Agomoni লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Agomoni লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

২ অক্টো, ২০১০

সেই কাশফুলেরা


আবার তোমার আসার সময় হয়ে গেল । কিন্তু তুমি কি বোঝ যে তোমার জন্য সারাটা বছর চেয়ে থাকি, তোমার পথ চেয়ে ...তুমি কি জান আকাশের কত রঙ হয় শরতে? তুমি কি কখনো দেখেছ একরাশ কালোমেঘের দল যখন ভিন আকাশপুরে পাড়ি দেয় তখন পেঁজা-তুলোট মেঘভাসি আকাশে রঙধনুর বন্যা বয়ে যায় । তোমার জন্যে কাশফুলেরা হেসে গড়াগড়ি খায় । শিউলি উঠোন, পদ্মপুকুর থৈ থৈ সুখবৃষ্টি নিয়ে চকচক করে । কিন্তু তুমি কি দেখ এসব ?
  
আগমনীর ঢেউ বাতাসী-পুকুরে । মেয়েলি আলপনায় স্থলপদ্মে শিশির আঁকে তুলি দিয়ে । দুব্বোঘাস সবুজের শব্দ শোনায় । তুমি কি শুনতে পাওনা
 
আমি বসে বসে শুনি তোমার নূপুরের শব্দ । ঢেউ গুনি বাতাসে আর নীল আকাশে তোমার জন্য রোজ পাঠাই পদ্মপাতায় মোড়া একটা চিরকুট। তুমি কি সে চিঠি পেলেনা আজো? গানপুকুর পাড়ে, সুর সিঁড়ির ধারে তোমার জন্যে একলাটি আমি বসে থাকব কিন্তু। ধানক্ষেতে তোমার সবুজ দুপুর নিয়ে, শিউলির কমলা সকাল নিয়ে আর কাশ-কিশলয়ের রূপোলী বিকেল নিয়ে ... 
 
পেয়েছিলে আমার পদ্মপাতায় মোড়া চিরকুট খানি ? আমি তো সেই মেয়ে যে তোমার আগুণ নিয়ে মেতে উঠি, তোমার ছায়ায় আমার ছায়াকে আবিষ্কার করি, তোমার আলো নিয়ে খেলা করি, তোমার আকাশে আমার শুকতারা ফুটিয়ে তুলি, তোমার ছন্দে আমার সুরের তুলি আঁকি মনের ক্যানভাসে ।
আজ তোমার কাশফুলেরা কথাবন্ধু আমার !
আজ তোমার শিউলিঝরণায় আমার কথাবৃষ্টি পড়ুক ঝরে, আমি তবু চাই তোমাকে আবার নতুন করে...

সেই শাপলা-শালুকের গোলাপী ডানায়, পদ্মপরাগ অনুরাগে, সেই উচ্ছ্বসিত আবেগে কাশেদের অভ্র-শুভ্র শীষে, তোমার নতুন ধানের ক্ষেতে, রোদের বাঁশির লুকোচুরি আমার সাথে, আজ শরতের একলা ভোরে
সেই কাশফুলেদের সুরে
তুমি চিঠি লিখো আমায়
সেই শিউলিফুলের মালাগাঁথায় , শিশির আঁকা শরত কথায় , কাশ-পদ্ম বনের ওপারে দেখা করো আমার সাথে
 

৬ সেপ, ২০১০

অর্কুট-আগমনী-পাঁচালী



সোনারতরীর পক্ষ থেকে সকলকে জানাই আগমনী শারদীয়ার অভিনন্দন 
 
 শুভেন্দু দাস
মন উদাসী 
মন চলে যায় দিগন্ত উড়ে..
বহুদূরে, অদ্রিজার হাত ধরে..
কোন ঠিকানায় কোন সে পারে..
অকূল আমি বুঝি নারে..
তবুও চলি, অদ্রিজার পায়ে পায়ে..
 ...
মন উদাসী, হাওয়ায় ভাসি,
এলোমেলো আগুণ 
বর্ষা নেই ভরসা নেই
সুদ চড়ছে দ্বিগুণ 

এলো খরা, মাথা ভরা
ফুটিফাটা চারধার
নেই আকাশে, মুখ ফ্যাকাশে
বন্ধ কাজ-কারবার  

এল আশ্বিন, বুকে নিযে ঋণ
চাষি খুজে ফেরে দেশলাই
হয়নিকো জামা কষ্ট যে জমা
দুর থেকে ডাকে রোশনাই 

মা যে আসেন, (মোদের) ভালোওবাসেন
(তবু) সবখানে কেনো হাসি নেই
এমনো তো হয় আনন্দেতে রয়
সক্কলে মিলে... সব্বাই !         

সুশান্ত কর
 শিশির ভেজা শিউলি তলে
রোদের লুটোপুটি;
পুজো মানেই ভিড়ের ট্রেনে
জানালা তোলা ছুটি

পুজো মানেই ঘরের টানে
বাঁধন যত ছেঁড়া;
কাশের বনে পথ হারিয়ে
ছেলে বেলায় ফেরা।

পুজো মানেই সে কবেকার
প্রেমতলার মোড়;
তনুদীপুর সাথে সেবার
মিশন রোডে ভোর

ছোট বৌদি চায়ের কাপে
কত দিনের পর;
পুজো মানেই, কোথায় থাকে
তরুণিমার বর?

এবং তারপর...

বিসর্জনে ঢাকের কাঠি
বেলুন সাদা লালে;
স্টেশন জুড়ে ধোঁয়া এবং
টোল পড়ে না গালে। 
 
 সঙ্ঘমিত্রা নাথ
এই শরতে
বৃষ্টিশেষে নীল আকাশে,
আলো হাসে শরত কাশে

শিশিরভেজা শিউলিবোঁটা,
প্রভাতবেলা উদ্ভাসিতা

এই শরতে প্রাণের মেলায়,
ভাসব আমার গানের ভেলায়

ছেলেবেলার ফুল কুড়োনোর দিন,
দুর্গাপুজোর আনন্দে রঙীন

শরত তোমার পুজোর গন্ধে,
ফিরে যাই কৈশোর আনন্দে
  
ইন্দিরা মুখার্জি
আমি বৃষ্টিভেজা বিকেল হয়ে দাঁড়িয়ে ছিলাম জেনো,

তুমি শিশির ভেজা পায়ে এসে আমার শব্দ শোনো,

আমি আগমনীর সুর তুলেছি শরত্‌ আলোর প্রাতে,

তুমি সেই সুরে যে সুর মেলালে আমার সাথে সাথে।

আমি অস্তরাগের রাগ-রাগিনী তোমার কান্না হাসি,

তুমিই আমার ইমন-বেহাগ তোমার কাছে আসি,

আমি তোমার দুখে দুখী, সুখের নতুন পাখী,

তুমিই আমার সুখের দোসর দুখ ভোলাতে ডাকি।

আমি অবাক হয়ে ভাবছি বসে আসছো তুমি রাণী,

তুমি সাজো নিজে, সাজাও আমায় ওগো আগমনী
বর্ণালী কর
শরত আলোর সকালবেলা শিউলিফুলের সুবাস ঢালা
কমলা সাদা রঙের মেলা শুরু হল তবে নেটের খেলা
দারুন ভালো লাগছে এমন কবিতাতে খেলা
যদি এমন করেই কেটে যেত আমার সকল বেলা
সুর বসিয়ে এ সব কথায় হতেই পারে গান
দরাজ গলায় গাইতে হবে জুড়ায় যেন প্রাণ
কল্যাণ মিত্র
কোন এক বিরহিণীর প্রতি শিউলি যখন হাসে
তখন তোমার চোখেতে জল আসে।
শিউলি মানেই তোমার বুকে জমাটবাঁধা ব্যথা -
সোনার আলো হারিয়ে যাওয়ার কথা।
শিউলি তোমায় নিজের সাথে সে-সব কথা বলায়,
চুপিসাড়ে তাই কি আসো শিউলিগাছের তলায় ?
...
পূজো এলে ছেলেদের যায়-যায় জান ,
সবুর সয় না বউ শাড়িগত প্রাণ ।
শাড়িতেই শেষ নয় হাত ধরে টানে –
শাড়ির ম্যাচিং জামা আছে কোনখানে ?
দিন কতো বদলায় চোখ মেলে চাই,
শাড়ি-গয়নার খিদে একই আছে ভাই !
কবিতা-কবিতা খেলা দেখ বেশ চলছে।
সবাই সবার কথা সবাইকে বলছে।
চলুক না এই খেলা এতো নয় মন্দ,
সব কবিতায় আছে পূজো-পূজো গন্ধ।
শরতের ওই হাসি চারধারে ঝরছে-
মিল-মিল এই খেলা ঝিলমিল করছে ।
...
পূজো ভীরু পায়ে আসছে।
হঠাৎ-হঠাৎ বৃষ্টিতে নেয়ে
পথঘাট সব ভাসছে।
এবার পূজোর থিম কি তাহলে
দেরি করে আসা বর্ষা ?
কলকাতা হলে জল কলকল
সব আনন্দ ফরসা !
কি খেল্ দেখাবে আকাশ এবারে ?
আঁটছে কি যে সে ফন্দি !
একগলা জলে একাকী প্রতিমা ?
দর্শক ঘরবন্দী ?
জলতরঙ্গে পূজো মাটি হলে
করার নেই তো কিছুর-ই!
শরৎকালের বর্ষা জমাতে
ঘরে-ঘরে হবে খিচুড়ি
অঝোর বারি নামছে
তাই অতএবমেজাজ গরম
কাব্যটাব্য থামছে!!
জলের ভেতর পা ডুবিয়ে
কেনাকাটায় কাঁটা
বলছে সবাই বৃষ্টিকে
তোর মুখে মারবো ঝাঁটা
কে কে রাজি ?ধরতে বাজি?
দেখবো কেমন দূরদৃষ্টি !
পূজোর দিনে রোদ থাকবে?
না কি ঝরবে ভারী বৃষ্টি?
দারুণ মজায় দিনগুলো সব
ফুচকা-রোলে লাগবে মিঠে?
না কি শাড়ি চুড়িদারে
উঠবে পথের কাদার ছিটে?
ফেলে আসা দিন হয়তো রঙিন
পথ যে অনেক বাকি,
ভ’রে মনপ্রাণ গাই তাই গান
এসো একসাথে থাকি।

আমরা এখানে স্বজন সবাই
একসুরে বাঁধা তার,
দূরে রাখি সব হতাশা-বিষাদ
মানি নাকো তাই হার,
হাতে ধরে হাত আমরা চলেছি
একপালকের পাখি।
 পূর্ণেন্দু চক্রবর্তী
শিউলিফুলের গন্ধ মানেই বাজলো পূজোর ঘন্টা
কাশ দুলিয়ে শরৎ এলো ভিজিয়ে দিলো মনটা
নড়বড়ে দাঁত কোমর ব্যাথা বুকের মধ্যে চিন চিন
পূজোর মধ্যে সেই ছেলেটা নাচবে তবু চারদিন ।।
মাগো এবার সামলে এসো , আবহাওয়াটা নয়কো ভালো
বর্ষাকালে খটখটে রোদ , শরৎকালে আকাশ কালো
জিনিপত্র বেজায় আগুন , এবার মাগো কি ভোগ নিবি
হাত পেতেছি তোর দুয়ারে , দু চার মুঠো ভাত তো দিবি ।।
ভয় নেই ভয় নেই বৃষ্টিতে ভাসবে
মেঘ জল থৈ থৈ তাই নিয়ে আসবে
ঢাক ঢ্যাম কুর কুর ঢং ঢং বাদ্যি
ধেই ধেই বাদ দেয় নেই কারো সাদ্ধি
আইস্ক্রিমের সাথে ফুচকাও জমবে
প্যান্ডেলে রোশনাই কলকাতা বোম্বে
ঝির ঝির ঝর ঝর ঝরছে তো ঝরছেই
এইবার রোদ্দূর মন মন করছে ।
...
সবাই বলে চিনি চিনি ক'জন পারে চিনতে
মুক্তো মানিক ছড়িয়ে আছে ক'জন পারে কিনতে ?
সবার মাঝে ঘুরে বেড়ায় তবু সবার নজর এড়ায়
"মুখের গড়ন দুর্গা যেন শিউলিছোপা শাড়ি
ও মেয়ে তুই কোথায় থাকিস কোনখানে তোর বাড়ি"
মধুমিতা ভট্টাচার্য
কাশ বনে হাওয়া খেলা দেখেছি সে কবে ...
মনে নেই আজ আর সেরকম ভাবে!
এখন সে খোলা মাঠে, নদির কিনারে
কাশ নয়, শুধু যে আকাশ চুম্বি খেলা করে ;
তবু করি করজোরে মায়ের বোধন
শিউলি গন্ধ ঢেলে পূজা আয়োজন
সোনালী শর্ত এল আবার জীবনে
দিব্য সুরের রেশ আগমনী গানে....
বাতাসে আজ শিউলি ফুলের গন্ধ
আকাশ জুড়ে শর্ত মেঘের আলো.
মা আসবেন, সেজেছে তাই ধরা
বাজাও শঙ্খ, লক্ষ প্রদীপ জ্বালো.
উঠোনে শিউলি পুকুরে পদ্ম কলি
কাশ বনে আজ হালকা বাতাস ছোটে
হৃদয়ে পুজোর আগমনী সুর বাজে
ভোরের আকাশে সোনালী সূর্য্য ওঠে
মহাশ্বেতা রায়
ওষ জড়ানো শরত ভোরে জানলা আধেক বন্ধ
বাগান থেকে ডাক দিয়ে যায় ভোরের শিউলি গন্ধ,
বড় হয়ে বদলাতে হয় চেনা জীবন ছন্দ
কিছু জানলা খোলা, আর কিছু জানলা বন্ধ।
মনের দরজা হয়ত খোলা, হয়ত আধা বন্ধ
ছোট্টবেলা ফিরিয়ে আনে সাঁঝের শিউলি গন্ধ।

অধরা মাধুরী
ও মেয়ে তুই থাকিস কোথায়, কোনখানে তোর বাড়ি?
মুখের গড়ন দূর্গা যেন শিউলিছোপা শাড়ি।
ও মেয়ে তোর এই অবেলায় চোখে কিসের জল
কাশের বনে নদীর কাঁপন করিস নে আর ছল।
ও মেয়ে তোর বুক গুড়গুড় মেঘলা আকাশ ডাকে
আয় তো দেখি বোস এখানে পদ্মবনের পাঁকে।

সিক্তা দাস
কৈ কৈ শরত কৈ মেঘজল সব থৈ থৈ
 ইন্দিরা মুখার্জি
দেখেছিস মা তুই কখনো মহালয়ার ভোর ?
সেই আদ্যিকালের বাদ্যিবাজা  শিউলিফুলের ঘোর! 
শিউলিছোপা দশহাতি তোর কমলা রঙের শাড়ি!
মা তোর কাশের ঝালর ঢাকের গায়ে পেঁজাতুলোর বাড়ি !
দেখেছিস মা তুই কখনো মহালয়ার ভোর ?    
সেই মাঝরাতের ঐ আগমনী-ভৈরবীর ঐ দোর !
শিশিরফোঁটায় দুব্বোঘাসে সবুজ কথা তোর 
খালিপায়ে একরত্তি মেয়ের  কত জোর ?
দেখেছিস মা তুই কখনো মহালয়ার ভোর ?

২৭ সেপ, ২০০৯

আজ মহানবমী



নবমী নিশি যেন আর না পোহায়,
তোকে পাবার ইচ্ছা মাগো কভু না ফুরায়,
রাত পোহালেই জানি আবার হবে দশমীর ভোর,
আবার তোকে পাবো মোরা একটি বছর পর |
মহা মায়ের মহামায়া, সোনার আলোয় কত পাওয়া
চারটি দিনের কত চাওয়া, ঊমাশশীর উতল হওয়া
কাঁদিস নে মা, আবার তোরে আসবো নিয়ে বছর পরে

২৬ সেপ, ২০০৯

আজ মহাষ্টমী


অষ্টমীতিথি সাঁঝের বাতিতে,
আলোকিত হল তোমারি আলোতে,
আজ হলে তুমি আরো সুন্দরী, !
ঘামতেল মাখা মুখপানে চাই,
আলোর পথেতে যেন পা বাড়াই,
তুই যেন মাগো আমাদের সাথে,
থাকিস পাশেতে প্রতি দিনেরাতে,
এইটুকু চাওয়া আর কিছু পাওয়া,
অষ্টমী পুজো শেষের বেলায়,
ভালো আরো বাসি পূজোর হাওয়া ।

২৫ সেপ, ২০০৯

আজ মহাসপ্তমী

সূর্যস্নাত সপ্তমী তিথি, নবপত্রিকায় তোমার আরতি,
ধন-ধান্যে বিপুলা প্রকৃতি, সবুজ ধরার পুন জাগৃতি,
নন্দিত তব চরণ পরশে, শস্যশ্যামলা সারাটি বরষে,
পূজি মাগো তোরে মনেরি হরষে, শুক্লা সপ্তমী তিথিতে
|

২৪ সেপ, ২০০৯

আজ মহাষষ্ঠী


মহা ষষ্ঠীর বোধন লগনে, ঢাকের বাদ্যি শুনি ক্ষণে ক্ষণে,
উদ্ভাসিত মৃন্ময়ী রূপ সোনার প্রতিমা বরণে,
চিন্ময়ী মাগো আনন্দরূপীণী, স্থল-জল শোনে বোধনের ধ্বনি,
আকাশ-বাতাস মুখরিত আজি বন্দিত তব শুভ আগমনী |

২১ সেপ, ২০০৯

আবার নতুন করে পাবো তোকে...


মাগো এসে আদর করে, বল্‌ না আবার নতুন করে,
সোনার হাসি ঝরবে মুখে, আলোর বাঁশি বাজবে সুখে,
সুহৃদ- মিতে থাকবে পাশে, যেন আবার শরত্‌ আসে ।
পূজোর ডালি সাজিয়ে নিয়ে, ফুলের রেণু মেখে গায়ে,
সুগন্ধী ফুল-চন্দন-আবীর ঢালি মোরা তোর দুপায়ে।
তর সয়না আর যে আমার, ঢাকে কাঠি পড়বে আবার,
আনবো তোকে শাঁখ বাজিয়ে, বোধন হবে উলু দিয়ে,
তুই যে মোদের সদাই সহায়, পাঁচ দিনের এই মজার আশায়,
ঘুচিয়ে দে মা আঁধার-কালো, সারা বছর দেখব আলো,
হিংসা-দ্বন্দ দে ঘুচিয়ে, মিথ্যা-কালি দে মুছিয়ে,
আকুল মোরা ব্যাকুল সবাই, (যেন) রাত পোহালেই তোর দেখা পাই ।

২৮ আগ, ২০০৯

আমার তুমি


আমি বৃষ্টিভেজা বিকেল হয়ে দাঁড়িয়ে ছিলাম জেনো,
তুমি শিশির ভেজা পায়ে এসে আমার শব্দ শোনো,
আমি আগমনীর সুর তুলেছি শরত্‌ আলোর প্রাতে,
তুমি সেই সুরে যে সুর মেলালে আমার সাথে সাথে।
আমি অস্তরাগের রাগ-রাগিনী তোমার কান্না হাসি,
তুমিই আমার ইমন-বেহাগ তোমার কাছে আসি,
আমি তোমার দুখে দুখী, সুখের নতুন পাখী,
তুমিই আমার সুখের দোসর দুখ ভোলাতে ডাকি।
আমি অবাক হয়ে ভাবছি বসে আসছো তুমি রাণী,
তুমি সাজো নিজে, সাজাও আমায় ওগো আগমনী !
আমি তোমার আধফোটা ফুল, তোমার জন্য ফুটি,

তুমি আমায় নাও যে কোলে, তোমার পায়ে লুটি ।
আমি তোমার চঞ্চল গান, উচ্ছল প্রাণ-বীণা,
তুমি আমার সুরের ছন্দে গানের উপাসনা ।

২৬ আগ, ২০০৯

পূজো আসছে


পূজো পূজো গন্ধ নিয়ে শিউলি ভেজা শরত্‌রাণী,
নীল আকাশে মেঘের ভেলায় ভাসছে সুরে আগমনী
কুমোরপাড়ায় ঠাকুর গড়া, সাজো সাজো রব সারা পাড়া ,
পাড়ার পূজো, পূজো বাড়ীর, চাঁদা তোলা, যোগাড় শাড়ির,
ও পাড়ার ঐ অমুক বাড়ির, পূজো এবার তাড়াতাড়ি
মন বসে না ধারাপাতে, ইতিহাস আর ভূগোলেতে,
লাল জরিপাড় হলদে শাড়ি, ব্যোমকাই বা বালুচরী,
হাল ফ্যাশনের রকমারী, কুর্তা, কামিজ আর কেপরি,
পূজোর সেল চলছে অনেক, কেনাকাটির ঝামেলা শতেক,
ভীড় ভাট্টায় পকেট কাটা, ছিঁচকে চোরের মজা লোটা,
হৈ চৈ পড়ে গৃহিনী মহলে, পূজোবার্ষিকী কোনটা কি বলে,
চটি জুতোর কত বাহার ! রেশমি-রঙীন কি মজাদার !
কেউ বা কাটায় পূজোর ছুটি, আয়েষে, আরামে বেড়িয়ে উটি,
হয়তো আবু কিম্বা পুরী, নাকি প্যান্ডেল হপিং আর হুড়োহুড়ি,

খোয়াই হাটের বিকিকিনি, কাঁথার কাজের পসরা আনি,
ছোট্ট ছেলে আদুড় গায়ে, মায়ের পাশে ব্যস্ত পায়ে,
ঢাকের আওয়াজ শুনতে পেল, কাশের ঝালর বুলিয়ে গায়ে, রাঙামাটির পথে গেল!