বলিলেন " মনে আছে ? আজি হতে তিরিশ বত্সর পূর্বে তোমারেও বলিয়াছি এতসব,  তুমি শুনিলে না , দেখিলে তাহার পরিণতি"   চার্লস হালকা হেসে বলিল  " থাক না মা আজ ওসব কথা "  
এরূপ বচসা হ‌ইতে হ‌ইতে যীশুর মন্দিরে পিতার হাত ধরিয়া প্রবেশ করিলেন রূপবতী কেট-কুমারী । সর্বশুভ্রা । মস্তকে হীরের টায়রা  পরিয়া এলোচুলে  । কানে হীরের দুল, গলায় হীরের ফুলফুল হার ।শুভ্র ফুল্ল কুসুমিত অর্কিড  হস্তে  ;  মুখ শুভ্র লেসের কারুকার্য করা উড়নিতে আচ্ছাদিত । ছিদ্র দিয়া সব দেখিতে পাইতেছেন কিন্তু তাহাকে কেহ স্পষ্ট দেখিতেছে না ।  সাদা ঘাগরার পিছনে যত্সমান্য রেশমী রেল । দেখিয়াই রাণি জ্বলিয়া উঠিলেন ।  
রুমালে চশমা মুছিয়া ভালো করিয়া দেখিলেন আর ফিলিপকে বলিলেন " আমি এত ঘটা করিয়া দ্বিপ্রাহরিক আহারের বিশেষ ব্যবস্থা করিলাম ।  আর আমার নাত-বৌ এর দাম দিল না ! বেনা ঘাসের অরণ্যে মুক্তা ছড়াইলাম ! হায় যীশু, তুমি কোথায়?"
 ফিলিপ বলিলেন " আহা, অত অধৈর্য্য হ‌ইলে চলিবে রাণী? অধুনাকালের পাত্রী, দিন বদলাইয়াছে । উহারা এখন বৈদ্যুতিন যুগ দেখিয়াছে ।  ফেসবুক করিতেছে । কত কত ডিজাইনারের পোশাক দেখিয়া শুনিয়া বানাইয়াছে ।  নতুন প্রজন্মের নরনারী এরা । তোমার সহিত তুলনা করিলে সংঘাত  হ‌ইবে। চক্ষু মুদিয়া যীশুর  প্রার্থণা কর । রাণি ভুলিবার নয় । বলিলেন " এমন জানিলে! অত মূল্যবান খাঁটি সোনার  হীরের অঙ্গুরীয় উহাকে না দিলেই হ‌ইত ! বানাইয়া দিলাম আমি "   
বিবাহ শুরু হ‌ইল । চার্চের আকাশ বাতাস ঘন্টাধ্বনিতে অণুরণিত হ‌ইল মেপলগাছের পাতাও শুনছে সেই শব্দ । বিউগ্‌ল বাজিতে শুরু হ‌ইল ।  সুরের মুর্ছনায় চার্চ মুখর । ক্যান্টারবেরী চার্চের ডিনের মধ্যস্থতায়  কেটের পিতা সম্প্রদান করিলেন । দুই হস্ত এক হ‌ইল । উইলিয়াম কেটের পাণিগ্রহণ করিলেন । কেটের চোয়াল দৃঢ় হ‌ইল । শপথ নিলেন বর-কনে । সম্মিলিত  প্রার্থনা সঙ্গীত হ‌ইল । ফিলিপ পৌত্রবধূর গর্বে গর্বিত পিতামহ । 
রাণিকে বলিলেন " দেখিলে রাণি? তুমি নাত-বৌয়ের নিন্দা করিতেছিলে , তোমার পুত্রবধূ  স্বর্গীয় ডায়ন র জন্য যে শপথ বাক্য " তোমার সকল আদেশ মানিয়া চলিব " পরিবর্তন করিতে হ‌ইয়াছিল , আমাদের নাত-বৌ  কিন্তু লক্ষীমেয়ের মত অবলীলাক্রমে তাহা উচ্চারণ করিয়া ফেলিল । দেখ এ আমাদের দেখিবে । সেবা করিবে । বড় বাধ্য মেয়ে । আমি উহার পিতামাতাকে জানাই"
রাণী বলিলেন " সাধে কি বলে  পুরুষের বুদ্ধি ! কদাপি মেয়ের প্রশংসা করিবে না, নতুন কুটুম মাথায় চড়িয়া বসিবে"  রাজবাড়ি প্রবেশ করুক তাহার পর যা বন্ধন দিবার আমি দিব । ভবিষ্যতের রাণী হ‌ইবার যোগ্যতা অর্জন করিতে হ‌ইবে না ? আমার যা শরীরের অবস্থা ! আমার উত্তরসুরীকে আমি স্বহস্তে লালন করিব "
চার্লস বলিলেন " মা, দেখ ডায়নাকে কেমন ধরিয়াছিলাম ! কেমন দীর্ঘকায় হ‌ইয়াছে আমার উইলিয়াম , বেশ মানাইয়াছে তাকে দীর্ঘাঙ্গী কেটের পার্শ্বে" 
এলিজাবেথ বলিলেন "  বাহ্‌, তুই না হয় নাতিদীর্ঘকায় ,  ভুলিয়া গেলি তুই কাহার পুত্র? তোর পিতার  উচ্চতার  জিনটি পাইয়াছে আমার নাতি " 
কলহের অবসান হ‌ইল । রাজরক্ষী আসিয়া রাণিকে গাড়িতে উঠিতে বলিলেন ।  দুধে আলতা পায়ে নতুন বধূ  লাল কার্পেটের উপর দিয়া চলিয়া চার্চের বাহিরে আসিল এবং ১৯০২ সালের প্রাচীন ঘোড়ার গাড়ি করিয়া বাকিংহাম রাজপ্রাসাদ অভিমুখে যাত্রা করিলেন ।  
রাজবাড়ির বারান্দায় , পোর্টিকোয়, অলিন্দে  চিলেকোঠার ছাদে এয়োস্ত্রীরা গল্পে, আলাপে আলোচনায় কত রঙ্গতামাশা করিতেছে । 
একজন বলিল " মডেলিং করা মেয়ে , দেখ আবার এ কেমন তর হয় ! "
 কেউ বলিল " " উইলিয়ামের কপালটা তার বাবার মত না হ‌ইলেই হয় , বিয়ের তারিখ দুজনের্‌ই ঊনতিরিশ " 
একজন স্মিত হাসিয়া বলিল " ইহারা নতুন প্রজন্মের বরকনে । দশ বছর ধরিয়া বাজাইয়া ল‌ইয়াছে " 
অন্য একজন খলখল করিয়া বলিয়া উঠিল " থামো থামো , মাঝে তো একবার ছাড়াছাড়িও তো হ‌ইয়া গেছিল"  
আরেকজন তো বলিয়া বসিল " কেনিয়ার গহন অরণ্যে তো সব হ‌ইয়া গেছে আজকের অনুষ্ঠান তো  প্রহসন মাত্র ।
এক রাজদাসী আসিয়া সংবাদ দিল " আসুন আপনারা বরকনে আসিয়া গেল্, উলু দিন, শঙ্খ বাজান"  
শ্যাম্পেন্-বৃষ্টি-ফোয়ারায়, হৃদয় বেলুন আকাশে উড্ডীয়মান । লন্ডনের  বসন্তে ড্য্যাফোডিল ফুটুক না ফুটুক শুভ পরিণয় সমাপ্ত হ‌ইল নিরাপদে । রাজ বারান্দা তখন চুম্বনময় !  
গুরুচন্ডা৯   ই-ম্যাগাজিনের  কূটকাচালি বিভাগ( ৩রামে, ২০১১) তে প্রকাশিত  

২৭ এপ্রি, ২০১১

অথ বিবাহ- উবাচ !

শুন শুন সর্বজন শুন দিয়া মন
রাণীর নাতির শাদীকথা করিব বর্ণন 
সেথায় পাত্র হল রাজপুত্র উইলিয়াম নাম
চার্লস-ডায়নার  জ্যেষ্ঠপুত্র , লন্ডন তার ধাম । 
অশীতিপর এলিজাবেথ রাণী সেথায় কর্ত্রী 
কেট নামে রাজকন্যা  নাতির পাণিপ্রার্থী
নাতবৌয়ের গাউন বানায় ডিজাইনার বুটিক 
সিকুয়েন্স, ফ্রিল, লেসের ঘটায় ঢাকিল রয়াল সিল্ক 
কেশবতী কেট কুমারী  ভাবিছেন বসিয়া
কেতার  কবরী বাঁধিব? না রাখিব কেশ খুলিয়া ? 
টায়রা শিরে রাখিব  নাকি পুষ্পে গাঁথিব মুকুট ? 
সোনার রিস্টলেট পরিব নাকি  শুধুই হীরের অঙ্গুঠ ? 
তালিম নিতেছে এখন সেথায় রাজবাটির গার্ডগণ
অসুস্থ হৈলেও কায়দা করিবে,  শিখিছে  সর্বখন ।
কোথায় হৈবে মধুচন্দ্রিমা কেনিয়া-সেশেলস-সিসিলি ?
প্যাপারত্জি পিছু নিবে তাই সত্য নাই বা বলি  !      
চতুর্দশ হীরকমন্ডিত বিশালাকার নীলা
এহেন  বিবাহ অঙ্গুরীয় পরিবে বধূবালা 
এটি পিতা চার্লসও যে ডায়নারে পরায়েছিল  
পরিয়া হতভাগীর বেঘোরে প্রাণ গেল  !
আমার দেশে নীলা যে বড় শুভ নয়
এ'কথাটি  রাণির কানে রাখিও নিশ্চয় ! 
এখনো সময় আছে ইমেল পাঠাও
ভনয়ে সোনারতরী রাণিরে জাগাও !

২৪ এপ্রি, ২০১১

তরাই তুমি


করিমগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক জনকন্ঠ, ২৪শে এপ্রিল ২০১১ 

২২ এপ্রি, ২০১১

জন্মদিনের চিঠি-মা'কে

স্বাধীনতার বছরতিনেক আগে, দিনটা ছিল ৯ইবৈশাখ ।
তুমি দেখেছিলে প্রথম ভোরের আলো,
কোলকাতার হাসপাতালে, তখন শ্বেতাঙ্গিনী নার্স ।
তোমার ধবধবে ফর্সা তুলতুলে হাত-পা, মাথাভর্তি কালো চুল
কপালে বাদামী তিল, চিবুকে কালো তিল, পিঠে লাল জড়ুল
কেউ নাম দিল তিলোত্তমা, কেউ ডাকল কৃষ্ণা কেউ গৌরী বলে ।
তুমি তখন ঘুম, ঘুম আর ঘুম !
সেই একরত্তিটি বাড়ি এলে, বাড়তে থাকলে কলে কলে আর বড় হলে 
তারপর স্কুল, গান খেলাধূলোর ফাঁকে ফাঁকে আর পাঁচটার মত ।
ভালোবাসার রূপকথা তৈরী হল তোমার  ।
তুমি তখন বেথুনসাহেবের কলেজে, আর সে চাকরীতে ।
লুকিয়ে দেখা চিলেকোঠার বিকেলগুলোয়, ছায়াছবির অন্ধকারে..  
তুমি তখন আটপৌরে ফুলিয়ার তাঁতে বছর ঊণিশ কি কুড়ি ।
পরিপাটী দুটো বেণী, হাতে সোনার চুড়ি 
তারপর একে একে সানাই, সিঁথিময়ূর, শাঁখ, উলুধ্বনি,
লক্ষীমেয়ে গুটিগুটি, চললে তুমি তার হাত ধরে 
তোমাদের সেই হুটোপাটি, ছাদের ওপর হাসিঠাট্টায়,
ঝুল বারান্দায় হাত ধরাধরি, কোলে এল ফুটফুটে দুটি ।
আজো সেই হাত ধরা তোমাদের; কত ঝড়ঝাপটার রেলিংএ
মনখারাপের কার্ণিশে আর সেই পুরোণো ছাদের প্যারাপেটে