৩০ জুল, ২০১২

উচাটন

আবার সেই উচাটন
আবার একলা আমার মন 
আবার সেই পথচাওয়াতেই 
কাটবে আমার  সর্বক্ষণ !
আবার সেই শিউলিঝরা
কাশফুলেতে মাতবে মন 
দেখতে দেখতে শুনতে পাব 
পুজো শেষের শীত কাহন!
আবার তখন আসবে ওরা   
দলবেঁধে সব রেলকামরা 
নতুন ধানের পরব যখন
সেই তো ওদের আসার ক্ষণ ।      

১০ জুল, ২০১২

কর‌ লো দুনিয়া মুঠ্‌ ঠি মে......

প্রথমে বেড়ানো ছিল রেলগাড়ি করে । কুঝিকঝিক করতে করতে বিশাল ট্রেনকে টেনে নিয়ে যেত স্টিম ইঞ্জিন । তারপর এল ইলেকট্রিক ট্রেন । ডিজেল থেকে বিদ্যুত উত্পাদন করে তা দিয়ে ট্রেন যা আমরা এখনো চড়ছি । তবে স্থান কাল পাত্রভেদে ট্রেনের জার্ণি বড্ড আরামদায়ক হয়ে ওঠে যখন রিজার্ভড আসন থাকে এবং ট্রেনটি পরিচ্ছন্ন থাকে । আশপাশের অনবরত বদলে যাওয়া দৃশ্যপট এই যাত্রার আনন্দকে আরো বাড়িয়ে তোলে । সেই সবুজ ধানক্ষেত বা গ্রামের চালাঘর কিম্বা দূরের সেই তালদীঘি কেমন যেন নস্ট্যালজিক করে তোলে । এখন সময়ের অভাবে ট্রেনে না গিয়ে হয়ত প্লেনে যেতে হয় আমাদের কিন্তু যে যাই বলুক ট্রেনে চলার সাথে সাথে কেমন যেন গ্রাম্যগন্ধ ওতোপ্রতোভাবে জড়িয়ে থাকে আর ষ্টেশন এলেই সেই চা'ওয়ালার ডাক কিম্বা নিষিদ্ধ সব ডিপফ্রায়েডের হাতছানি ? এখন চা ওয়ালার সফিষ্টিকেশন লেভেল অনেক ওপরে । ফোটানো চায়ের পরিবর্তে টিব্যাগ এসেছে । জনগণের কল্যাণার্থে, চা-কফির পাশে জায়গা করে নিয়েছে ঠান্ডা পানীয়ের বোতল ও খনিজলবণ সমৃদ্ধ পানীয় জল । মনে মনে ভালোলেগেও যায় এই সব দেখেশুনে । নিজের দেশটাকে কে না ভালো দেখতে চায় !
প্লেনে কেমন যেন একটু বেশি শহর-শহর গন্ধ । চেনা শহরটা হুস করে পেরিয়ে যাবার আগেই একফালি বিকিনি জানলায় চোখ রেখে একচিলতে নীল নদীটাকে সি অফ করে চলা । শহরের আলুলায়িত নীলচে সবুজ নিকেল সালফেটের মত ল্যান্ডস্কেপটাকে টপকে টপকে মেঘের মধ্যে দিয়ে ভাসতে ভাসতে মনে হত এই যে নীচের শহরটাকে দেখছি সেখানে কোথাও একটা বিন্দুর মত ক্ষুদ্রাতিক্ষুদ্র আমার বাড়ি । ভাবতে ভাবতেই নিমেষের মধ্যে হারিয়ে যেত আমার শহর, নীল নদী, সবুজ গড়ের মাঠ, সবুজ ঘেরা লেকের জল । মেঘের বাড়ির জানলা একে একে বন্ধ হয়ে যেত । পাইলট প্লেন ঘুরিয়ে দিত গন্তব্যের নিশানায় । আরবান ল্যান্ডস্কেপ, ব্যস্ত জীবনযাত্রা আমার চোখের আড়ালে তখন । প্রথম প্রথম প্লেনে উঠে মনে হ'ত সত্যি সত্যি এটা আমার শহর ছিল তো ! এছিল শেষ আশির দশকের ভাবনা ।
তারপর হাইরাইজ, শপিং মল আরো ঝকঝকে সবুজ ল্যান্ডস্কেপ্, ম্যানিকিওর্ড টাউনশিপের সবুজ, তারমধ্যে একরত্তি সুইমিংপুলের নীল প্লেনের জানলায় ধরা দিল । এরোপ্লেনে উঠে ককপিটে গিয়ে পাইলটের কেরামতি দেখা হত । দক্ষিণদিকে যাবার সময় পাইলট আর কেবিন ক্রু'কে রিকোয়েষ্ট করা হত বঙ্গোপসাগর এলেই জানান দিতে, যেন পুরীর মন্দিরকে ওপর থেকে একটা ঢিপ করে পেন্নাম করে নিতে পারি কিম্বা উত্তর দিকে গেলে বেনারসের কাশী বিশ্বনাথ মন্দিরকে । তখন পাইলটের দুনিয়া, প্লেন চালানোর কেরামতি আর ঐ এক স্কোয়ার ফুট জানলার মধ্যে দিয়ে নিজের দেশের খুঁটিনাটি ঐশ্বর্য্যটাকে তারিয়ে তারিয়ে উপভোগ করাটাই ছিল বিরাট আনন্দের । আর রোদঝলমলে দিনে হিমালয়ের মাথায় রূপোর ঝালর ? সেটা দেখলে মনে হ'ত প্লেনে চড়ার পয়সা উশুল । মনে মনে বিজ্ঞানকে ধন্যবাদ দিতাম ।
মুঠোফোনের দুনিয়াটা কেমন ধীরে ধীরে বদলে দিল জীবনকে ।
এল বেশ গোদামাপের মুঠোফোন । তখন এয়ারপোর্ট পৌঁছে বাড়িতে সংবাদ দেওয়াটা ছিল আরো রোমাঞ্চকর ব্যাপার । তারপর প্লেন ছাড়ার ঠিক আগের মূহুর্তে সেলফোন অফ করার আগে আরেকবার ফোন করে জানানো...  
এ কথাই শেষ কথা নয়তো!
তারপর সংক্ষিপ্ত বার্তাবিনিময় বা এসেমেস চালু হল । আরো সুবিধে হল । কম খরচে যোগাযোগ । মনে মনে বিজ্ঞানের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই ।
এবার রঙীন সেলফোন । স্লিম এন্ড ট্রিম । ক্যামেরাও আছে । ছবি তুলে এমএমএস পাঠানো যায় । অপব্যবহারে বেশী কাটতি হলনা এই এমএমএস প্রযুক্তির । মনে মনে বিজ্ঞানকে কটাক্ষ করলাম । 

টেলিফোনে সেলফোন প্রযুক্তির দুটি দিক আছে । একটি হল হ্যান্ডসেটের প্রযুক্তি আন্যটি হল সেলফোন পরিষেবার প্রযুক্তি । এই দুটি প্রযুক্তির মেলবন্ধনে গ্রাহক নানারকম সুযোগ সুবিধে পেয়ে থাকেন । গোড়ার দিকে সেলফোন পরিষেবার যে প্রযুক্তি ছিল সেটি ভয়েস বা কথা বহন করতে পারত । সেই যুগের হ্যান্ডসেটের প্রযুক্তি তা কেবল একটি রঙ ( মোনো ক্রোম্যাটিক) অক্ষর এবং সংখ্যা ( আলফা নিউমারিক তথ্য ) স্ক্রিনে দেখাতে পারত । এর পরে পরিষেবার প্রযুক্তি উন্নত হয়ে 2G বাঅ দ্বিতীয় জেনারেশনে পৌঁছল । এই 2G পরিষেবা (GSM বা CDMA)কথার সঙ্গে ডেটা বা তথ্য বহন করতে পারল ।


হাতের তালুতে সেলফোনটি নিয়ে কেন জানি বারবার মনে পড়ে যায়, কোনো এক টেলিকম কোম্পানির একদশকের পুরোণো সেই বিখ্যাত শ্লোগানটিকে.... "কর‌ লো দুনিয়া মুঠ্ঠি মে"
সত্যি তো এই মুঠোফোন পুরো দুনিয়াটাকে হাজির করেছে আজ আমাদের হাতের নাগালের মধ্যে । মোবাইলের জন্মলগ্নে তার আকৃতি ছিল বেশ বড়সড় । তারপর টেকনোলজির উন্নতির সাথে সাথে সেটিও স্লিম হতে শুরু করল ।
সেলফোন হল যন্ত্র । মোবাইল পরিষেবা তার যন্ত্রী । দুটিই উপচে পড়ছে কারিগরী কৌশলে । এ বলে আমায় দেখ তো ও বলে আমাকে । এই দুটি প্রযুক্তির মেলবন্ধনে গ্রাহক নানারকম সুযোগ সুবিধে পেয়ে থাকেন ।
গোড়ার দিকে সেলফোন পরিষেবার যে প্রযুক্তি ছিল সেটি ভয়েস বা কথা বহন করত । পরিষেবাটি 1G বা প্রথম জেনারেশান । সেই যুগের হ্যান্ডসেটের প্রযুক্তি কেবল একটি রঙ ( মোনোক্রোম্যাটিক) অক্ষর এবং সংখ্যা ( আলফা নিউমারিক তথ্য ) স্ক্রিনে দেখাত । এরপরে পরিষেবার প্রযুক্তি উন্নত হয়ে 2G বা দ্বিতীয় জেনারেশনে পৌঁছল । এই 2G পরিষেবা কথার সঙ্গে ডেটা বা তথ্য বহন করল । সমতুল্য ভাবে হ্যান্ডসেট প্রযুক্তি একরঙা স্ক্রিন এবং অক্ষর ও অঙ্কের যুগপত গন্ডী পেরিয়ে কম্পিউটারের মতন গ্রাফিকাল আইকন ব্যবহার শুরু করল ।
কিন্তু যেহেতু পরিষেবা প্রযুক্তি তথ্য বহনে সক্ষম সেই কারণে কিছু নতুন সুযোগ সুবিধে পেল গ্রাহক । যেমন এসেমেস এবং সীমিতভাবে ইন্টারনেট ব্রাউসিং ।
এইভাবে আন্তর্জালের সাথে মোবাইল ফোনের গাঁটছড়া বাঁধা হল ; মুঠোফোন হ্যান্ডসেট নির্মাতারা নতুন সুযোগ সুবিধে দেওয়া শুরু করল যেমন ব্রাউসিং এর সাথে সাথে ইমেল বা সোশ্যাল নেটওয়ার্কিং । অসুবিধে হল একটাই । এই সব আকর্ষণীয় সুযোগ সুবিধা ব্যবহার করতে গেলে যতটুকু তথ্য বিনিময় করতে হয় সেটি 2G পরিষেবা প্রযুক্তি সামাল দিতে পারল না । পরিষেবা প্রযুক্তি আরো একধাপ এগুলো ।
2G গন্ডী পেরিয়ে এইবার মাঠে নামল 3G বা তৃতীয় জেনারেশান মোবাইল পরিষেবা। 3G পরিষেবার বিশাল তথ্যবহনকারী ক্ষমতাকে উপযুক্ত কাজে লাগানোর জন্য হ্যান্ডসেট প্রযুক্তি উন্নত হল ; আইফোন এবং এন্ড্রয়েড ভিত্তিক মুঠোফোন বাজারে ছেয়ে গেল । এই আইফোন বা এন্ড্রয়েড ভিত্তিক স্মার্টফোনগুলি আদতে এক একটি ন্যানো কম্পিউটার যা ল্যাপটপ বা ডেস্কটপের তুলনায় কোনো অংশে কম নয় । 3G বা 2Gপরিষেবা ব্যবহার করে ইন্টারনেটের সমস্ত সুযোগ সুবিধে যেমন ফেসবুক, ইউটিউব, গুগল ম্যাপস, গুগল সার্চ , জি মেল, ট্যুইটার ও অসম্ভব মনোরঞ্জন কারক গেম গ্রাহকের হাতের মুঠোয় পৌঁছে গেল । 3G তথ্যবহনকারী ক্ষমতার পরিষেবা থাকলে সুবিধা বেশী কিন্তু পুরোণো 2G তেও কাজ চলতে লাগল । এই ক্ষুদ্রাতিক্ষুদ্র কম্পিউটারের দুটো অসুবিধে । তার ছোট স্ক্রিন আর ছোট কিবোর্ড । কিন্তু 'কুছ খোয়া কুছ পায়া' । কিন্তু কেয়া পায়া ?
যদি বলি "নখদর্পণ" ? কারণ কিবোর্ডের অভাবে এখন সমস্ত হ্যান্ড সেট নির্মাতারা অত্যাধুনিক টাচস্ক্রিন প্রযুক্তি এনে দিয়েছেন যার ফলে আঙুলের একটুকু ছোঁয়াতেই নদী-পাহাড়-সমুদ্র আমাদের নখদর্পণে ।
প্রাচীনকালে যে অলৌকিক বিদ্যার সাহায্য নিয়ে কোনো দূরের বস্তু বা ব্যক্তির প্রতিবিম্ব নিজের নখে প্রতিবিম্বিত করে দেখার গল্প শোনা যায় সেই কি এই প্রযুক্তি ?
তুফানি আড্ডার ফাঁকে, সেদিনের তিথি নক্ষত্র নিয়ে তুমুল তর্ক বেঁধে গেলে, সন্দেহ নিরসনের কায়দায় এই মুঠোফোনটি পঞ্জিকার ভূমিকাও পালন করতে পারেল হিন্দু ক্যালেন্ডার এপ্লিকেশনটির কৃপায় ।
"ইউরেকা" বলে জিতে গিয়ে বলেও দিতে পারেন "হাতে পাঁজি মঙ্গলবার" !
বেড়াতে গিয়ে সমুদ্রের ধারে সূর্যোদয় দেখার কাঙাল আমি । কিন্তু ভোরের ঘুমও যে ছাড়েনা দুচোখকে । তাই গুগল সার্চ করে টাইম এন্ড ডেট ডট কম থেকে সানরাইজ @ পুরী পেয়ে গেলাম আগের দিন রাতে । ঐ স্থানের সূর্যোদয়ের নির্ঘন্ট জেনে রেখে ঘড়িতে এলার্ম । ফলে সমুদ্রের ধারে গিয়ে ঘুমচোখে সূর্যদেবের আরাধনা করতে হ'লনা । আমি গেলাম সময়মত । উনিও টুক করে উঠে আমাকে দেখা দিলেন । রঙ ছড়াতে শুরু করলেন আকাশের ভাঁজে ভাঁজে । মনে মনে বললাম "ভাগ্যি স্মার্টফোন ছিলি আমার হাতে "!!!
কিন্তু গল্প এখানেই শেষ নয়, দিন আগত ঐ ! যদি ভারত সরকার সৌভাগ্যক্রমে 2G আইনিজট খুলতে পারেন তবে 4Gকে আমাদের স্বাগত জানাতেই হবে !!!
 

৪ জুল, ২০১২

উত্তরাখণ্ডের পথে পথে


 আনন্দবাজার পত্রিকার ইন্টারনেট সংস্করণের ভ্রমণ কলম "হাওয়াবদলে"  প্রকাশিত ১লা জুলাই ২০১২ 

২৯ জুন, ২০১২

উল্টোরথের সোজাপথে



রথ চলেছে সোজাসাপটা
আবহাওয়াটাই উল্টোপাল্টা
জগাদা তুই জীবন পাল্টা 
বাঁচবে তবে ভারত দেশটা।

কতশত আসে ঝড় ও ঝাপটা 
রথের রশির সজোর টানটা 
তবুও জগা সোজাসাপটা 
দেশের লোকের যচ্ছে প্রাণটা।

জগাদার চোখ গোলটা গোলটা 
মধ্যিখানে ছোট্ট বোনটা  
লাঙল কাঁধে এখনো ভাইটা 
ঠিক রাস্তায় চলছে রথটা ।   

তবুও বর্ষা উল্টোপাল্টা 
রথটা চলেছে সোজাসাপটা ।   
জগাদা রাখিস আমার মানটা
বিষ্টি না এলে যাবে যে প্রাণটা  । 

পোলাও-পায়েস-পাটিসাপটা
দামী শাটিনের রাজবেশটা 
হীরে জহরত উষ্ণীষটা 
নেইকাজ শুধু ছুটির ঘন্টা ! 

তবুওতো যদি করতে কৃপাটা 
বরত মানুষ, ঝরাত ঘামটা 
চাষীবৌ টেনে মাথায় ঘোমটা 
ভালো যদি হত চাষ-আবাদটা ।

কমে যেত তবে বাজার দরটা 
প্রাণ পেত তবে পাড়ার বুড়োটা 
সারাতো কেবল ভাঙাবাড়িটা 
ফেলে দিত বুড়ি মাটির হাঁড়িটা । 

২১ জুন, ২০১২

রথের পথের টুকরো আখর

 জগার কেরামতি দেখলাম ভোররাতে । নিজের চলার পথ ধুয়ে শুনশান্! কি স্বার্থপর রে বাবা! তারপর আবার যে কে সেই! সাধে তুমি ঠুঁটো! তোমার দুপাশের মানুষজনেরা তো স্বাধীন ভারতের রাষ্ট্রপতির মত। তোমার ইচ্ছায় কর্ম তাদের । তুমি না চাইলে চলবেনা, না বললে বলবেওনা । একজন তো সোমরসে চুর! কাঁধের লাঙল কাঁধেই থাকে । কাজের বেলায় তুমি। আরেকজন তো অর্জুনের সাথে পালালো..তাও তোমার প্ররোচনায় ! বাব্বা পারেও বটে । হাত নেই তাতেই একাই ১০০ ! হাত থাকলে না জানি কি হত!!!

কিন্তু আমি জগুদার খোদ পাড়ায় এবার গিয়েছিলাম । সেখানে তারা আমাদের ছুঁতেই দেবেনা জগুদার গা!  ফেল কড়ি মাখো তেল্! তবে কড়ি ফেললে জগুদার চ্যালারা মহা খুশি । যা চাইবে তাই করতে দেবে । বললে জগুদার সাথে তোমার সিনেমার টিকিটও কেটে দেবে । ঘষ্টে ঘষ্টে জগুদা তোমাকে নিয়ে হলে পৌঁছে যাবে । গায়ে গা ঠেকিয়ে বসবে এসি হলে । মিষ্টি মিষ্টি রসালো কথা ক‌ইবে । পকেটে প্যাঁড়া,  নিমকি,  খাজা-গজা সব দেখিয়ে বলবে বের করে নিতে । জগুদা বেঁড়ে লোক । চোখে একটু কম দ্যাখে এই যা । বড় বড় গোল্লা গোল্লা চোখ হলে যা হয় আর কি ! দূরদৃষ্টি বেশি কিন্তু কাছের লোককে একটু কম দ্যাখে । তাই আমাদের দেখতে পায়না । otherwise ঠিকঠাক সব ! 

বুঝতাম তুমি তেমন একটা কেউকেটা তাহলে তো তোমার নিদেন ফেসবুকে একটা একাউন্ট থাকত! আমরা সেখানেই জয় জগন্নাথস্বামী নয়নপথগামী বলে চিত্কার করে মরতাম ! তাহলে আর তুমি কি জগদ্বিখ্যাত্! না আছে ফেসবুকে তোমার একটা সেলিব্রিটি পেজ, না আছে নিজস্ব প্রোফাইল ।সারাদিন নিজের স্নান্, ভৃঙ্গার্, শৃঙ্গার আর একশো আট রকমের মন্ডা মিঠাই, বত্রিশ রকমের ভাজাভুজি আর ছাপ্পান্ন ব্যঞ্জন খেতেই ব্যস্ত! দুনিয়াটা দ্যাখো জগাদা! কত দিন বলেছি তোমায়!  Go digital these days! নয়ত এতদিনের ব্র্যান্ডের ব্যান্ড বাজানোই বৃথা !  


ব্রহ্মসত্য জগত মিথ্যে !
সকাল সকাল উঠে সাজতে গুজতে দোল ফুরোল । সংসার, বিশ্ব ব্রহ্মান্ড রসাতলে গেল । আর তিনি কিনা ভাইবোনকে বগলে করে বেড়াতে চললেন্! আদিখ্যেতা যত্তসব্! আর আমি একলাটি র‌ইনু পড়ে ঘরের কোণে । মাসীর বাড়ি যাবার আর সময় পেলনা? শেষ  একমাস সেই চানযাত্রার দিন থেকে দরজা বন্ধ করে বসে আছেন বাবুরা সব্! মুখ দেখাদেখি বন্ধ দুনিয়ার সাথে ।    কি না জ্বর এয়েচে ওনার । জ্বর যেন কারো হয়না । ভালো ভালো সব খাবার খাব অথচ একটা প্যারাসিটামল বড়ি গিলবনা  ! কিনা ওষুধ খেতে বমি পায় । বোঝো ঠ্যালা । আসলে কাজে ফাঁকি দিয়ে দরজা বন্ধ করে একমাস ধরে এই প্যাকেজ ট্যুরের প্ল্যান করে তিনটিতে মিলে । ধড়িবাজ ননদ আমার । উনি নাকি সুভদ্রা । আদৌ ভদ্রতা জানে কি ? নয়ত প্রতিবার যাবার আগে আমাকে একটিবারও বলে না যে বৌদি এবারটা চলো আমাদের সাথে ।
আর  তেমনি চালাক আমার ভাসুরটাও । ভালো ভালো রান্না খেতে ইচ্ছে হলে বৌদি । আঙুরের রস করে দেবার বেলায় বৌদি । কাট্‌গ্লাসের সুরাপাত্র কিনে আনার বেলায় বৌদি । ফ্রিজে বরফ বসানোর বেলায় বৌদি । আর সেই বৌদিটাকে এখন মনে পড়েনা !
আসলে পালের গোদা তো ঐ ঠুঁটো বুড়োটা ।   তার কত্ত বায়না সামলাই এই আমি ঘেটো মড়া মেয়েছেলেটা ।  একশো আট রকমের হালুয়া, বত্রিশ রকমের মুচমুচে নিমকি , ছাপ্পান্ন রকমের পদ । সব ঠিকমত হচ্ছে কি না সব তদারকি করি সারাটি বছর ধরে ।
আর আমার বেলায় আমড়ার আঁটিও জোটে না একটা । পরের বছর থেকে আমার রথ চাই এই বলে দিলুম মিনসে!  নয়ত দেখব কে তোমাকে রথে চড়ায়!  আর মাসীটাও হয়েছে তেমন যত তেল দেয় এই বোনঝি-বোনপো তিনটেকে । সারাবছর তো এরা মাসীকে ঝিঙের বাড়ি মারলেনা তবুও বোকা মাসী শাশুড়িটা আমার এলাহি আয়োজন করবে এদের জন্যে সাতদিন ধরে ।

১১ জুন, ২০১২

বিপন্ন বাঁশবেড়িয়ায়

-->
কোলকাতা ছেড়ে আমরা তখন বিটি রোড ধরেছি । হুগলীর বাঁশবেড়িয়ায় আমার শ্বশুরমশাইয়ের পিতামহ শ্রী সত্যচরণ মুখোপাধ্যায়ের তৈরী বসতভিটে পরিদর্শনে । একে একে পেরোলাম বালি, উত্তরপাড়া, কোন্নগর, ভদ্রকালী, রিষঢ়া, শ্রীরামপুর পেরোতে পেরোতে জৈষ্ঠ্যের রোদ তখন প্রায় আলম্ব মাথার ওপর । তারমধ্যেই শহরতলীর বাজারে হৈ হৈ করে বিকোচ্ছে আম-কাঁঠাল-লিচু । রবিবারের সরগরম বাজারে ঠা ঠা রোদেও বিকিকিনির খামতি নেই ।
জিটি রোড ছেড়ে এবার পুরোণো দিল্লী রোড ধরে সোজা মগরা হয়ে বাঁশবেড়িয়া । হংসেশ্বরী রোড ধরে রঘুদেবপুরে থামা ।
দেড়শো বছরের পুরোণো মুখুজ্যে বাস্তুভিটে এখন জঙ্গলাকীর্ণ । লোকাল ক্লাব, লোকনাথ বাবার মন্দির গড়ে উঠেছে এই জমিতেই । 

দোতলাবাড়ি ভেঙে গেছে বহুদিন আগেই ।জানলা দরজা ভেঙে ভেঙে নিয়ে গেছে কেউ । কড়িবরগার ছাদের নীচে একতলায় বাস করছে তিনটি পরিবার । পাশে দুটো পুকুরে এখনো জল থৈ থৈ । সংলগ্ন বাড়ি উঠেছে আমাদের জমির ওপর দিয়েই । প্রকান্ড বাড়ির সামনে বারমহল এখনো কিছুটা ভগ্নাবস্থায় দাঁড়িয়ে । পাশে ছিল উঁচু করা খানিক জমি যেখানে প্রতিবছর জগাদ্ধাত্রী পুজো হত ।
এখন পরিত্যক্ত ভিটের কুলুঙ্গিতে চামচিকের আনাগোনা । ক্লান্ত দুপুরে এ ভিটে হয়ে ওঠে নিঃসঙ্গ কুবো-ঘুঘুদের ছায়াসাথী ।  পোড়া ইঁটের সুরকি নিয়ে রান্নাবাটি জমিয়ে দেয় পাড়ার ছোট ছেলেমেয়েরা ।  বারমহলের লবি চু-কিত্কিত প্রেমীদের অবারিত দ্বার ।  


 এরপর যাওয়া হল হংসেশ্বরী মন্দির ।  


পুরোণো হুগলীজেলার শিল্পনগরী ব্যান্ডেল এবং ত্রিবেণীর মাঝামাঝি অবস্থিত হংসেশ্বরী মন্দির । রাজা নৃসিংহদেব রায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীকালে ওনার বিধবা পত্নী রাণী শংকরী সেই কাজ সমাপ্ত করেন । হংসেশ্বরী মন্দিরের অদ্ভূত গড়ন । বাংলার অন্যান্য মন্দিরের থেকে ভিন্নরকমের । পঞ্চতল এই মন্দিরে তেরোটি উঁচু মিনার আছে যাকে বলে রত্ন । প্রতিটি মিনার যেন এক একটি প্রস্ফুটিত পদ্মের আকৃতিতে তৈরী । হংসেশ্বরী মন্দিরের গঠনশৈলীকে বলা হয় তান্ত্রিক সাতচক্রভেদ ।


 পাশেই অনন্ত বাসুদেবের মন্দিরটি ও নজর কাড়ে । সেটি বাংলার চালাঘরের আদতে পোড়ামাটির তৈরী । গায়ে টেরাকোটার অভিনব স্থাপত্য ।নিঁখুত কারুকার্য এই টেরাকোটার । কোনোটিতে রাধাকৃষ্ণ, কোনোটিতে দশাবতার, কোনোটিতে হনুমান । 


 এই দুই মন্দিরই এখন আরকিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে ।কাছেই ত্রিবেণী হল তিন নদী গঙ্গা, সরস্বতী ও বিদ্যাধরীর সঙ্গমস্থল । কিন্তু সরস্বতী নদী মজে যাওয়ায় দুটি নদী এখন দৃশ্যমান ।
মন্দির এবং সংলগ্ন জমিদার বাড়ীর পুরো চৌহর্দির সীমানা বরাবর পরিখা খনন করে সুরক্ষিত করা রয়েছে এখনো ।

২৭ মে, ২০১২

শ্রীমান তীর্থরাজ এবং জলপরি


  (আনন্দবাজার পত্রিকা, শনিবার, ২৬শে মে ২০১২, ওয়ানস্টপ ভ্রমণের কলমে প্রকাশিত)  
বিলাসপুর থেকে ভাড়ার গাড়িতে উঠে যাত্রা শুরু মধ্যপ্রদেশের অনুপপুর জেলার অমরকন্টকের উদ্দেশ্যে । মন্দিরময় পুরোণো শহর অমরকন্টক যার আরেক নাম তীর্থরাজ । যেখানে ভারতের দুই উল্লেখযোগ্য পর্বত বিন্ধ্য এবং সাতপুরা মিলিত হয়েছে মৈকাল পর্বতের সাথে । আর সেই অমরকন্টক হল নর্মদা এবং শোন নদীর উত্পত্তি স্থল ।
এই সেই নর্মদা নদী যে নাকি মৈকাল পর্বতের কন্যা । ভরা বর্ষায় তার জল থৈ থৈ রূপলাবণ্য নিয়ে পূব থেকে পশ্চিমে প্রবাহিত হয়ে গাল্ফ অফ খাম্বাতে গিয়ে তার আত্ম সমর্পণ । তার এই যাত্রাপথের সঙ্গী হয়েছে কত কত উপনদী, মিলিত হয়েছে তার সাথে হিরণ, তিন্ডোনি, কোলার, হাথনী, গোয়ী, তাওয়া, এবং গাঞ্জাল.. বন্ধুনদী হয়ে তার কোলে এসে পড়েছে । স্থান দিয়েছে তার তীরে কত কত কোল-ভীল-কিরাট-ব্যাধ উপজাতিদের । যাদের লালনে শিবমহিমা ব্যাপ্ত হয়েছে নর্মদার তীরে তীরে । মন্দির প্রতিষ্ঠা হয়েছে সেই অমরকন্টককে ঘিরে । নর্মদা যার উত্পত্তিস্থল । মহাকবি কালিদাসের রচনায় অমরকন্টককে "অমরকূট" বা যে পাহাড়ের শৃঙ্গের বিনাশ হয়না কিম্বা "আম্রকূট" বা যে পাহাড়ের চূড়া আমগাছের প্রাচুর্য্যে সমৃদ্ধ বলে আমরা জানি । নর্মদার একরাশ পাহাড়ী ঝোরায় মাঝেমাঝেই লুকিয়ে পড়া আর হঠাত হঠাত তার কলকল শব্দে গহিন জঙ্গলে বয়ে চলা দেখে মনে হল পাহাড় আর নদীর এই লুকোচুরি, নর্মদার তিরতির করে ঝরে পড়া কিম্বা দুধ-সাদা ফেনিল জলরাশির মধ্যে যে আনন্দ তা কিশোরী বালিকা বা যুবতীর হাসির মতই স্বতস্ফূর্ত এবং সাবলীল ।
অমরকন্টকের প্রাচীন মন্দিরগুলি পুরোণো ভারতীয় মন্দিরের ঐতিহ্য বহন করছে । অসাধারণ সুন্দর তার স্থাপত্য । কলচুরি মহারাজ কর্ণের আমলে তৈরী এই মন্দিরগুলি । সপ্তরথের আকৃতি বিশিষ্ট একটি শিব মন্দির রয়েছে যার তিনটি গর্ভগৃহ । একে বলে কর্ণ মন্দির । অমসৃণ লাল পাথরের তৈরী । কর্ণমন্দিরের উত্তরে ১৬টি স্তম্ভ বিশিষ্ট মাছেন্দ্র নাথ মন্দির । এছাড়া রয়েছে পঞ্চরথের আকৃতি বিশিষ্ট পাতালেশ্বর মহাদেও মন্দির । কেশব নারায়ণ মন্দির । ঠিক পাশেই রয়েছে সূর্যকুন্ড । কথিত আছে, একসময় নর্মদা এই স্থান থেকে উত্সারিত হত এবং তাই মহারাজ কর্ণদেব মহাভারতের ৩০০০বছর পর এই সূর্যকুন্ডটি এবং সংলগ্ন পাতালেশ্বর শিবমন্দিরটি প্রতিষ্ঠা করেন। কুমারী নর্মদাকে আশ্রয় দেবার জন্য একটি প্রাসাদ তৈরী করা হয় যার নাম রঙমহল ।
পুরোণো মন্দির দেখে এবার গন্তব্য নর্মদা উত্সস্থল বা নর্মদা-উদ্‌গম এবং যাকে ঘিরে রয়েছে একটি বিশাল কুন্ড ও তার আশেপাশে একরাশ নতুন মন্দির । রাজকীয় প্রবেশদ্বার এই মন্দিরের। এখন নর্মদার উত্সমুখ জলের ১২ফুট নীচে যেখানে নর্মদেশ্বর শিবলিঙ্গ রয়েছেন । মহাদেবের স্বেদগ্রন্থি থেকে সৃষ্ট এই নর্মদা । বছরে দু-একবার কুন্ডের পিছনে দরজা খুলে জল ছেঁচে ফেলে দিয়ে আবার কুন্ড ভর্তি করে দরজা বন্ধ করে দেওয়া হয় । সেই সময় নর্মদেশ্বর এবং তার মন্দিরে প্রবেশ করা যায় ।
নর্মদার উত্তরতীরে কপিলধারা জলপ্রপাত যেখানে মহামুনি কপিল তপস্যা করে সিদ্ধিলাভ করেছিলেন । কপিলধারা থেকে ১কিমি পশ্চিমে রয়েছে দুগধারা জলপ্রপাত । ঋষি দুর্বাসা এখানে তপস্যা করেছিলেন । এছাড়াও রযেছে ঘন জঙ্গলের মধ্যে শম্ভূধারা এবং দুর্গাধারা জলপ্রপাত । ঝরণার অবলীলায় ঝরে পড়া আর পাহাড়-মাটী-নদীর এত সুন্দর সখ্যতায় অমরকন্টক যেন হয়ে উঠেছে চির নবীন । নদীর উচ্ছলতায় পাহাড় যেন কথা বলে ওঠে এখানে ।
ভার্জিন নর্মদা সুন্দরীর যৌবনপ্রাপ্তি এই অমরকন্টকে । কুমারী নর্মদা তখনো মা নর্মদা হয়ে ওঠেনি । প্রাচীন মন্দিরের কিছু দূরেই পড়ে মাই-কি-বাগিয়া যেখানে রয়েছে চর্ণোদক কুন্ড । ঘন অরণ্যের মধ্যে ফল ও ফুলগাছের ছায়া সুনিবিড় ইকোসিস্টেমে কুমারী নর্মদা স‌ই পাতিয়েছিল গুল-ই-বকোয়ালি ফুলের সাথে । অসাধারণ সুন্দর দেখতে এই ক্যাকটাসের ফুল । নর্মদার জোলো হাওয়ায় গভীর অরণ্যে ফুটে থাকে এই ফুল যার বৈজ্ঞানিক নাম এপিফাইলাম অক্সিপেটালাম। হিন্দীতে বলে নিশিগন্ধী বা গুল-ই-বকোয়ালি । এটি একটি অত্যাশ্চর্য বনৌষধি ।
যাইহোক আমরা হলাম পরিদর্শক । কুমারী নর্মদা আর গুল-ই-বকোয়ালির সখ্যতায় গড়ে ওঠা মা-কি বাগিয়া দেখে নিলাম চটপট । হোম, যজ্ঞ, পূজোপাঠ চলছে মহা ধূমধাম করে । খুব নাকি জাগ্র্ত এই স্থান ।
কিন্তু শীতে ফুলবন্ধুটির দেখা পেলাম না । মার্চমাসে আবির্ভাব হয় তার ।
মা কি বাগিচার ১ কিমি দক্ষিণে যাওয়া হল শোনমুডা বা শোন নদীর উত্সমুখ দেখতে । এটিকে অমরকন্টকের স্বর্গ বলা হয় । ব্রহ্মার বরপুত্র শোন । রাস্তা থেকে কিছুটা নেমে গিয়ে দেখা গেল একটি হনুমান মন্দিরের গায়ে শোনমুডা বা শোন নদীর উত্পত্তিস্থল । এখান থেকে অতি শীর্ণকায় শোন পাহাড়ের গা বেয়ে কিছুটা এগিয়ে তারপর প্রেসিপিসের ওপর দিয়ে পাহাড় থেকে লাফ মেরে নীচের উপত্যকায় জলপ্রপাত হয়ে ঝরে পড়ে বেরিয়ে চলে গেছে উত্তর দিকে সুদূর গঙ্গার সাথে মিলিত হবার জন্য । আশ্চর্যের ব্যাপার হল যে দুটি বড় নদী এত নিকটবর্তী স্থান থেকে উত্সারিত হয়ে দুটি দুদিকে বয়ে চলে গেছে । নর্মদা আরব্যসাগরের দিকে আর শোন উত্তরদিকে গঙ্গার মধ্যে দিয়ে বঙ্গোপসাগরের দিকে । প্রকৃতির এই ভৌগোলিক খেয়ালকে পুরাণে এক বেদনাদায়ক কাহিনীর মধ্যে লিপিবদ্ধ করা আছে । সেখানে বলা হয় নর্মদার সাথে শোনের বিবাহ নাকি কোনো কারণে বাঞ্চাল হয়ে যায় । আজীবনকাল এইভাবে নর্মদা ও শোন একে অপরের থেকে মুখ ঘুরিয়ে রয়েছে ।
ছোটবেলা থেকে যে মান্ধাতার কথা আমরা শুনে আসছি সেই পৌরাণিক সূর্যবংশীয় রাজা মান্ধাতা আনুমানিক ৬০০০ বছর পূর্বে অমরকন্টকের নিকটবর্তী ঋক পর্বতের গায়ে রাজত্ব করতেন । এও শোনা যায় যে মান্ধাতার পুত্র পুরুকুত্সার রাণী নদী নর্মদার নামকরণ করেছিলেন । তবে ইতিহাসে এর কোনো উল্লেখ নেই । 
 

১৩ মে, ২০১২

"রাজা লিয়র"



 "ভগবান আপনাদের কি বার্ধক্য আসেনা না আপনারা বৃদ্ধলোকেদের কষ্ট দেখতে পান না" ....রাজা লিয়র ( নাম ভূমিকায় সৌমিত্র চট্টোপাধ্যায় )
গতকাল, মধুসূদন মঞ্চে দেখে এলাম সুমন মুখোপাধ্যায়ের পরিচালনায় শেকসপিয়ারের নাটক  "রাজা লিয়র" 

অনবদ্য অভিনয় এবং দেবজ্যোতি মিশ্রের vibrant যন্ত্রানুষঙ্গ শেক্সপিয়ারিয়ান নাটকের আবহ তৈরী করেছিল । মেতে উঠেছিল মধুসূদন মঞ্চের নাট্যমঞ্চ । বিশ্বজিত চক্রবর্তী এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয়ের তারিফ না করে থাকা যায়না । সুমন মুখোপাধ্যায়ের পরিচালনায় এই নাটক আরো চলুক বাংলা তথা ভারত তথা সারা বিশ্বের নাট্যমঞ্চে । টানটান সংলাপ । পোশাক-পরিচ্ছদে একশো শতাংশ ইউরোপিও ঘরাণা । যুদ্ধের বাতাবরণ সৃষ্টিতেও সমান পারঙ্গম পরিচালক । 
সর্বোপরি বৃদ্ধ পিতা রাজা লিয়রের সংলাপগুলি ভাবিয়ে তুলেছে আমাকেও । সত্যি কি বৃদ্ধ মানুষকে তাঁর সন্তানেরা শুধু চাটুকারিতার দ্বারা বশ করে যাবে চিরকাল পিতার সম্পত্তির লোভে? আর পিতার স্মৃতিভ্রম, বালখিল্য আচরণ , খিটখিটেপনা,মুড স্যুইং কি তাঁর রক্তের সম্পর্কের কাছেও  "ভীমরতি" বলে আখ্যা পাবে  ? এই চিন্তার জটগুলি আমাকেও কুরে কুরে খাচ্ছে প্রতিনিয়ত । 
"দাদাসাহেব" পুরষ্কার প্রাপ্ত সৌমিত্র চট্টোপাধ্যায়ের দীর্ঘ এবং সুস্থ জীবন কামনা করি ! তিনিও একজন পিতা বলেই  বোধহয় এত সুন্দর ফুটিয়ে তুলযে সক্ষম হলেন রাজা লিয়রের চরিত্রটি; 
" ভুল করোনা পিতাগণ , কেউ তোমাকে চিনবেনা , এমন কি তোমার নিজের সন্তান ও " এরূপ সংলাপ এত বাস্তবিক ! মনটাকে একটা ঝাঁকুনি দিল !  
আর সকল কলাকুশলী এবং সহশিল্পীদেরো অভিনয় চমতকার লেগেছে ।
আরো এগিয়ে চলো কিং লিয়র্! চরৈবেতি! বৃদ্ধ হয়েছ বলেই আমরা তোমাকে এখনো সেলাম জানাই ! তিনি আশি ছুঁই ছুঁই ! তবুও তাঁর দাপুটে অভিনয় অনেক তাবড় জোয়ানকেও হার মানাবে । তাই আবারো বলি বৃদ্ধ বলে কারোকে ঠাট্টা নয় । 

শেষের সেদিন কি ভয়ঙ্কর মনে কর !

৬ মে, ২০১২

"Hate Story"


"কাব্যকৃষ্ণা" ওরফে বাংলার পাওলি দামের ইনটেলেকচ্যুয়াল ব্যান্ড উইডথের ব্যাপ্তি টলিউড থেকে বলিউডে ছড়ানোর প্রয়োজন ছিল এবং "হেটস্টোরি" তা প্রমাণ করেছে । 
মূলচরিত্র কাব্যকৃষ্ণার উদীয়মান জার্নালিষ্ট থেকে কোম্পানির এক্সিকিউটিভ ও সেখান থেকে বিতাড়িত   হয়ে শহরের নামকরা কলগার্ল হয়ে সেই কোম্পানিরই বোর্ড অফ মেম্বারর্সএ উত্তরণ   --  সত্যি সত্যি নিখুঁত স্টোরিলাইনের প্রশংসা কুড়োতে সক্ষম ।
এই গল্পে কেউ কারোকে ভালোবাসেনা  বরং ঘৃণাই করে । কেবল কাব্যর ফোটোগ্রাফার বন্ধু ভিকি ছাড়া ।  একসময় সেও ঘৃণা করতে শুরু করেছিল কাব্যকে তার গতিবিধি দেখে ।কিন্তু ভিকিই শেষ পর্যন্ত কাব্যের সাথে থেকে যায় । তাকে সাহায্য করে ।   
কাব্য কেন ঘৃণার পাত্রী তা বুঝতে দেখতে হবে হেটস্টোরি । "হেট" করা তো দূরের কথা, দেখেই তাকে ভালোবাসতে ইচ্ছে হবে  ।  
একটি বুদ্ধিদীপ্ত মেয়ের বদলা নিতে নিতে সবশেষে জিতে যাওয়া দেখতে দেখতে বেশ পজিটিভ এটিটিউড প্রমাণ করে । প্রথম দিকে ঐ মেয়ে বেশ কয়েকবার ভুলও করে ঠকে যায় যেমন আমরাও মানুষকে বিশ্বাস করে ঠকি । 

মানুষ মাত্রেই ভুল করে । শুরুতে সেও ভুল করেছে । আর টানটান চিত্রনাট্যে একা পাওলি রক্ষা করে আসল ছবিঘর ! মাঝেমাঝে দু একটা আলগা সূতো থাকলেও টেনশানের পাল্লাই বেশি ।
  জেন-এক্স এর তুখোড় জার্নালিষ্ট কাব্যকৃষ্ণার  সিমেন্ট কোম্পানির করাপশানের ফর্দাফাঁস দিয়ে গল্পের শুরু । প্রশ্ন জাগে সেই তুখোড় মেয়ে কি করে আবার নিজেই সেই কোম্পানির ফাঁদে পা দিয়ে সেখানে চাকরি নেয় ! সেটাই আপত্তিকর । আবার বলি  টু আর ইজ হিউম্যান ! 
ফেঁসে যায় সেই চৌখশ মেয়ে অবাঞ্ছিত মাতৃত্বে? এত বোকা হয় এখনকার জার্নালিষ্ট? এমন দু একটা আলগা বল আছে । তারপর সেই অবাঞ্ছিত মাতৃত্বের বিনাশ হয় সেই কুকর্মের ভিলেনের দ্বারা যে পুরোপুরি তাকে সারাজীবনের মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত করে । তা জানতে পেরে কাব্যের আবার বদলা নেওয়া । সমাজ ও লোকলজ্জার ভয়ে কাব্যের বাবা মাও তাকে ঘৃণার চোখে দেখতে শুরু করে  । তাই আবার তা "হেট স্টোরি"  ।

 শিল্পপতি  বাবার ওপর ছেলের জড়সড় ভাব ।এহেন অপারগ ছেলের ওপর ভরসা করে কোম্পানির দায়িত্ত্ব দিয়ে কোম্পানিকে ডুবিয়ে দেওয়া দেখে  বাবার কাছে একমাত্র ছেলে ঘৃণার পাত্র । বাবা ঠকেছে ছেলেকে বিশ্বাস করে । তাই আবার "হেটস্টোরি" । বাবা বারবার ছেলেকে বোঝাতে চেষ্টা করে  যে বদলা নেওয়াই কোম্পানির উন্নতি নয় বা ভবিষ্যত লক্ষ্য নয় কিন্তু ছেলের ( সিদ্ধার্থ) কাব্যকৃষ্ণার ওপর প্রতিশোধ নেওয়াই জীবনের মূল উদ্দেশ্য । বিজনেস রসাতলে ততক্ষণে ।    
এদিকে কাব্যও তার সিদ্ধান্তে অটল । আর কেনই বা হবেনা ? উইমেন এমপাওয়ারমেন্টের যুগে বিদ্যা বালান কহানীতে যদি পারে পাওলিই বা পারবে না কেন? আর? এই উপমহাদেশের রাজনৈতিক মহলের সাথে শিল্পপতিদের ওঠাবসা -- কত কত  কোটিটাকার কেলেঙ্কারি! ঠিক যেমন হয়! আমাদের প্রতিদিনের "হেটস্টোরি"! খুব বাস্তব  চিত্র ।  
আবার কত কত কোম্পানির এজিএমএ আমন্ত্রিত শেয়ারহোল্ডারদের সামনে ডিভিডেন্ডের বড়সড় অঙ্ক দেখিয়ে, উপহারের প্রলোভন দেখিয়ে কোম্পানির উন্নতি দেখানোর চেষ্টা, আদপে যা ভুয়ো, আসলে যা মিথ্যের রূপোলী মোড়কে আবৃত । খাতায় কলমে সে কোম্পানির কোনো অস্তিত্ত্বই নেই । লাভের অঙ্ক খাতায় কলমে বেড়েই চলে ঠিক যেমনটি হয়ে থাকে । 
 ভিকির সাথে কাব্যকৃষ্ণার বন্ধুত্ব একবার কানে কানে বলে দেয় ট্রু লাভ স্টোরির কথা । 
তবে সবশেষে কাব্যর শরীর বুলেটে ঝাঁঝরা হ'ল কেন? তা জানতে হলে দেখতে হবে " হেটস্টোরি"!
 কাব্য মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই । বঙ্গতনয়া বলিউডে বাঁচিয়া থাকিবেই !

১২ এপ্রি, ২০১২

প্যাপিরাস : পয়লা বৈশাখ ১৪১৯

সোনারতরীর  পক্ষ থেকে প্রকাশিত হল প্যাপিরাস ওয়েব ম্যাগাজিনের বিশেষ সংখ্যা  


১ এপ্রি, ২০১২

রামনবমী



অযোধ্যার রাজা দশরথ পুত্রশোকে অস্থির হয়ে পড়লেন । তাঁর চাররাণী । অথচ একটিও পুত্রসন্তান নেই ।  বংশরক্ষার চিন্তায় কালাতিবাহিত করছেন রাজা  । (এখনকার দিন হলে দশরথের মুন্ডপাত করতেন সকলে!)   
তাঁর রাজসভায় মহর্ষি বশিষ্ঠের আগমন হল  ।   ( এখনকার দিনে যেমন জ্যোতিষীরা যজ্ঞের বিধান দিতে সংসারে অবতীর্ণ হ'ন । ) 
তিনি রাজাকে বললেন 
" হে রাজন্‌! মিথ্যা শোক কর পরিহার ! ধর্মের হ‌ইবে জয় ভুল নাহি তার  ! অঙ্গদেশ থেকে ঋষ্যশৃঙ্গ মুনিকে নিয়ে আসুন । পুত্র্যেষ্টি যজ্ঞ করুণ । আপনার রাণীদের সন্তান লাভ হবে " (এখনকার দিনে মহা জ্যোতিষীও এমনি করে আউট সোর্স করেন । বয়সের ভারে তিনি কুব্জ । জ্ঞানের ভারে ন্যুব্জ । আর তরুণ ঋষিদেরও তো জায়গা করে দিয়ে যেতে হবে ।   কমিশন নেবেন অবিশ্যি )  
যথাবিধানে মহাসমারোহে পুত্র্যেষ্টি  যজ্ঞ হল । যজ্ঞের অনতিপরেই বড়রাণী কৌশল্যার গর্ভ সঞ্চার হল । ( আইভিএফ হোল বুঝি! অথবা সারোগেট পন্থা ।  যাই হোক ছেলে চাই ! )  

দশমাস দশ দিন পর চৈত্র মাসের শুক্লানবমী তিথিতে কৌশল্যার কোল আলো করে ভূমিষ্ঠ হলেন রামচন্দ্র । (বলুন তো, আজ রাম না জন্মালে  না হত রামায়ণ । না হত রামরাবণের যুদ্ধ ।  ভগবানদের আসরে হনুমান হয়ত পশুস্তর থেকে উন্নীত হয়ে সেলিব্রিটি স্টেটাস পেতেন না ! সো অল ক্রেডিট গোজ টু মহর্ষি বশিষ্ঠ  । প্যাকেজড  বংশোদ্ধারের প্ল্যানটা কেমন ফেঁদেছিলেন ! )   

রামচন্দ্রের জন্মের এই পুণ্যতিথি আজ রামনবমী নামে খ্যাত ।( গাইয়েরা শুরু করলেন " ঠুমক চলত রামচন্দ্র বাজত পায়জনিয়া...)

২৯ মার্চ, ২০১২

অশোকষষ্ঠী কথা


 বহুযুগ আগে অশোকবনের মধ্যে এক ঋষির পর্ণকুটীর ছিল । 
একদিন সেই ঋষি স্নান সেরে ফেরার পথে অশোকগাছের নীচে এক সদ্য প্রসূতা কন্যাকে কাঁদতে দেখলেন । দৈবযোগে ধ্যানের মাধ্যমে ঋষি জানতে পারলেন কন্যাটি এক শাপভ্রষ্টা হরিণী মায়ের । ঋষি মেয়েটিকে আশ্রমে এনে লালন করতে লাগলেন । তার নাম দিলেন অশোকা । ঋষিকন্যা বড় হতে লাগল । যৌবনে উত্তীর্ণ হল  । 
এক রাজপুত্র মৃগয়ায় বেরিয়ে ঐ পরমাসুন্দরী অশোকাকে একদিন দেখতে পেয়ে তার পরিচয় জানতে পারলেন । ঋষিকন্যার সঙ্গে রাজপুত্রের কথোপকথনের মধ্যেই ঋষির আগমন হল সেই স্থানে । রাজপুত্র অশোকার পাণিপ্রার্থী হয়ে ঋষিকে অনুরোধ জানালে ঋষি যারপরনাই আনন্দিত হয়ে তাতে সম্মতি দিলেন । 
অশোকাকে রাজপুত্রের হাতে সঁপে দিয়ে ঋষি বললেন  :
" আজ থেকে তুমি রাজার ঘরণী হ'লে কন্যা । যদি কখনো বিপদে পড় আশ্রমে চলে এস । আর রাজপুরী থেকে চিনে একাএকা এই আশ্রমে যাতে আসতে পারো তাই এই অশোকফুলের বীজ তোমাকে দিলাম । এখন যাবার সময় এই বীজ ছড়াতে ছড়াতে যেও । পরে কখনো প্রয়োজন হলে এই বীজ থেকে উত্পন্ন অশোকগাছ বরাবর   চিনে পায়েহেঁটে তুমি চলে আসতে পারবে "
অশোকফুলের বীজ  সযত্নে আঁচলে বেঁধে নিয়ে অশোকা রাজপুত্রের সাথে পতিগৃহে যাত্রা করল । যাত্রাপথে বীজ ছড়াতে ছড়াতে চলল অশোকা । রাজপুরীতে পৌঁছালে রাজা-রাণী সস্নেহে তাদের বরণ করে ঘরে তুললেন । অশোকা আর রাজপুত্রের বাড়বাড়ন্ত সংসারে সুখের বন্যা । অশোকা ক্রমে সাত ছেলে ও এক মেয়ের মা হল । অশোকার শ্বশুর রাজামশাই মারা গেলেন শ্রাদ্ধের দিন অশোকষষ্ঠীর কথা বিস্মৃত হল অশোকা । ভাত মুখে দিয়েই মনে পড়ল ষষ্ঠীর কথা । রাতে শুয়ে পড়ল মনখারাপ নিয়ে । পরদিন ভোরে উঠে দেখল সাতছেলে-বৌ যার যার ঘরে মরে পড়ে আছে আশোকা তা দেখে ঋষির কথা ভাবলে । রাজবাড়ি থেকে বেরিয়ে আশ্রম বরাবর চলতে লাগল । 
ততদিনে বীজ থেকে অশোকগাছ মহীরুহের আকার ধারণ করেছে । চৈত্রমাসে ফুলে ফুলে ভরে উঠেছে তার শাখাপ্রশাখা । ঋষির আশ্রমের কাছে এসেই  অশোকা ঋষিকে দেখে কেঁদে উঠলো । ঋষি ধ্যানের বলে সব অবগত ছিলেন । কন্যাকে সাথে করে রাজবাড়ী ফিরে গেলেন । কমন্ডুলু থেকে জল ছিটিয়ে  দিলেন  অশোকার মৃত ছেলে বৌ নাতিপুতির গায়ে  । দৈবগুণে সকলে চোখ মেলে চাইল । 
ঋষি বললেন অশোকষষ্টীর ব্রত পালন করলে  কখনো শোক প্রবেশ করবেনা সংসারে ।

১৭ মার্চ, ২০১২

আজে-বাজে-ট





এবার বাজেটে বাড়ল দাম সোনার, মেয়ের বিয়ে দিও না কো আর
প্ল্যাটিনামের দামও বাড়ল শুনি ? সে তো ব্রাত্য, আর যেন না কিনি ।
নিকোটিন, বিড়ি বিদেয় এবার, কমবে দূষণ ঘুচবে তবে ক্যানসার
সোয়াবিন জাতে উঠচে মনে হয়, সারের দাম না বাড়ালেই নয়?
মোটরবাইক টেলিভিশন সেট, ফ্রিজ, এসি ফোন সবই ছুঁতে ভয় ।
না, না, না আজ রাতে আর রেস্তোরাঁতে যাবনা, গাড়ী চেপে লঙ ড্রাইভেও নয়
টোল টেঁকশো চাইবে এবার জাদা, থাই-চাইনিজ মাথায় তোলো দাদা ।
সোলার বাল্ব যে সস্তা হল দাদু । ভরদুপুরে ছানিচোখে কাগজ পড়ার জাদু।
এল‌ইডি বাল্ব লাগাও শুধু কমবে বাতির বিল । ফিল্ম-ক্যামেরা পুষে রাখো, ডিজিক্যাম বাতিল ।
ক্যানসারের ওষুধ কম মাগ্যি এ বড় ভালোকথা, এডসের ওষুধ দাম কমলে বাড়বে বিরহব্যাথা ।
নুনের দাম কমবে বৈকি, সবাই কম খাচ্চে । প্রেসার বাড়ে, ফিগার ঝরে এখন লোকে বুঝচে ।
কয়লা কমলে ধোপা খুশি, ইস্ত্রীতে নিস্‌না বেশি । বিজলিবাতির খরচা বাড়ুক, গ্রামের ছেলে পড়ুক ।
কমল লোহার দাম, রিয়েল এস্টেট রমরমা, প্রোমোটারের নাম ।

২৫ ফেব, ২০১২

খড়দহ নামের উত্স



গত বছর ভাদ্রমাসে  আমরা উত্তর কলকাতার খড়দহতে শ্যামসুন্দরের মন্দির এবং সংলগ্ন গঙ্গার ধারে বেড়াতে গিয়েছিলাম ।  মন্দিরে ভোগের ব্যাবস্থা ছিল । অসাধারণ সব নিরামিষ খাবার । প্রায় ১৪রকমের আইটেম যা ঠাকুরকে নিবেদন করা হয়  । এবং দুর্দান্ত সুস্বাদু সব ভোগ । মন্দির দেখে আমরা কিছুদূরে আগরপাড়ায় আনন্দময়ী মায়ের আশ্রমে গেলাম ও সেখানে থেকে গঙ্গার এত সুন্দর রূপ দেখলাম যে তা না দেখলে বিশ্বাস করা যায় না । অতি নির্জন ও মনোরম ঐ স্থান । খড়দহ গিয়ে জানতে পারলাম ঐ অঞ্চলের নামের ইতিকথা । নিত্যানন্দ মহাপ্রভু বিবাহের পর ঐ স্থানে আসেন ও সন্ন্যাস ত্যাগ করে গার্হস্থ জীবনযাপনের জন্য সেখানকার তদানীন্তন জমিদারের কাছ থেকে একটুকরো জমি চেয়েছিলেন । জমিদার দর্পের সঙ্গে গঙাবক্ষে একটুকরো খড় ছুঁড়ে ফেলে এবং তা দেখিয়ে নিত্যানন্দকে বলেছিলেন ঐ টুকু খড়ের ওপরে যদি বাসা বেঁধে থাকতে পারো তবে থাক । নিত্যানন্দ বলেছিলেন ‘ঠিক আছে, আমি ওইটুকু স্থানেই ঘর বাঁধব’
মহাপুরুষের কথা । যেমন বলা ওমনি কাজ । পরদিন সকালে উঠে গাঁয়ের মানুষ দেখল যে গঙ্গার ওপরে একটুকরো চর ভেসে উঠেছে  এবং ঐ স্থানেই কুটির বেঁধে নিত্যানন্দ মহাপ্রভু বসবাস করতে শুরু করেন ।  এবং খড় ফেলার ঐ জায়গাটিতেই নদীর চর জেগে ওঠার  জনশ্রুতি নিয়েই ঐ স্থানের নাম খড়দহ হয়েছে ।

২৪ ফেব, ২০১২

ফাগুণ লেগেছে মনে মনে


 লিঙ্গরাজ টেম্পলে...

বেশ কয়েকবছর আগের কথা। আমার উনির ভুবনেশ্বর আইআইটিতে  পরীক্ষা নেবার ভার পড়ল শিবরাত্রির ঠিক আগেই। উড়িষ্যার নাম শুনলেই আমার পূর্বপ্রেমগুলো  উঁকি দিয়ে ওঠে। বুকের মধ্যিখান টা টনটনিয়ে ওঠে। এক জগাদা দুই সমুদ্র । এদের দুজন কে কিছুতেই ভুলতে পারিনা আমি। অতএব চলো লেটস গো। জগা দার পাড়ায় একটিবার হাই হ্যালো করব, সমুদ্রের জলে পা ভেজাব কিন্তু।  আর সেই ফাঁকে ভুবনেশ্বর ও ঘুরে নেব। শুনেছি খুব সুন্দর শহর। আর শোনো ভুবনেশ্বর থেকে পুরী যাবার পথেই পিপলি পড়বে। হ্যান্ডিক্রাফটস কিনব কিন্তু। আর যদি সময় থাকে তবে পুরী থেকে চিলকা যাব। ব্যাস! যে কথা সেই কাজ। ঝটিতি প্ল্যান। একগুচ্ছ গল্পের ব‌ই, আমার সঙ্গের সাথী ল্যাপটপ আর আমরা দুজনে ট্রেনে চেপে বসলাম। প্রথমে কাজ সারতে হবে মানে ভুবনেশ্বরের হোটেলে দুরাত বাস করতে হবে। উনি পরীক্ষা নেবেন আর আমি ঘরে বসে ব‌ইপত্র ঘাঁটব আর মনের সুখে ব্লগ লিখব। অফুরন্ত অবকাশ। কেউ কড়া নাড়বেনা। কেউ বিরক্ত করবেনা। চার বেলার খাবার চিন্তা নেই।  
ভুবনেশ্বরের হোটেলে ডেরা বেঁধে একদিন কাটল এভাবে। পরদিন ওনার সেকেন্ড হাফে ইনভিজিলেশান। অতএব ভোরবেলা উঠে, অটো ভাড়া করে কাছেই লিঙ্গরাজ মন্দির। শুনেছি অন্যতম বৃহত স্তম্ভাকৃতির শিবলিঙ্গ সেখানে। শিবরাত্রির ঠিক আগেই বেশ পুণ্যি হবে দর্শণ করে...মনে মনে সেই আশা পোষণ করেই পা বাড়ালাম। অদ্ভূত সুন্দর এক সকাল। হালকা ঠান্ডার রেশ সে ফাগুণেও। প্রাচীন মন্দির। অদ্ভূত কারুকার্য পঞ্চরত্ন মন্দিরের। অপূর্ব মন্দিরময়তা পুরো চত্বর জুড়ে। ছোট, বড়, মেজো, সেজো, রাঙা, ফুল, কুট্টো, আন্না...কত মন্দির! আমাদের সময় সীমিত। অতএব লিঙ্গরাজার জন্য মাটির ঘটে দুধ-জল সহ আকন্দ ফুল, বেলপাতা কিনে মন্দিরের দিকে চলি । 
ঊড়িষ্যার কোনো মন্দিরে দর্শনার্থীরা লিঙ্গের মাথায় জল, ফুল বা দুধ চড়াতে পারেনা । একদল পান্ডাদের স্বেচ্ছাচারিতা,  অহমিকা আর ট্যুরিষ্ট বিদ্বেষ জায়গাটির স্থান মাহাত্ম্যকে কিছুটা ম্লান করে দিয়েছে । যারাই আসছেন দূর দূর থেকে সকলের মুখেই সেই এককথা । স্বয়ংভূ মহাদেব লিঙ্গরাজ যেন ঐ প্রদেশের পূজারী এবং মন্দিরের সেবায়েতদেরই সম্পত্তি । উত্তর বা পূর্ব ভারতের আর কোথাও এমনটি খুঁজে পাইনি ।
ঊড়িষ্যা যাবেন শুনেই আমার কেমন ছোঁক ছোঁক অবস্থা । আকুলিবিকুলি প্রাণ ; সমুদ্রের ঢেউ যেন ডাকতে লাগল আমাকে । ভাবলাম উনি হয়ত বলবেন "পতির পুণ্যে সতীর পুণ্য ন‌ইলে খরচ বাড়ে"  কিন্তু পরদিনই দুটো টিকিট দেখালেন উনি । চোখ চিকচিক করে উঠল । তাহলে  এই ফাগুণেই দেখা হবে তার সাথে । ১৭ই ফেব্রুয়ারি খড়গপুর থেকে ট্রেনে চড়ে সোজা ভুবনেশ্বর । বিকেলে বিকেল হোটেলে যাওয়া । তারপরই প্ল্যান ছকে নেওয়া হল ।  ওনার পরীক্ষা নেওয়া ১৮তারিখে হোটেলের পিছনেই আইআইটি ভুবনেশ্বর সেন্টারে ।  হেঁটে ১৭তারিখেই আশপাশ দেখে নেওয়া হল । কোথায় অটোরিক্সা পাওয়া যায় , কোথায় ভাড়ার গাড়ি পাওয়া যায় ইত্যাদি । পরদিন ভোরে উনি পরীক্ষা নেবেন ১০টায় চলে যাবেন সেন্টারে । তার জন্য আমি প্রচুর ম্যাগাজিন , গল্পের ব‌ই আর আমার সর্বক্ষণের সাথী ল্যাপটপটিকে নিয়ে গেছি । হোটেলের ঘরে টিভিও আছে একখানি । সেখানে বাংলা চ্যানেল ও আসে খান কয়েক । কিন্তু ইন্টারনেট কানেকশান খুব হতাশ করল ।তবু একটু ব‌ইপড়া আর টিভি দেখা হল ।  ১৮তারিখে ভোরে উঠে স্নান সেরে আমরা দুজনে অটোরিক্সা করে ভোর সাতটা নাগাদ বেরিয়ে পড়লাম ভুবনেশ্বরের লিঙ্গরাজ টেম্পলের উদ্দেশ্যে । 

মন্দিরময় ভুবনেশ্বরে এটি একটি অন্যতম বৃহত মন্দির ।  কলিঙ্গ স্থাপত্যে একে পঞ্চরথের আদল বলা হয় ।  ১১ th century তে প্রতিষ্ঠিত এই মন্দির নির্মাণ করেছিলেন  সোমবংশীয় রাজা জজাতি কেশরী ।  ভুবনেশ্বরের সবচেয়ে বড় মন্দির এটি ।

ঊড়িষ্যার কোনো মন্দিরে দর্শনার্থীরা লিঙ্গের মাথায় জল, ফুল বা দুধ চড়াতে পারেনা ।একদল পান্ডাদের স্বেচ্ছাচারিতা,  অহমিকা আর ট্যুরিষ্ট বিদ্বেষ জায়গাটির স্থান মাহাত্ম্যকে কিছুটা ম্লান করে দিয়েছে । যারাই আসছেন দূর দূর থেকে সকলের মুখেই সেই এককথা ।   লিঙ্গরাজ যেন ঐ প্রদেশের পূজারী এবং সেবায়েতদেরই সম্পত্তি । উত্তর বা পূর্ব ভারতের আর কোথাও এমনটি খুঁজে পাইনি ।      ভূবনেশ্বরী, কালী, সাবিত্রী, যমরাজ ইত্যাদি কয়েকটি মন্দিরে প্রবেশ করলাম ।   মন্দিরের ভেতরে  সেলফোন ও ক্যামেরা নিষিদ্ধ । এযুগেও এত রক্ষণশীলতা । যারপরনেই অবাক হলাম ।
 মন্দিরের প্রবেশদ্বার 
আসার পথে রামেশ্বর মন্দির দেখলাম আর দূর থেকে দেখলাম বিন্দুসাগর ।   হোটেলে ফিরে এলাম সাড়ে আটটার মধ্যে । এসে নিরামিষ ব্রেকফাস্ট । দুধ কর্ণফ্লেক্স, ফল, এবং পুরী সবজী । এবার উনি চলে গেলেন পরীক্ষা নিতে আর আমার অখন্ড অবসরের সঙ্গী তখন ব‌ইমেলায় কেনা একরাশ ব‌ই । গৌতম ঘোষদস্তিদারের "পুরুষ ও প্রকৃতি" ব‌ইখানি পড়লাম । দারুন আনন্দ পেলাম ।  জয়দেব-পদ্মাবতী, চন্ডীদাস ও রজকিনী রামিনী এবং বিদ্যাপতির কাব্য রচনায় নারীর প্রভাব আর সেই নিয়ে এক নিখুঁত প্রেমের গল্প । এযুগের কবি ও লেখক গৌতম ঘোষ দস্তিদারের অপূর্ব লেখনীতে তা বড়ৈ সুখপাঠ্য হয়ে উঠেছে । বাংলাসাহিত্যের ইতিহাস আমার একটি অতি প্রিয় বিষয় ছিল উচ্চমাধ্যমিকে । আবার বেশ ঝালিয়ে নিলাম সেই অবসরে । দুপুরে কোলকাতা দূরদর্শনে "কলঙ্কিনী কঙ্কাবতী"  সিনেমাটি দেখলাম ।  টিভিতে সিনেমা বড় একটা দেখিনা । সেই অবসরে বেশ আনন্দ দিল । সন্ধেবেলায় উনি ফিরলেন সাড়েসাতটায় । ডিনার খেলাম । অনবদ্য এক কাবাব প্ল্যাটার নিলাম । চিকেন্, মাটন কাবাব এর সাথে স্যালাড, তন্দুরী চিকেন, একবাটি ডাল মাখানি ও নান । সব দু পিস করে খেতে খেতে পেট ভরে যায় । বেশ ভ্যালু ফর মানি ডিশ । শেষে একটু আইসক্রিম ।  আবার একটু হেঁটে আসা ফাগুণের হাওয়া গায়ে মেখে । পরদিন ১৯তারিখে একটু দেরী করে ঘুম ভাঙল । যথারীতি ব্রেকাফাস্ট খেয়ে ন'টার মধ্যে উনি চলে গেলেন শেষদিনের পরীক্ষা কন্ডাক্ট করতে  । আর আমার অবসর শুরু হল গীতগোবিন্দমের বাংলা অনুবাদের চেষ্টা নিয়ে । সেদিন দুটো বাংলা ম্যাগাজিন ছিল সঙ্গী ।  দুটোর মধ্যে হোটেল থেকে চেক আউট করে আমি নীচে হোটেলের লাউঞ্জে এসে বসলাম । উনি আসবেন দুটোনাগাদ । একখানা ভাডার গাড়ী করে এবার গন্তব্য ভুবনেশ্বর থেকে পুরী ।  
পথে পড়ল পিপলি ।
পিপলি ট্যুরিস্ট মার্কেট
ওড়িশার একটি গ্রাম আজ থেকে বহুবছর ধরে তাদের এপ্লিক শিল্পের সুচারু কারিগরীকে বাঁচিয়ে রেখেছে । হাইওয়ের দুধারে পিপলি আজ একটি ট্যুরিস্ট মার্কেট । ওড়িশার যাবতীয় দৃষ্টিনন্দন হ্যান্ডিক্রাফট পাওয়া যায় এখানে । তারপর পুরী পৌঁছলাম বিকেলে । সমুদ্রের ধারেই একটা হোটেলে ঢুকে চেক ইন করলাম । ঘর থেকে সমুদ্র দেখা যায় । ব্যস‌ ! আর কিছুই প্রত্যাশিত ছিলনা সেই মূহুর্তে ।  ব্যাগপত্র রেখে রিক্সো করে সোজা জগন্নাথ মন্দির । পান্ডার সাহায্যে একদম তিন জ্বলজ্যান্ত বিগ্রহের সম্মুখে আমি । শিহরিত, তৃপ্ত এক মাদকতায় আপ্লুত আমরা । পুজো দিলাম । প্রসাদ পেলাম । জগন্নাথের ভোগ খেলাম । আগুণ গরম ভাত, পোলাও, খিচুড়ি, সুক্তো, অড়হর ডাল এবং পায়েস । সেই সন্ধ্যে বেলায় একসাথে লাঞ্চ এবং ডিনার হয়ে গেল জগন্নাথের কৃপায় । হোটেলে ফেরার পথে শঙ্করাচার্য প্রতিষ্ঠিত পুরীধামের আশ্রমে গেলাম ।  তারপর হোটেলে ফিরে বিশ্রাম সেরাতের মত । পরদিন স্মার্টফোনের সাহায্যে জানা গেল পুরীর সি বিচে  সমুদ্রদয়ের সময় । সেই মত বিছানা ছেড়ে পায়ে পায়ে বালির চরে ।
 সেই চেনা বঙ্গোপসাগরের পুরীর সমুদ্রতট 
সূর্যদেব গুগলের নির্ঘন্ট মেনে যথারীতি উঠে পড়লেন ঘুম থেকে ।  পুবের আলো, লালচে আকাশ, সমুদ্রের রাশি রাশি ঢেউ, নোনাজলের ফেনা সবকিছু মিলে মিশে একাকার হয়ে গেছিল সেই ভোরে । সেদিন ছিল শিবরাত্রি । পুরীতে কোনো শিবলিঙ্গ খুঁজে পেলামনা যে গিয়ে একটু জল ঢেলে পুজো করব । অগত্যা বালির চরে নিজেই বালি দিয়ে এক ঢিপি বানিয়ে মন্ত্র বলে জাল ঢাললাম তার মাথায় আঁচলা ভরে । তারপর জলযোগ করলাম কচুরী তরকারী দিয়ে । এবার হোটেলে ফিরে এসে স্নান সেরে একটা গাড়িভাড়া করে চিল্কার পথে । 
চিল্কায় পৌঁছে স্পীডবোটে ভাসমান.... ডলফিন, রেড ক্র্যাব ও পরিযায়ী পাখির  উদ্দেশ্যে