আজ ন্যাশানাল হাইওয়ে-৬ এর ওপর দিয়ে খড়গপুর থেকে কোলকাতায় এলাম প্রচন্ড বৃষ্টির মধ্যে দিয়ে । সেই সাথে হাইওয়ের দুধারে পশ্চিম মেদিনীপুর হয়ে পূর্ব মেদিনীপুর ,হাওড়া ও সব শেষে দক্ষিণ চব্বিশ পরগণা দিয়ে কলকাতায় ঢুকলাম । মেদিনীপুর ভাসছে জলে.. থৈ থৈ বন্যায় প্রকৃতি উদ্দাম নৃত্য করছে । বন্যার করালগ্রাস হাওড়াকে অতটা ছোঁয়নি যতটা ছুঁয়েছে মেদিনীপুর জেলাকে । গ্রাম গুলি, ধানক্ষেত সব জলে ডোবা । এত কাছ থেকে বন্যা দেখেছিলাম কলকাতায় ১৯৭৮ সালে ভাদ্রমাসে। অবিশ্যি কলকাতায় ভারিবর্ষায় প্রতিবছরই জল জমে যায় । কিন্তু মৌসুমীবায়ুর প্রভাব্, ঘূর্ণাবর্ত, ভরাকোটালে নদীতে বান আসা এবং পর্যাপ্ত বৃষ্টির ফলে নদীর ব্যারাজের স্লুইস গেট খুলে দিয়ে জলছাড়া এই সবকটির সম্মিলিত ফল কিন্তু বন্যার রূপ নেয় । এবছর ও মনে হচ্ছে তেমনটি হতে চলেছে । বিশাল রূপনারায়ণ নদীর ওপরে কোলাঘাট ব্রিজ পেরোলাম ভয়ে ভয়ে । জলছাড়ার ফলে যদি জল বেড়ে যেত তাহলে কি হত ! অসম্ভব বৃষ্টি হচ্ছিল কোলাঘাটে রূপনারায়নের বুকে । দুকুল ছাপানো হাসি সেই নদের ।
কোনা এক্সপ্রেস ওয়ে দিয়ে কোলকাতায় ঢুকে গঙ্গা পেরোতে গিয়ে দেখলাম তার বর্ষার ভরা যৌবন । সেকেন্ড হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতুর ওপর থেকে ভারি সুন্দর লাগছিল তার ঢল ঢল রূপ! বৃষ্টি তখন অঝোরে ঝরছে । শেষ শ্রাবণের ধারাবর্ষণ । আকাশের ছন্নছাড়া কালচে ধূসর মেঘ ভেসে ভেসে ঝোড়ো হাওয়ার সাথে খেলাচ্ছলে জলবর্ষণ করে চলেছে অবিরত । দূর থেকে ইডেন গার্ডেন্স এর ভেজা ফ্লাডলাইট, ভিক্টোরিয়া মেমোরিয়ালকে দেখা গেল আবছাভাবে । বৃষ্টির মাদকতায় শ্রাবণ যেন ঘুমপাড়ানি গান গেয়ে চলেছে বৃষ্টির সুরে । কোলকাতা হয়ত কর্মব্যস্ত তখন । হয়ত বা অলস দুপুরঘুমে অচ্ছন্ন । হয়ত কার ভাতঘুম কেড়ে নিল এই বৃষ্টি । চোখ খুলে দেখলাম ভবানীপুরের মোড় ।
