১৭ মার্চ, ২০১১

১২য়ারি বসন্তের কবিতা," দোলছুট-২০১১"


আমরা সকলেই কবিতা বা ছড়া লিখি । প্রায়ই দেখি অর্কুট বা ফেসবুকের আঙিনায় ফুটে ওঠে সেই কবিতা বা ছড়ার ফুল আর অচিরেই কালের স্রোতে ভেসে যায় সেই সৃষ্টি, আর শুকিয়ে যায় সেই ফুল। এবার দোলে আমার সেই সব বন্ধুদের নিয়েই  না হয় ভাসিয়ে দিলাম আমার ছিন্নপাতার খেয়া খানি । সোনার তরীর পালে এবার বসন্তের হাওয়া বয়ে আনল একরাশ বন্ধুত্বের দোলা । আর যন্ত্রজালে ভাসতে ভাসতে খেয়াখানি পাড়ি দিল কোন্‌ সুদূরে !!!  
ফন্ট সাইজ ছোট লাগলে Ctrl++  করুন আর ফায়ারফক্স বা গুগ্‌ল ক্রোমে দেখুন





রেখা মিত্র
উত্তরপাড়া

মুখ্য কার্যনির্বাহী আধিকারিক
বেঙ্গল স্টুডিও 
লাগলো যে দোল  (১)

পলাশ দেখে থেকে থেকে কেমন করে মন
অনেক পলাশ ঘর করেছে শান্তিনিকেতন,
সেই নিকেতন অনেক দূরে, পলাশ থেকো ভালো!
দোলের দিনে মনে আমার পাঠিও রঙের আলো।
তোমার আমার মাঝখানেতে পথটা যে দুস্তর
কেমন করে পার হবো এই কঠিন তেপান্তর !
একটু সবুর পলাশ তুমি, একটু বাঁধো মন
পরের বারে আমার বাসা হবে পলাশ বন।

লাগলো যে দোল  (২)

কে যেন চমকে দ্যায় 'এসেছি রে আঁখি তোল'
দেখি চেয়ে আঁখি মেলে "স্থলে জলে বনতলে"
লাগলো লাগলো দোল !
আবার হৃদয় ছুঁলো কানে তার কলরোল
"রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে
রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে
নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল
দ্বার খোল দ্বার খোল "


হোলি

আজ তো হোলি,রঙ খেলব না আমরা? তুমি খেলবে?
আর বাকীরা খেলবে না বুঝি -রবি,কানু,বালা,বাকী সব্বাই
হঠাৎ করে ছুঁড়ে দেবে মুঠো মুঠো রঙ? চমকে দেবে বুঝি?
চোখ বন্ধ করে নিতে হবে?

কি রঙ খেলবে ওরা ? লাল,গোলাপী,সবুজ?
কতটা সবুজ?
আর মিষ্টি? মিষ্টি আনবে না বুঝি আমাদের জন্য?
রঙমাখা হাতেই মিষ্টি খাব,
তুমি বকবে জানি,তবুও

আজ মিশে যাব আমি আর তুমি
কানু, বালা, টিপু, আমরা সব্বাই
খেলা তবু থামবে না, ঢেউ খেলব ছলাৎ ছল
দেখব, তুমি কত ঢেউ তুলতে পার
তবু খেলব, হার মানব না তো আজ -

আমি তো রঙ চিনি না
তবে তুমি যখন বল, তখন আমি ঠিক বুঝতে পারি
কালো রঙ ছাড়াও অন্য রঙ আছে
ভালদাদু, আমি কবে রঙ দেখতে পাব?
আমরা সবাই কবে রঙ দেখতে পাব?


অভ্র পাল
কলকাতা

সফ্যটওয়ার ইঞ্জিনিয়ার
টাটা কনসাল্টেন্সি সার্ভিসেস 

মধুমিতা ভট্টাচার্য
তেজপুর

হোমমেকার, লেখিকা

পলাশ বনে একা (১)

পলাশেরা গান গায় বসন্তের পূর্নিমা রাতে
ভোর এলে ঝরে যায় কঠিন ভূমিতে,
সে গানের কিছু রেশ থেকে যায় মনের গভীরে
তবু ওরা প্রতিদিন গান গায়,
ঝরে যায় সবার অগোচরে...
আজ পলাশের রাগ হয়েছে তাইতো ধুলোয় শুয়ে,
মাথার দিব্যি, বলছি আমি তোর গায়ে হাত দিয়ে
আর যাবনা শিমুল বনে, সবার সাথে আড়ি-
করব এবার, কেবল তোকেই ডাকব আমার বাড়ি

পলাশ বনে একা (২)

মর্মে যে রং আছে
সে রং ছড়িয়ে দিয়ে বনে
আকাশে বাতাসে আর
পৃথিবী প্রাঙ্গনে..
সে রং নিও আপন করে
তোমার বাউল মনে
যে রং ছড়িয়ে ছিল বনে 
পলাশ বিলাস আমার মনে
হালকা হাওয়ায় ঋতু ফাল্গুনে
বন্ধু এসো আমার ঘরে
যে আছো দূরে অনেক দূরে


রক্ত-পলাশ আমার ঘরে....

আয়না পলাশ আমার ঘরে 
ধুলোয় কেন আছিস পড়ে!
সাজিয়ে ডালি রং ফাগুনে
রাখব তোকে মনের কোণে,
যতন করে আবির লালে
মাখাবো তোর লাজুক গালে
কিম্বা আকাশ নীলের সাথে
মেঘ দেবো এক সুপ্রভাতে
তোর আঁচলে রক্ত-পলাশ
ছোঁয়াবো আজ রঙ্গিন আভাস,
চল মেতে যাইকাজ ভুলে যাই
নাচের তালে মাদল বাজাই
পাগলা হাওয়ার ঘোড় সওয়ারে             
আয়না পলাশ আমার ঘরে... 
আয়না পলাশ আমার ঘরে...!


জার্ণাল    


(১)
 শীতের ছোঁয়া মিলিয়ে গেল আস্তে
ফাগুন এলো আবার ভালবাসতে
হাসছে পলাশ রঙিন হাসি হাসছে
আনলো খবর হোলির দিন যে আসছে
(২)
যেই না আমার পড়লো মনে সেই সে ফাগুন
সে'জন বলে, কি কাজ হবে অতীত ভেবে?
আজকেও সে একই চোখে আমায় দ্যাখে
হয়তো আমায় একই ভাবে ফাগ মাখাবে
হয়তো আমার কানে-কানে গান শোনাবে
মুগ্ধ হয়ে তার চোখেতে যেই তাকাবো
চাউনি আমার তার মনেতে পথ হারাবে
(৩)
এই নাও রঙ",বললো পলাশ মলিন মুখে
অনেক ব্যথার শেল বিঁধেছে ওদের বুকে
খবর দিলো বাতাস তাদের আজকে প্রাতে
দশটা পলাশ-ভাই মরেছে অপঘাতে
চায় না যারা দেখতে পলাশ রঙের ধারা
পলাশ মেরে বসতবাড়ি তুলছে তারা
পলাশের কবিতারা ঘাসের 'পরে,
একটু-একটু করে শুধুই ঝরে।
(৪)
সেই কবিতায় চোখ রেখেছে আকাশ,
কাব্যে বিভোর আজ তার অবকাশ।
পলাশের কবিতায় কে গো দেবে সুর ?
হবে তার প্রাঙ্গণ গানে ভরপুর।


কল্যাণবন্ধু মিত্র
উত্তরপাড়া

পশ্চিমবঙ্গ সরকারের 
 বিধি নির্দেশক দফতরের বিশেষ দায়িত্ত্বপ্রাপ্ত অফিসার 

শুভেন্দু দাস
ভবানীপুর

কমিউনিকেশন স্পেশালিস্ট, আইবিএম  করপোরেট কমিউনিকশন 

বসন্ত আবার জাগ্রত

বসন্ত আবার জাগ্রত এই ডামাডোলের বাজারে,
পলাশের দাম কমছে, কমছে শিমূলেরও লাল
তুচ্ছ আজ পুচ্ছ নেড়ে মস্তানি করে
"দলদাস" হয়ে ঐতিহ্যেরা গুমরে মরে
প্রেমিকার জন্য রঙ নয়, টাকা চায় থলে ভরে
তবুও বসন্ত জাগ্রত !!
বসন্ত আবার জাগ্রত কি ভীষণ রূপে,
এত ভয় করে লাল আগুণের গ্রীষ্মের আগে শুধু
শুধু কিছুটা দখিণা হাওয়া আপাত শান্ত এ রাজ্যে ,
কি জানি কারা আবার ছড়িয়ে দেবে ঘুরে ঘুরে,
আমি থাকতে চাই, তোমরাও চাও,
আমরা সবাই চাই শান্তিতে থাকতে
কিন্তু সন্ত্রাসবাদী বসন্ত শুনলে তো সে কথা !!
বসন্ত , আবার জাগ্রত
ছোট্ট মেয়েটা, মিষ্টি মেয়েটা, কালো গভীর চোখে
দুটো হাত যার অঞ্জলি ভরে
পলাশ একটা ধরে রেখেছে প্রত্যাশা নিয়ে ,
কেউ যদি ... কেউ যদি ভয় না দেখায় ,
তাহলে উচ্ছ্বাসে মাতবে
হে পলাশ, হে শিমূল, হে বসন্তের দূত তেরা
"পচা লাশ" আর বয়ে এনোনা, গন্ধে পৃথিবী গেছে ভরে
এখন ছোট্ট মেয়েটা না হয় "রাজ" করুক !!!



বসন্ত-বন্দনা

চলার পথের ধারে দেখি লালফুলের বাহার
শুধাই আমি, নাম জানো কি তার?
উত্তর না পাই, নামটি থাকে অজানাই
তবু তার রং মনে-প্রাণে আনে বসন্ত
আকাশে-বাতাসে ছড়ায় যেন আবিরের সুগন্ধ
বসন্ত আর প্রেম কোনো এক নিবিড় সুত্রে বাঁধা
গাছের ডালে কোকিলের তাই কুহুস্বরে গলা সাধা
আমিও এবার শোনাতে পারি বসন্ত-বন্দনা
গলা ছেড়ে গাইব তবে বাহার রাগে তারানা
তাইতো আমায় ঠাই দিও ভাই আনন্দ-সভার মাঝে
এলাম আবার বার্তা নিয়ে বসন্ত-সভার মাঝে
মন যে আমার অশোক, পলাশ, শিমুল রঙ্গে সাজে




বর্ণালী কর
কলকাতা 

ইঞ্জিনিয়ার,
গেস্ট ফ্যাকাল্টি,
যাদবপুর বিশ্ববিদ্যালয়  

সংঘমিত্রা নাথ
গড়িয়া

ইংরেজি শিক্ষিকা ,
গড়িয়া হরিমতি দেবী 
উচ্চ বালিকা বিদ্যালয় 

আজ বসন্ত

শুষ্ক,জীর্ণ ঝরা মাঘ বেয়ে
তুমি যে নিঃশব্দে চলে এসেছ -
সে কথা তো বলে গেছে
উতল ফাল্গুনি হাওয়া।

একটা কোকিল এসে সেদিন-
দিয়ে গেছে তোমার চিঠি,
গেয়ে গেছে তোমার গান
আম ডালে দোল খেয়ে।

নিশান উড়েছে তোমার চারদিকে
আম পেয়ারা লেবুর ডালে ডালে,
পেয়েছি তোমার বার্তা
সবুজের, নবীনের জয়সাজে।

সজ্‌নের ফুলে আমের বোলে
তোমার গন্ধে আসে সব পাখি,
বলে যায় ‘এসেছে বসন্ত,
শীতকে দিয়েছে ছুটি’।


আবার বসন্ত

পথের ধারে হলুদ হয়ে ওঠা গাছগুলো
জানিয়ে দিয়েছে তুমি এসেছ মহাসমারোহে-
পলাশ,কৃষ্ণচূড়া ঝুঁটিতে বেঁধে,
আবীর মেখেছ লাল,মেতেছ বসন্ত নৃত্যে।

বনে বনে আজ জীবনের নবদোলা,
ফুলের পাপড়িতে রঙেরই আলপনা
এসেছে রঙের উৎসব আবার
দুয়ার রুদ্ধ আর রেখো না।




দোল লাগে মনে 

বাইরেটাকে রাঙিয়ে দিলে 
তোমার রাঙা আবীরে, 
ভিতরটাকে ছুঁয়ে গেলে 
মনের অনেক গভীরে! 
ফাগুণ তো আজ আগুণ রঙীন 
মনে  জাগায় সাড়া, 
বাইরে দোল, ভিতরে দোলা 
মন যে পাগলপারা !!





ডাঃ অমরজ্যোতি গুপ্ত
বারাসাত

মেডিক্যাল অফিসার,
ওয়েষ্ট বেঙ্গল হেলথ সারভিস

সুশান্ত কর
 তিনসুকিয়া

বাংলার অধ্যাপক,
 তিনসুকিয়া কলেজ, আসাম



দোল কারে কয়?

কেউ কি এবারে পলাশ দেখেছো, ফাগুন মাসে ফোটে?
যেদিকে তাকাই ভোটের পতাকা আকাশ ফুঁড়ে ওঠে।
কেউ কি শুনেছো দোল কারে কয় ? সাজিয়ে থুয়েছো আবির?
রাজীব ভবনে বোমা ফুটেছে, মরে গেছে মিঞা সাবির।
কৃষ্ণ গেছে কুরুক্ষেত্রে , রাই হয়েছে বুড়ি।
কত বসন্ত ফিরে গেছে এসে, হিসেব রেখেছে থুড়ি!


হোলি


এক একটা দিন যেন
সুর্য্যের থেকেও লাল,
সুড়কির রাস্তা অথবা
 তোমার সিঁদুরের চেয়েও ।
এইসব দিন নিয়ে রাতভোর ঘুমোই ......
 ঘুমের ভেতর হেঁটে যাই
শাড়ীর আঁচল থেকে অসহায়ের মত
খুঁটে ফেলি কিছু লোহিতকণিকা।
সব চোরকাঁটা বেছে তোলা
বোধহয় সহজ নয়।
কিছু কিছু চিরকাল বিঁধে থাকে অগোচরে
ক্যালেন্ডার মাফিক বসন্ত চলে এল আবারও
ফাগুন হাওয়ায় কাঁপে শিরা উপশিরা
এবার নিদেনপক্ষে কিছু শিমূল কিংবা
পলাশ ফোটানো যাক্‌ ।




সুতপা ভট্টাচার্য বারুই
যাদবপুর

নেশা -- লেখালেখি
পেশা -- ব্যবসা [বুটিক]



ইন্দিরা মুখার্জি
খড়গপুর

ব্লগার 

আজ দোল

দোল ছিল এক পশলা আটপৌরে ভালোলাগা
ফুটকড়াই-মুড়কি-মঠের ছোট্ট ভাঙা আগা
রঙনিকোনো মনের উঠোন উপচে চাঁদের আলো
লুকোনো প্রেম, রঙীন বুকে ছবি আঁকার ভাল
দোল এখন পোশাকি প্রেম, মন্দবাসার পিঁড়ি
দোল আজকে ভালোবাসার শপিংমলের সিঁড়ি !
এসেমেসের ঠান্ডা বাতাস, দু এক কুচি কলি
চ্যাট, ই-মেল ইনবক্সে  বোঝাই গ্রিটিংস খুলি|

যাই হোক আজ দোল !

প্রতিপক্ষের সেই একসূতো চাঁদ আজ ষোলকলা পূর্ণ করল
ফাগুণের পাতাঝরায়, কৃষ্ণচূড়ার লালে.. দোল ফিরে এল
সাথে কত রঙ !  মোরামের রাস্তায় ঝরা পলাশের কুঁড়ি
আমের মুকুল, বাদাম গাছের পাতাঝরা  গুঁড়ি!
নীলচে আকাশ, কমলা অশোক সবাই ঘুরে এল
শিমূল তলার সেই মেয়েটা  কোথায় জানি গেল !
শিমূল-তলায় মেয়ের বাড়ি, পলাশ-উঠোন ভরা
অশোক-দালান পেরিয়ে পাবে কৃষ্ণচূড়ার সাড়া
মেয়ের ছিল  পলাশ উঠোন থৈ থৈ লাল বন্যা
শিমূল তলা পেরিয়ে গেলে  দোলকে পেত কন্যা
সজনেফুলের গন্ধ বাতাস, শিমূলরাঙা মাটি
পলাশবৃষ্টি  মেঘের বাড়ি, রঙীন ধূলোমুঠি !
ফাগ উড়িয়ে মেয়ে চলল দোলের খেলাঘর
রামধনু রং, আসমানি রং, পিচকারি তুই ভর ।

সেই মেয়েটার দোল

মেয়েটার একটা রঙীন ফাল্গুন ছিল বুকে ।
কবিতার খাতা নিয়ে ঝুঁকে পড়েছিল,
শিমূল-বারান্দা তখন স্বপ্নময় ।
ভাবনার পাতা উলটে চলেছিল একে একে..
পলাশ ঝরেছিল কার্নিশে,
কমলা রঙের পলাশ, বাদামী তার বোঁটা,
উঁকি দিয়ে চলে গেছিল
বসন্তের একচিলতে রোদগোলা সকাল ।
মেয়েটার মনের ধারাপাতে তখন বসন্ত এসেছিল ।
সেদিনও ঝরেছিল একমুঠো পলাশ ,
কমলা রঙের পলাশ, বাদামী তার বোঁটা,
পাতা ছিল না একটাও তার আশেপাশে ।



 ফিরে এস

তোমার ঐ খর-দৃষ্টি সহজ হয়না
ভস্ম করবে কি এই দহন যন্ত্রণা?
মুক্তির আশায় ছুঁতে যাই অন্যখানে
হয়ত তোমারি অমোঘ আকর্ষণে..
মেঘ  জমেছিল,  মনের আকাশে
তোমায় খুঁজেছিলাম, ছিলেনা পাশে
সবাই এল, চলেও গেল
ক‌ই তুমি এলেনা তো!
হিমেল হাওয়া, ঝরে পড়া ধান
এই বুঝি তোমার দান?
আজ স্বীকার করার সময় এসেছে
ধূসর মেঘে আলোর ছোঁয়া লেগেছে
আমি শুনেছি তোমার আসার শব্দ
অনুভবে জেনেছি  তুমি অনন্য
তুমি এসো বসন্ত, তোমায় দরকার বড়
আমাকে ভরিয়ে তোলো, আমায় পূর্ণ কর
রিক্ত আমায় সাজিয়ে তোল রক্ত পলাশে
আনমনা চাই থাকতে অশোকের পাশে
আমি সাজব তোমার স্পর্শে,
সবটুকু আবেগ নিয়ে ভরা উচ্ছ্বাসে
তুমি ফিরে এসো বসন্ত, তুমি অনন্ত,
তুমি চির সুন্দর, আমি তোমার অনুগত
দাও না আমায় রেখে শুধু তোমারি করে
কক্ষনো ফিরে না যাবার আজীবন অঙ্গীকারে!





 অদিতি ভট্টাচার্য 
কলকাতা 

কনসাল্টেন্ট  
আইবিএম, কলকাতা 




মহাশ্বেতা রায়
কলকাতা

ওয়েব ডিজাইনার, 
কন্টেন্‌ট্‌ রাইটার আর
ইচ্ছামতীর দেখাশোনা করি

কলকাতায় বসন্ত

গড়িয়াহাটার মোড়ে,
মহানাগরিক ভীড়ে,
একটা পলাশ গাছ,
হটাত ফাগুন ভোরে,
ধূসর নীল আকাশ
(আর )মৃদু দখিনা বাতাস
পটভূমিতে রেখে,  আঁকে
লাল-কমলা আভাস।
বাসে  বা  ফুটপাথে
ব্যস্ত চলার পথে,
বসন্তরাজ সহযাত্রী
নতুন পাতার রথে।
সাত রঙা বেলোয়াড়ি
ফাগুন-ফেব্রুয়ারি,
ইচ্ছেমতন সাজিয়ে তোলে
ধূলি ধূসর নগরী।




দোল-ফাগুণে

 দে দোল দোল, দে দোল দোল
সকল মনের দুয়ার খোল;
রামধনুতে রঙিয়ে দিয়ে
মন আঙিনার আগল খোল
রঙ বেরঙের আবীরে আজ
বুকের মাঝে বাজুক মাদল !
শিমূল, পলাশ কৃষ্ণচূড়ায়
ভালোবাসার আগুন লাল...
পূর্ণ চাঁদের আলোক ধারায়
খুশির বানে দুঃখ ভোল ।










ছন্দা নন্দী
কলকাতা

হোমমেকার


১১ মার্চ, ২০১১

"ইতি কৃষ্ণা"



দৈনিক জনকন্ঠ , করিমগঞ্জ আসামের এই পত্রিকায় ২০শে ফেব্রুয়ারি ২০১১ তে " ইতি কৃষ্ণা" কবিতাটি প্রকাশিত হয়েছে । 

৯ মার্চ, ২০১১

গতকাল, ৮ই মার্চ ছিল মেয়েদের দিন

নারী, তোর জন্য দেখল জীবন কত পুরুষ
তোর জন্য ছেলেপুলেরা হ'ল মানুষ
তোর জন্য পুরুষ সাজাল শক্তিপুজোর ডালি
আমার দেশকে তুই কত কিছু শেখালি,
কত কিছু করলি !
কিন্তু বলতে পারিস তুই কেন আজো পেছনে রয়ে গেলি?
আজো পথে পড়ে থাকে মৃত মেয়েটা ,
সদ্যোজাতা, পরিত্যক্তা, ধর্ষিতা, লাঞ্ছিতা ।
আমি বলি তুই শুধু বেঁচে থাক "নারী" হয়ে
বেঁচে থাক তোর মত , তোর জন্যে শুধু ।


সুমঙ্গলী বধূ, তোমার মঙ্গলের জন্য দেখ,
সুমঙ্গলী কন্যা, তোমার শান্তির জন্য ভেব
সুমঙ্গলী নারী , তোমার সুখের জন্য বাঁচো একটু
যদি আকাশ থাকে তবে বেঁচে থাকবে নারী তুমি
যদি বাতাস থাকে তবেও বেঁচে থাকবে তুমি,
যদি পুরুষ থাকে তবেও বেঁচে থাকবে নারী
শুধু নারী হয়ে বেঁচে থেকো 
শুধু নিজের জন্যে, নারীর জন্যে, তোমার জন্যে 

৮ মার্চ, ২০১১

কচি-কাঁচার ওয়ার্কশপ, ৬ই মার্চ ২০১১




৬ই মার্চ ২০১১ কচিকাঁচা তথা "দিয়ালা" ওয়েব ম্যাগাজিনের আয়োজনে দক্ষিণ কলকাতার কৌশিক হলে হয়ে গেল ছোট ছোট কচি-কাঁচাদের পেন্টিং এবং মাস্ক মেকিং ওয়ার্কশপ  । 

প্রদীপ জ্বালিয়ে  অনুষ্ঠানের সূচনা করলেন ডায়রেক্টরেট অফ টেকনিকাল এডুকেশানের ডিরেক্টর ডাঃ সজল দাশগুপ্ত । তাঁর সুচিন্তিত বক্তব্যে আমরা ঋদ্ধ হলাম ।ছোট শিশুদের পড়াশুনার ফাঁকে ফাঁকে ক্রিয়েটিভিটির জোয়ারে ভাসানোর উদ্দেশ্যে দিয়ালা ওয়েবজিনের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করলেন তিনি ।

দিয়ালার দুই সম্পাদক অনন্যা ব্যানার্জি এবং সঞ্জীব শিকদার দিয়ালার সক্রিয় সদস্য হিসেবে উপস্থিত ছিলেন । ছোটদের মাস্ক মেকিং ওয়ার্কশপ কন্ডাক্ট করলেন শ্রীমতি মধুছন্দা মজুমদার এবং পেন্টিং ওয়ার্কশপ কন্ডাক্ট করলেন আর্ট কলেজের প্রাক্তন ছাত্র   শ্রী স্নেহাশিস মাইতি । আমার সাথে দিয়ালা ওয়েব ম্যাগাজিনের অন্য লেখক লেখিকারাও উপস্থিত ছিলেন ঐ অনুষ্ঠানে । অন্যতম কবি শ্রী সুবীর বোস, গল্পকার অতনু ব্যানার্জি,  শ্রী কল্যানবন্ধু মিত্র , শ্রীমতী রেখা মিত্র,  শ্রী উতপল চক্রবর্তী  এবং ঋত্বিকা ভট্টাচার্য ছিলেন ঐদিনের অনুষ্ঠানে । 

১৬ বছরের অনুর্দ্ধ কিশোরদের জন্য ত্রৈমাসিক দ্বিভাষিক ওয়েব ম্যাগাজিন হিসেবে দিয়ালা ইতিমধ্যেই অনেক প্রতিষ্ঠা পেয়েছে  । ভবিষ্যতে এর আরো সাফল্য  কামনা করি আর সমাজমূলক কাজকর্মে কচিকাঁচার এই প্রয়াসকে কুর্ণিশ জানাই ।




৩ মার্চ, ২০১১

তারাক্লাবের প্রথম পিকনিক, ২০শে ফেব্রুয়ারি ২০১১


সেদিন ছিল একটা সজনেফুলের গন্ধ সকাল । নলবনের পাশে ওয়েষ্টবেঙ্গল ফিশারিজ প্রজেক্টের পিকনিক স্পটে আমাদের " তারা ক্লাবের " প্রথম পিকনিক হয়ে গেল । দিনটা ছিল ২০শে ফেব্রুয়ারি, ২০১১ , রবিবার । আমরা যে যার মত পৌঁছে গেছিলাম চড়ুইভাতি-চত্বরে ।  কেউ বোসপুকুর, কেউ বারাসাত , কেউ  উলোটোডাঙা থেকে । অনেকেই চিনতাম একে অপরকে আবার অনেকেই ছিল অপরিচিত ।  ঠিক যেমন শীতের পরিয়ায়ী পাখিরা আসে লেকের ধারে । কেউ কাউকে চেনে না কিন্তু মিলেমিশে গলা ছেড়ে ডাকতে শুরু করে যেন কত চেনা তারা একে অপরের । আমের মুকুল এসে গেছে তখন নলবনের গাছে । কোকিল গলা ছেড়ে গাইতেও শুরু করেছিল সে সকালের ভৈরবী ।   পলাশের কুঁড়ি ঝরা মিষ্টি সেই সকালে আমাদের প্রাতরাশ খেতে যাওয়া হল ছোট্ট সাঁকো পেরিয়ে তারার বনভোজন দফতরে । লুচি, তরকারি, মিষ্টি আর চা খেতে খেতে জনপ্রিয় টেলিভিশন এন্কর রিনির সাথে  কথা হ'ল ।

তারা মিউজিকের ভাইস প্রেসিডেন্ট রেশমি রায়  আর এক্সিকিউটিভ ডিরেক্টর ডা: ছন্দা গুহ আমাদের সাথে ছিলেন সেদিন । 

   সেদিন সকলে যে যার মত " যেমন খুশি পারো " এই ভাবে কত কিছু করল । কেউ নাচল, কেউ গান করল, কেউ আবৃত্তি করল  স্বরচিত কবিতা । ক্যুইজ হল খানিকক্ষণ |  ততক্ষণে ছোটরা ক্রিকেট ম্যাচ শুরু করে দিয়েছে । সূর্য তখন মধ্য গগনে কিন্তু আগের রাতের মেঘ-বৃষ্টির টানাপোড়েনে মাঝেমাঝেই ধাকা পড়ে যাচ্ছিল মেঘের মধ্যে । পাশের ঝিল আর মাছের ভেড়ির ওপর দিয়ে তখন ব‌য়ে চলেছিল বসন্তের হাওয়া । আমার কয়েকজন সেই হাওয়া গায়ে মাখতে মাখতে কোথায় যেন পাড়ি দিয়েছিলাম সে দিন ! মাঝখানে এল গরমাগরম স্ন্যাকস । তার কিছুপরেই দুপুরের খাওয়া । গরম ভাত, সুক্তো, ডাল, বেগুনি, পাঁঠার মাংস, বাঁধাকপি আর চাটনী ;
খাওয়ার পর অন্ত্যাক্ষরী ।   আর তারপর গানের সাথে জমাটি নাচ । রেশমি আমাকে ছড়া লিখে পড়তে বলেছিল । সেটাও ছিল আমার কাছে অনেক পাওয়ার মধ্যে একটা । 
হাতের মুঠোয় সজনেফুল, কোকিল সুরভাসি 
নলবনের বনভোজনে তারার পাশাপাশি  ।
মেঘপিওনের জল-লেফাফা, ভোরের রাতে হ'ল সাফা 
তারার ডাকে পেলাম সাড়া, বৃষ্টিগায়ে সারাপাড়া ।
মাছের ভেড়ি, দামী শাড়ি, মেঘে ঢাকা সূয্যিবাড়ি
চড়ুইভাতি চড়ুইভাতি আজকে শুধুই মাতামাতি
উড়ছে ফাগুন্, জ্বলছে পলাশ, শীতের বাড়ি করছি খালাস ।
ঘটিবাটি, রান্নাছুটি মেঘের কোলে খেলনাবাটি ।
পিকনিকে তোর ধূলোমুঠি , রোদের সাথে খুনসুটি ।
আজ আমাদের ছুটিছুটি হৈহৈ,গান লুটোপুটি ।
" মনের কথা মন খুলে বল " দেখনা কেমন আলো সকাল ।
মন দিয়েছে স্বপ্নপাড়ি, ওলো স‌ই তোর আমার বৃষ্টি শাড়ি !
ঝাঁকঝাঁক উড়ো মিতেনী, ও ভাই আমরা কি তোরে চিনি?
নে না চিনে বন্ধু আমার তারার আলোয় দেখ একবার !
স‌ই পাতালাম ! বন্ধু হলাম ! কথা দিলাম! বৃষ্টিকথার শব্দ নিলাম ।

বিকেলের চায়ের পর আমরা যে যার মত বাড়ি ফিরেছিলাম সে বিকেলে । এই প্রথম কোনো টিভি চ্যানেলের ক্লাব মেম্বার হয়ে পিকনিক যাওয়ার সৌভাগ্য হ'ল আমার ।

বেশ সুন্দর অনুভূতি ! নতুন বসন্তের গন্ধের মত, নতুন শীতের ওমের মত, নতুন বৃষ্টির ছন্দের মত ! নতুন করে ফিরে পাওয়া কলেজ জীবনের ছোঁয়া  যেন লেগে র‌ইল মনের মধ্যে । 

২৭ ফেব, ২০১১

"খড়গপুর" নাম কেন হ'ল ?


খড়গপুর আইআইটি ক্যাম্পাস থেকে বেরিয়ে উত্তর দিকে ৫ কিলোমিটার গেলে পড়বে ইন্দা বাজারের মোড় । সেখান থেকে পূবদিকে আরো খানিকটা গেলে পড়বে ইন্দা দুর্গা মন্দির আর তারপরই বাঁদিকে খড়গেশ্বরের শিব মন্দির । এই মন্দিরের নামেই এই জায়গার নাম খড়্গপুর । কারো মতে,   রাজা খড়্গসিংহ তৈরী করেছিলেন এই মন্দির । আবার কারো মতে বিষ্ণুপুরের রাজা খড়্গমল্ল ২০০ বছর আগে এই মন্দির তৈরী করেছিলেন ।


মন্দিরের অভ্যন্তরে  গর্ভগৃহে প্রোথিত  খড়্গেশ্বর শিবলিঙ্গ  । শিবরাত্রি, আর গাজনের সময উতসব হয় এখানে ।


মন্দির চত্বরে বহু প্রাচীন একটি অশ্বত্থ গাছের বেদীমূলে রয়েছে আদিবাসীদের আরাধ্যা কোনো দেবতার প্রস্তর মূর্ত্তি । দক্ষিণবঙ্গের মেদিনীপুর জেলার এই অঞ্চলগুলি প্রধানত:আদিবাসী অধ্যুষিত এলাকা ছিল । তবে  এখন সূর্য দেব রূপে ইনি পূজিত হন ।
মন্দিরের নাট মন্দিরে এখন একটি প্রাথমিক বিদ্যালয় হয়েছে । স্থানীয় মানুষ জন আর মন্দিরের পুরোহিত বিদ্যালয়টি চালনা করেন । মন্দিরের রক্ষণাবেক্ষণও তাঁরাই করেন আর মন্দিরের মধ্যে অসামাজিক কার্যকলাপ বন্ধ করার উদ্দেশ্যে এই স্কুলটি করেছেন তাঁরা ।


জটাজুটো নিয়ে দাঁড়িয়ে আছে সেই বহু পুরোণো অশ্বত্থ বৃক্ষ আর বহন করছে সময়ের সাক্ষ্য ।


 পুরো মন্দিরটী তৈরী পাথর দিয়ে । কোনো ইঁট নেই এর গায়ে । এখন সাদা রঙ করা হয়েছে ।

১৮ ফেব, ২০১১

ঘুরে এলাম পাথরা ও কর্ণগড়


১৬ই ফেব্রুয়ারি ২০১১ । একটা ছুটির দিন ছিল । তার আগের দিন রাতে আমাদের আরো এক বন্ধুর সাথে হঠাতই প্ল্যান হ’ল বেরোনোর । ” একে তো ফাগুন মাস , দারুন এ সময় ” ! আর খড়গপুরে এসে অবধি আমরা  নেট সার্ফ করে চলেছি এর আশপাশ নিয়ে । সময় পেলেই বন্ধুরা মিলে আর এন্ড ডি করছি …ছুটির দিনের অপেক্ষা করছি । হঠাতই মিলে গেল আরো একটি ট্যুরিস্টস্পটের  । বাতাসে সজনে ফুলের গন্ধ আর পলাশের রঙ সঙ্গে করে বেরিয়ে পড়লাম আমরা চারজন মিলে..
মেদিনীপুর থেকে মাত্র দশ কিলোমিটার দূরে মন্দিরময়ে পাথরা গ্রামের ।


কংসাবতী (কাঁসাই) নদীর ধারে, মন্দিরের পর মন্দির রয়েছে পাথরায় । মন্দির, নাট মন্দির , কাছারিবাড়ি, রাসমঞ্চ, ঠাকুরদালান । পাশেই পাথরা গ্রাম । গ্রামের বাড়ি, পুকুর, ধানক্ষেত,  আলুর ক্ষেত,  সবজীর ক্ষেত, বাঁশঝাড় সবকিছুর মধ্যেই মন্দিরময় এই পাথরা ।  সবমিলিয়ে চৌত্রিশটি অসাধারণ সব মন্দির আছে ।  এগুলি প্রায় ২০০ বছরের পুরোণো ।


১৭৩২ সালে বাংলার নবাব আলিবর্দি খাঁ ঐ পাথরা গ্রামের  রত্নাচক পরগণার রাজস্ব আদায়ের জন্য বিদ্যাসুন্দর ঘোষাল নামে একজনকে নিযুক্ত করেন । ঐ বিদ্যাসুন্দর বাবু তাঁর নিজের শখে একের পর এক এইখানে মন্দির বানান । মন্দির গুলির ধ্বংসাবশেষ দেখলে মন খারাপ হয়ে যায় । সব শিবলিঙ্গের ভাঙা করুন অবস্থা ..




একটি এনজিও সংস্থা "পাথরা আর্কিওলজিকাল প্রিজার্ভেশন কমিটি",  আইআইটি খড়গপুরের সাথে সম্মিলিত ভাবে এই সুন্দর মন্দিরগুলির তত্ত্বাবধানে ব্রতী হয়েছে । মন্দিরের কারুকার্য পোড়ামাটির ইটের ; স্টাইলটা বিষ্ণুপুরের বাংলার  চালাঘরের মত আর অভিনব শিল্পশৈলি তার গায়ে ।



সেখান থেকে আরো কিছুটা গিয়ে হাতিওলকা গ্রাম পেরিয়ে গেলাম কর্ণগড় । 


পুরোণো গড় আজ আর নেই । নতুন মন্দির হয়েছে অনেকগুলি ।

সেইখানে মন্দিরের প্রসাদ খেয়ে দুপুরের মধ্যেই আবার ফিরে এলাম খড়গপুরে |

১৩ ফেব, ২০১১

খুশির প্রেমদিবস






ভ্যালেন্টাইনস ডে ছিল না আমাদের সময়ে । কিন্তু তখনো প্রেমে পড়ত ছেলেমেয়েরা । আর বসন্ত এলেই প্রেমের জোয়ারে গা ভাসিয়ে দিত তারা । পালন করত নিত্য নতুন ভ্যালেন্টাইনস ডে । কখনো হোলিতে কখনো সরস্বতী পুজোতে । আর প্রণয়ের পারাবারে সাঁতার কাটতে কাটতে বিবাহিত স্বামী-স্ত্রীরা  ? দৈনন্দীন জীবনের একঘেয়েমিতে কেমন পাগল পাগল ভাব নিয়ে  তারাও মাঝে মাঝে পালন করত ভ্যালেন্টাইন্স ডে । স্বামী তার বিশেষ দিনটিতে স্ত্রীয়ের জন্য ছোট খাট গয়না 
কিনে উপহার দিতেন । অফিস থেকে ফেরার পথে, জলযোগের কেক-প্যাটিস নিয়ে বাড়ি ফিরে বলতেন " কি গো চা বসাও ? দেখ আজ কি এনেছি, তোমার জন্যে " কিম্বা  চলো দু'দিন পুরী বেড়িয়ে আসি" এ সব দেখেছি আমাদের বাবা 
মায়েদের আমলে । আমাদের বিয়ের ঠিক আশপাশের সময় থেকে শুরু হ'ল ভ্যালেন্টাইন্স ডে । লেট আশির দশকে । ব্যাস! সেই থেকে শুরু "ভ্যালেন্টাইন প্যাকেজ"  ফুলের দোকান থেকে শুরু করে গ্রিটিংস কার্ড , গয়না থেকে কেক, মকটেল, 
কফি , আইস ক্রিম সর্বত্র সেই তীর বিদ্ধ হৃদয়ের ছবি !  শপিং মলে ঝুলছে বিশাল বিশাল রক্তাক্ত হৃদয় , টিভির পরদায় প্রেমের গান, প্রেমের ছবি, প্রেমের কবিতা আবৃত্তি  । আর এসেমেসের চোটে আগের দিন মধ্য রাত থেকে সেলফোনের 
নেট ওয়ার্ক হ'ল বেজায় স্লো।   সামনেই সব ছেলেপুলেদের বড় বড় পরীক্ষা ! তো কি ? পরীক্ষার আগে একটু ডাইভারশান চাই না ? তাই তো সাধু ভ্যালেন্টাইন এই উপায় বাতলেছেন ।
গতবছর ভ্যালেন্টাইন্স ডে'র দিন সকালে মর্নিং ওয়াকে গেছি; এক ভদ্রলোক তার সহধর্মিনীকে বলছেন " এই রোজ রোজ তোমার পাল্লায় পড়ে সকালে হাঁটতে বেরোনো আমার জীবন বিষময় করে তুলছে" 
নীরব স্ত্রীটি হাঁটতে লাগলেন আরো জোরে জোরে । 
ভদ্রলোক বললেন " খাবার ওপর ট্যাক্স ও বসালে , আর হাঁটাও ধরালে ...তাহলে যেকোনো একটাই করো হয় খেতে দিও না, নয় হাঁটতে  বোলোনা"আমার মা বেঁচে থাকলে দেখিয়ে দিত তোমার মজা  সব কিছুতেই  কাঁটছাঁট ! চায়ে চিনি বন্ধ , সকালে একগাদা ফল খাও , দুপুরে ভাত নৈব নৈব চ ! রাতে মোটে একটা রুটি ! কি কুক্ষণে একটা সেমি-ডায়েটিশিয়ান বৌ এনেছিলাম" 
বেচারী বৌটি তখনো চুপ !  
স্বামীটি আবারো বললে " দাঁড়াও দেখাব মজা , অফিসের বেয়ারাকে দিয়ে ভাল ভাল খাবার আনিয়ে খাব, তুমি জানতেও পারবে না" 
তখন বৌটি আর থাকতে না পেরে মুখ খুলল "আজকের দিনে ঝগড়া করতে  নেই গো , আজ প্রেমের দিন, আজ আবাল-বৃদ্ধ-বণিতা প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছে আর তুমি কি না শুধুমুদু আমাকে সক্কালবেলা গালাগালি দিচ্ছ ? আমি যে 
তোমার ওয়ান এন্ড ওনলি ভ্যালেন্টাইন !" 
তাদের এই মৃদু প্রেম মিশ্রিত ঝগড়ার সুর উঠল আমার প্রাণে । অঞ্জন দত্তের গান মনে পড়ে গেল " তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হত না .. " 
আর  আমি তাদের কথাগুলো নিয়ে একটা গান লিখেছিলাম অঞ্জন দত্তের গানের সুরে .. যারা জানেন গানটি তারা বুঝতে পারবেন আশাকরি ;


 বৌটি বলছে 
"আমি না থাকলে তোমার জীবন আরো মধুময় হত, রাগঝাঁঝ আর ঝগড়াঝাটির অবসান আজ হোত । 
আমি না  থাকলে থোড়-বড়ি-খাড়া রান্নাঘরের মেনু, চামচ হাতে, প্লেট বাজিয়ে বাজাতে বসে বেণু  
আমি না থাকলে প্রতিসন্ধ্যায় কাঁচের গেলাস হাতে, শুধু ঘন ঘন চুরুট আর চাট দিতে তুমি শুধু দাঁতে । 
আমি না থাকলে ল্যাপটপ খোলা শুধু তুমি আর তুমি, চ্যাট, ইমেল খেয়েছে তোমায় (যা) আমার চেয়েও দামী । 
আমি না থাকলে ব্যাঙ্কের টাকা দ্বিগুণ হয়ে যেত, সকালে চিংড়ি, বিকেলে মাটন বন্ধুরা এসে খেত । 
রোজ সকালে হাঁটার জন্য উঠিয়ে দিত না কেউ, হত না এমন মন কষাকষি ঝগড়াঝাটির ঢেউ ! 
খাবার ওপর ট্যাক্স বসিয়ে জিমে পাঠালাম আমি, এখন ভুঁড়ি কমল তোমার, 
সুফল পেলে তুমি"

১২ ফেব, ২০১১

"তখন ২৩"..আমার চোখে




দৈনিক স্ট্যেটসম্যান ১২ই ফেব্রুয়ারি ২০১১ তে প্রকাশিত এই আলোচনা  



"তখন ২৩" একটি সময়োপযোগী বাংলাছবি । বর্তমান সামাজিক প্রেক্ষাপটে যা ঘটে চলেছে  তাকে সঙ্গে নিয়ে অত্যন্ত নিপুণ ভাবে ছবির কাহিনীকার এবং পরিচালক অতনু ঘোষ চরিত্রগুলিকে এঁকেছেন  । 
বয়সন্ধির সমস্যা প্রকটভাবে না হলেও প্রচ্ছন্নভাবে স্থান পেয়েছে । স্থান পেয়েছে একটি একমাত্র সদ্য টিন পেরোনো ছেলের মায়ের অতি অধিকারবোধ । মূল চরিত্র তমোদীপ । যে কি না বাবা-মায়ের আকাশছোঁয়া প্রত্যাশা পূরণ করেছে, ডাক্তার হয়ে  । যে তমোদীপের জীবনে তার মা ছিল সবচেয়ে বড় বন্ধু তিনি ধীরে ধীরে সরে গেছেন তার কাছ থেকে যখন তার জীবন ঘিরে তার বায়োলজি টিচার মেঘনার  প্রতি   ইনফ্যাটুয়েশান । মেঘনার সাথে ঘনিষ্ঠতায় মা হয়েছেন বিরক্ত ।  মেঘনাকে তমোদীপের মা অনুরোধ করলেন তার ছেলের জীবন থেকে দূরে চলে যেতে । আবার পরক্ষণেই তিনি ভাবেন যে মেঘনাকে দূরে সরিয়ে দিয়েই বুঝি তার ছেলের সাথে  দূরত্ব তৈরী হল । তাই আবার মেঘনাকে অনুরোধ করেণ ফিরে যেতে যাতে তাঁর ছেলের সাথে সম্পর্ক সহজ হয় ।   
সোশ্যালনেটওয়ার্কে  তমোদীপের আলাপ হয়েছে শ্রীপর্ণার সাথে যে আবার চিনে ফেলে মেঘনাকে যিনিও উপস্থিত ফেসবুক নামক সোশ্যালনেট ওয়ার্কিং সাইটে ।  এমন সময় তমোদীপ আসক্ত হয়েছে পর্ণোগ্রাফিক ছবিতে । যেখানে পর্ণস্টার মোহিনী ওরফে শম্পা দাশগুপ্তার  লাস্যময়তার রঙীন ফ্যান্টাসিতে ডুবে গেছে তমোদীপ । এই তিন বাইরের জগতের নারীর আকর্ষণে দূরে সরে গেছে একসময়ের সবচেয়ে কাছের বন্ধু অন্দরমহলের "মা" নারীটি । তিনি বুঝতে পারেন না নিজের সেই ছোট্টটিকে । তমোদীপ  বুঝতে পারছে যে তার মায়ের কাছ থেকে সে দূরে সরে গেছে । তার বায়োলজি টিচার মেঘনার সঙ্গ তার ভালো লাগে কারণ তার মনের বয়স সেই ভালোলাগাকে  প্রাধান্য দিয়েছে । তার মা তাতে ভয় পেয়েছেন আর পাঁচটা মায়ের মত । কিন্তু মেঘনা নিজে একজন ডিভোর্সি এবং জীবনকে তমোদীপের থেকে বেশিদিন দেখেছে তাই মেঘনা কিন্তু আদ্যোপ্রান্ত শিক্ষিকার ভূমিকা পালন করেছে এবং সেই চরিত্রটির জন্য ইন্দ্রাণী হালদারকে নির্বাচন যথাযথ বলে আমার মনে হয়েছে ।  তমোদীপের জীবনে এসেছে চ্যাট ফ্রেন্ড শ্রীপর্ণা যার জীবনে সোশ্যালনেট ওয়ার্কিং শেষ কথা এবং নিজের জীবনকে ভালো করে উপলব্ধি করার জন্য সে সব চ্যাট ফ্রেন্ডকে মিট করে । ডিজিটাল সম্পর্ককে রিয়েলিটির মুখোশ পরিয়ে দেখবে বলে হয়ত । কিন্তু যখন সে চ্যাট-বন্ধু রজতাভ দত্তের সংস্পর্শে আসে তখন রজতাভ নিপুণ হস্তে তাকে বুঝিয়ে দেন যে এই বয়সে যখন তখন চ্যাট ফ্রেন্ডকে চর্মচক্ষে আলাপ করে তার সঙ্গে সময় কাটানোটা কতটা ক্ষতিকারক হতে পারে ।   আবার মন ছুঁয়ে যায় রজতাভর চরিত্রটির অপূর্ব চিত্রায়ণ । এই দুটো দিক বিচার করে আমার মনে হয়েছে ছবিটি শিক্ষামূলক । আজকের যুগের সোশ্যালনেটওয়ার্কে চিটে গুড়ের মত আটকে থাকা স্কুল-কলেজ পড়ুয়াগুলির দেখা দরকার ছবিটি আবার দেখা দরকার তাদের মায়েদেরও যারা বুঝতে পারছেন না বয়ঃসন্ধির সমস্যাটি কোথায়  ?  ঠিক এমন সময় তমোদীপের ফ্যান্টাসির জগতের নায়িকা পর্ণস্টার মোহিনীর আবির্ভাব হয়  বাইপাসে রোড এক্সিডেন্ট হয়ে সরাসরি তমোদীপের পেশেন্ট রূপে ; মোহিনী হয়ে নয় " শম্পা দাশগুপ্তা " যার আসল পরিচয় ; হসপিটালে কয়েকটাদিন কাছের থেকে মোহিনীকে দেখার সুযোগ করে দেন তমোদীপের ভাগ্যলক্ষী ।   উঠে আসে শম্পার মোহিনী হবার গল্প । এবার শুরু হয় তমোদীপের টানাপোড়েন । পরিচালক অতনু ঘোষ ঠিক সেই সময় মেঘনা চরিত্রটিকে সঠিক ভাবে রূপায়িত করেন একজন " মনের কথা মন খুলে " বলার মত কাউন্সিলারকে যিনি অল্পবয়সীদের মনের ছবি দেখেন  তার এফএম চ্যানেলের লাইভ টক-শো তে । ধীরে ধীরে কাউন্সেলিং করেন তমোদীপকে আর সেই সাথে তমোদীপের মা'টিকে  । তমোদীপের মনের টানাপোড়েনের পরত গুলি একটি একটি করে খুলে যায় । সে শক্ত করে ধরে থাকে জীবনের সম্পর্ক-যুদ্ধের স্টিয়ারিংটি । ধীরে ধীরে এগুতে থাকে পজিটিভিটির দিকে । দেখতে পায় আলো । ঝকঝকে রাস্তায় তার নিজের  কেনা  প্রথম লাল রঙের গাড়ির চাবি মায়ের হাতে দিয়ে প্রমাণ করে যে সে বদলায় নি একটুও । এখানে গাড়িটিও সিম্বলিক কারণ জীবনের গতিময়তার প্রতীক রূপে, নতুন রাস্তায় জীবন মোড় নেবে বলে  । আর পাওলি দামের অভিনয়ে মোহিনী চরিত্রটি আমার চোখ দিয়ে দেখে মনে হল শম্পার আর পাঁচটা পতিতার মত  অতীত ছিল ; শম্পার  শিল্পীসুলভ গায়নশৈলী ছিল আর ছিল কবিতাকে উপলব্ধি করার মন । কিন্তু  তমোদীপ, মেঘনা আর শ্রীপর্ণার বন্ধুত্বের স্পর্শে সে ফিরে এল আলোর জগতে । ভালোবাসার ছোঁয়ায় উন্মোচিত হ'ল তার হৃদয়ের কোমল মনোবৃত্তি । তাই সে  হলুদফুল রাখল তমোদীপের গাড়ির ওপর   । এখানে হলুদ ফুল আবারো " গোল্ডেন হার্টে"র প্রতীক গল্পের শুরুতে আমরা দেখি আমাদের দেশের তথাকথিত হিপোক্রেসীর শিক্ষা ব্যাবস্থায় গালভরা "সেক্স এডুকেশন"  কেমন সুন্দর ভাবে  তুলে ধরেছেন পরিচালক । আর যেহেতু তমোদীপ, মেঘনা, শ্রীপর্ণা এরা ফেসবুক ও অর্কুটের মাধ্যমে সোশ্যালাইট করে তাই প্রতিনিয়ত অতনু বুঝিয়ে দিয়েছেন রিয়েল আর ভারচুয়াল চরিত্র সব সময় এক হতেও পারে আবার না হতেও পারে । তাই এসেছে ডাঃ রূপক সেনের জীবন সঙ্গিনী পিঙ্কি প্রসঙ্গ । আবার ফেসবুকে রজতাভর ছবি দেখে শ্রীপর্ণার বিস্ময় ! আর মোহিনী চরিত্রটি ডিজিটাল ওয়ার্ল্ডে না ঘুরলেও রিয়েল লাইফে তার দুটো আইডেন্টিটি । একটি মোহিনী অন্যটি শম্পা ।    সেখানে রিয়েল লাইফের সাথে ভার্চুয়াল লাইফ মিলে মিশে এক ! সব শেষে বলি " তখন ২৩" একটি মনের সমুদ্রে সাতাঁর কেটে চলা " ইনফ্যাটুয়েশানের্" ছবি যেখানে যৌবনে পদার্পণ হওয়া তমোদীপের ফ্যান্টাসিগুলো একসময় ফিরিয়ে দেয় তাকে নিজের একান্ত আপন জীবনে ।  জীবন চতুষ্কোণে চার নারীর  সম্পর্কের টানাপোড়েনে বিদ্ধস্ত তমোদীপ নিজের চোখ দিয়ে মনের ভেতরকে দেখে  উপলব্ধি করে মনের কোণে থিতিয়ে পড়ে থাকা জীবনদর্শন |
সব মিলিয়ে বলা যায় এই জেনারেশানের ছবি, পরিচ্ছন্ন ছবি যেখানে অহেতুক নাচ-গান নেই । আর সব শেষে বলি তমোদীপের ভূমিকায় যীশু সেনগুপ্ত, মোহিনীর ভূমিকায় পাওলি দাম, শ্রীপর্নার ভূমিকায় অপরাজিতা ঘোষদাস,    মেঘনার ভূমিকায় ইন্দ্রাণী হালদার এবং তমোদীপের মায়ের ভূমিকায় তনুশ্রী শঙ্কর এক্কেবারে সঠিক নির্বাচন । কেবল লকেট   চট্টোপাধ্যায়ের চরিত্রটির তাতপর্য আমার কাছে একটু প্রশ্ন জাগিয়েছে । আর অতুলপ্রসাদের গান " তুমি গাও" এ জয়তী চক্রবর্ত্তির গায়কী আরো একবার মন ছুঁয়ে গেল । এ যাবত কাল পরিচালক অতনু ঘোষের কাছ থেকে ঊনিশটি টেলিছবি আমরা দেখেছি তারা মিউজিকের পর্দায় । বড়পর্দায়  অতনু ঘোষের ২য় ছবি " তখন ২৩" এ ও তিনি সার্থক তা আবার প্রমাণ করে দিয়েছে ।   তারা ফিল্মস বড়পর্দায় প্রথমেই সফলতা প্রমাণ করেছে 

 

৯ ফেব, ২০১১

কুরুম্ভেরা দুর্গে কিছুক্ষণ !



এখন যে আই-আই-টি খড়গপুরকে আমরা দেখি প্রাক স্বাধীনতার যুগে সেখানে ছিল হিজলী জেল ।
আই-আই-টি ক্যাম্পাস থেকে বেরিয়ে দক্ষিণদিকে যাত্রা করলে হিজলি ফরেস্ট শুরু হয় ।

শীতের রোববারের সকালে এই অরণ্যের হাত ধরে, কেশিয়াড়ি হয়ে ঘুরে আসা যায় ভসরাঘাট| সুবর্ণরেখা নদীর ধবধবে সাদা, মসৃণ ও রোদের আলোয় চিকচিকে বালির চরে হেঁটে নদীকে ছুঁয়ে দেখে আসা যেতেই পারে ।

নদী দেখে ফেরার পথে বেলদার রাস্তায় ২ কিলোমিটার গেলে পড়বে কুকাই গ্রাম । সেখান থেকে আরো ২ কিলোমিটার গেলে পড়বে গগনেশ্বর গ্রামে কুরুম্ভেরা দুর্গ । পুরাতাত্মিক মনুমেন্ট হিসেবে স্বীকৃত এই ফোর্টটি সত্যি সত্যি এখনো স্বমহিমায় তার রাজকীয়তা বজায় রেখেছে ।

পশ্চিম মেদিনীপুরে যে এত অভিনব একটি স্থাপত্য আছে তা হয়ত অনেকেরই জানা নেই ।

কোলকাতার অনতিদূরে এমন একটি জায়গা আছে । কোলকাতায় আছে অনেক সৃষ্টিশীল মানুষ । কিন্তু কোনারক আর খাজুরাহে হয় ডান্স ফেষ্টিভাল কিন্তু কুরুম্ভেরাতেও তো হতে পারে ! আমার এখানে গিয়ে কেবলই মনে হতে লাগল সে কথা । আমার মনের ক্যামেরায় ধরা র‌ইল সেই রাজকীয় দুর্গের ছবি !
 

৪ ফেব, ২০১১

"থট-শপ"


সে এক ছিল মজার দোকান । দোকানের নাম "থট-শপ" ;সেই দোকান সাধারণ মানুষ খুঁজে পেত না, যার যাবার ইচ্ছে হত সে ঠিক পৌঁছে যেত সেই দোকানে । মালিক এক থুড়থুড়ে, দাড়ি ওলা বুড়ো যার নাম চিন্তামণি, অনেক বয়স তাঁর ।  এক সময় ছিলেন রসায়নবিদ । ক্রিস্টালের ওপরে রিসার্চ করেছিলেন বহু বছর ।  সে দোকানে কত রকমের  সব জিনিষ বিক্রি হত । থরে থরে সব সাজানো থাকতো কাঁচের বয়ামের মধ্যে  । ঠিক যেন লজেন্স ! লাল, নীল, সবুজ, হলুদ, কমলা.... কত রঙের বাহার।  কত ধরণের গড়ন সেই সব রঙীন লজেন্স-ক্রিস্টালের; কোনোটা ছুঁচের মত, কোনোটা রম্বসের মত, কোনোটা আবার চোঙাকৃতির, কোনটে বা আয়তঘনাকার ।প্রত্যেক বয়ামের গায়ে স্ফটিকের নাম, দাম আর গুণাবলী লেখা থাকত।  বুড়ো চিন্তামণি দোকানের মধ্যে  টেষ্টটিউব, বানসেন বার্নার, বিকার, ফিল্টারপেপার, ফানেল  আর আইসবক্স নিয়ে বসে থাকত ঘন্টার পর ঘন্টা নাওয়া-খাওয়া ভুলে । ছোট ছোট বাক্সের মধ্যে রাখা রঙবেরঙয়ের নুন-চিনির মত দানা  বের করে তাদের জলে দ্রবীভূত করে , ফুটিয়ে ধীরে ধীরে ঠান্ডা করে বরফে কিম্বা ঠান্ডা জলের মধ্যে রেখে রাতে  বাড়ি চলে যেত; পরদিন এসে দেখত কেমন সব রঙ বেরঙয়ের স্ফটিকের উত্পত্তি ।বুড়োর ছিল এক গ্লাসরড যা প্রত্যেক ক্রিস্টালে ছোঁয়ালেই একটা করে চিন্তা বা "থট" ঢুকে যেত তার মধ্যে । আর যে সেই ক্রিস্টাল বুড়োর কাছ থেকে কিনে নিয়ে বাড়ি গিয়ে বয়ামে লেখা নিয়ম মাফিক গ্লাসে জল নিয়ে এক এক করে যেই ফেলত অমনি চিন্তার বুদবুদেরা গ্লাসের জলের মধ্যে থেকে সেই মানুষটির মাথায় যেত চলে । আর ঠিক তক্ষুণি সেই মানুষটি পাড়ি দিত চিন্তার কল্পলোকে ।     "কিউবিক"
ছোট্ট অপু একদিন সেই দোকানের খোঁজ পেল । তার অনেক দিনের সাধ পাখি হয়ে উড়ে মেঘেদের কাছে যাবার; নীলচে সবুজ "স্ফটিক"নামের    লজেন্স-ক্রিস্টালের পাউচ কিনে নাচতে নাচতে বাড়ি এল । বুড়োর কথামত এক গ্লাস জল নিয়ে যেই একদানা ক্রিস্টাল জলে ফেলা অমনি অপু পাড়ি দিল পাখির বেশ ধরে  স্বপ্নের কল্পনায় । মাছরাঙার নীলটুকু ,কাঠঠোকরার হলদে টুকু, টিয়ার ঠোঁটের লালটুকু নিয়ে অপু হল ছোট্ট পাখি  টুনিয়া । শিস দিয়ে গান গাইতে গাইতে টুনিয়া উড়ে গেল মেঘের বাড়ি। অনেক দিন ধরেই অপুর মা বলছিল বৃষ্টিহীনতা আর খরার কথা । মেঘের কাছে গিয়ে টুনিয়া গান শুনিয়ে ভুলিয়ে ভালিয়ে মেঘকে নিয়ে এল নিজের বাড়ির ছাদের মাথায় আর শুরু হল ঝমাঝম বৃষ্টি ।

ছোট্ট মেয়ে তাথৈ সমুদ্রের নীচে  দ্বীপে পাড়ি দিতে চায় ।  তাথৈ সেই দোকানে গিয়ে  কমলা রঙয়ের "রম্বিক"নামের ক্রিস্টাল কিনে নিয়ে এল আর জলে ফেলতেই চিন্তার বুদবুদেরা তাথৈকে ভাসিয়ে নিয়ে গেল সমুদ্রের নীচে । ছোট ছোট সি এনিমন, কোরাল, হাইড্রা আর এলগিদের সাথে তার বন্ধুত্ব হল। মায়ের কাছে গল্প শুনেছিল ঝিনুকের পেটে মুক্তোর কথা । কিন্তু কোনোদিন তা চোখে দেখেনি সে। খুব ইচ্ছে হত হাতে করে দেখার । নীচে গিয়ে দেখে কত কত ঝিনুক । ঢাকনা খুলে পেটে করে পেল্লায় মুক্তো নিয়ে গ্যাঁট হয়ে বসে আছে । দুচোখ ভরে তা দেখতে দেখতে হঠাত্‌ তাথৈ ভাবল "আমি যদি এমন একটা মুক্তো হতে পারতাম"  । যেমনি ভাবা অমনি একটা বিরাট গোলাপী ঝিনুক তার দিকে ছুটে এসে বলল "আজ থেকে তুমি হলে এই জলমন্ডলের রাণী । তোমার নাম আমি দিলাম মুক্তা, এস আমার কোলে"  আহ্লাদে আটখানা হয়ে মুক্তারাণী ঝিনুকের কোলে বসে পড়ল । আর তখুনি আর সব জলদেশের বন্ধুরা তাকে ঘিরে হৈচৈ করতে লাগল, নাচতে লাগল, গাইতে লাগল । মুক্তা তাদের বলল যাবে তোমরা আমার বাড়ির বাগানে? একটা ছোট্ট লিলিপুলে থাকবে । আমার সাথে রোজ খেলবে এই ভাবে । রাণীর কথা কি আর অমান্য করা যায় সব ছোট বড় ঝিনুকেরা, মস-ফার্ণ, শাঁখেরা  অমনি রাজী হয়ে গেল । তাথৈ তাদের সঙ্গে নিয়ে বাড়ির বাগানের লিলিপুলে ছেড়ে দিল । অনেকদিনের শখ তার পূর্ণ হল ।
অপু, তাথৈ স্কুলে গিয়ে সব বন্ধুদের তাদের নতুন অভিজ্ঞতার কথা বলল ।  স্কুলের টিচারদেরও বলল সব । একজন টিচার দোকানের নাম জিগেস করল । তার অনেকদিনের সাধ চাঁদে যাবার ।  তা তিনি রাস্তা চিনে সেই "থট-শপে" গেলেন । সেখানে গিয়ে চিন্তামণির কাছ থেকে বেগণি রঙের "কিউবিক"  নামের   ক্রিস্টালটি পছন্দ করে কিনে ফেললেন । বুড়োকে টিচার এবার প্রশ্ন শুরু করলেন । আচ্ছা আমি তাহলে সত্যি সত্যিই আমার শখ পূরণ করতে পারবতো এই লজেন্স-ক্রিস্টালের সাহায্যে? যদি না হয় আমার কিন্তু পয়সা ফেরত চাইই-চাই । আমার কোনো বিপদ হবে নাতো?"আরো বললেন " আচ্ছা জলে দিলেই হবে ? এতো মনে হচ্চে গ্যাঁজাখুরির গল্পের মত ।  আমি আবার ফিরতে পারবো তো এই পৃথিবীতে ? ইত্যাদি ইত্যাদি ..."বুড়ো চিন্তামণি বিরক্ত হয়ে বললেন " আচ্ছা বাপু, তোমার যখন এতই চিন্তা তখন কেন আমার দোকানে আসা ? আমি কি আর তোমার মত খদ্দেরের জন্যে সে কোন সূদুর থেকে এই সব লজেন্স নিয়ে এসে বিক্রি করি ?  অপু, তাথৈ এদের মত শিশুরা যাদের আমার কথার ওপর অগাধ আস্থা আর যারা শুধু বিশ্বাস করে আমাকে তাদের জন্যই আমি বেচি । তাই তারা ফলও পায়  । তুমি চাইলে তাই বিক্রি করলাম ঐ বেগণি লজেন্স-ক্রিস্টাল গুলো । এই নাও তোমার পয়সা ফেরত, আমার জিনিস দিয়ে দাও আমাকে"

এমনি করে চিন্তামণির রঙিন দিন গুলো কাটতে থাকে একে একে । হঠাত সে ভাবল আচ্ছা আমিও তো এমন করে পৌঁছে যেতে পারি আমার ড্রিমল্যান্ড স্বর্গপুরের দরজায় । আমার তো কেউ কোত্থাও নেই; আমার জন্যে তো ভাববার ও কেউ নেই; আমি মরে গেলে কাঁদবার ও কেউ নেই; তাহলে দেখি না আমি যদি যেতে পারি চিরকালের মত সেখানে । আর শুনেছি সেখানে গেলে আর জন্ম হয় না । আর যুগযুগ ধরে মানুষের বিশ্বাস এই যে যারা ভাল কাজ করে তারা নাকি স্বর্গে যায় । আর চিন্তামণি জ্ঞানত: কোনো খারাপ কাজ করেনি কোনোদিন । মিথ্যে বলেনি, লোক ঠকায়নি, মানুষকে হিংসে করেনি । তাহলে সেও তো পৌঁছে যেতে পারে সেই স্বর্গদ্বারে ।  ব্যাস, যেই ভাবা অমনি খুলে গেল একটা বয়ামের ঢাকনা । বয়ামের লেবেলে লেখা "কসমিক",  রঙ টুকটুকে লাল  । বয়ামের মুখ থেকে উঠে আসছে একটা স্টিক আর তার থেকে ছোট ছোট লাল ফুল স্বচ্ছ পাপড়ি মেলে চিন্তামণির দিকে চাইছে, ঘরের  মধ্যে জোছনার  আলো চুঁইয়ে পড়েছে সেই পাপড়িতে আর ফুল গুলো ঝলমল করে উঠছে, যেন বলছে "এস, চল আমার সাথে, তোমার এবার যাবার সময়" চিন্তামণি উঠে ফুলের কাছে গেল| হাতে করে একটা ফুল নিল আর এক গ্লাস জলে ফেলল সেই লজেন্স-ক্রিস্টালের লাল ফুলটিকে ; সঙ্গে সঙ্গে চিন্তার বুদবুদেরা চিন্তামণিকে নিয়ে চলল স্বর্গের দিকে ।  যেতে যেতে সে ছুঁয়ে দেখল আকাশের নীল রঙ, পাহাড়ের গাছেদের সবুজ রঙ , সূর্যের হলুদ-কমলা রঙ মেখে নিল বেশ করে । একটা বিশাল গুহার মধ্যে পৌঁছাল সে । যেখানে একধারে ঝরণার জল ওপরে সাদা কিন্তু ঝরে পড়ার মুখে নীল । কোথাও বা ফোয়ারা উঠছে মাটি থেকে লাল রঙের, লাল নীল ফুলেরা ফুটছে সবেমাত্র তাদের কুঁড়ি থেকে । ফুলের পাপড়ি যে এই ভাবে চোখের সামনে খোলে তা দেখে চিন্তামণির আনন্দ আর ধরে না ।  এইবার সে দেখতে পেল বিশালাকার ঝুলন্ত স্ট্যালাকটাইটের পাহাড়। মনে পড়ে গেল কেমিস্ট্রি ব‌ইতে ছবি দেখেছিল । কিছুদূর গিয়েই চোখে পড়ল স্ট্যালাগমাইটের প্রোথিত স্তম্ভ । ক্রিস্টাল নিয়ে গবেষণা করতে করতে , পড়াশুনো করতে করতে অনেক দিনের ইচ্ছে  ক্যালসিয়াম কার্বনেটের ক্রিস্টালাইজেশনের কারসাজিতে প্রাকৃতিক ভাবে তৈরী স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইটের দেশে যাবার । এই বুঝি তার স্বর্গের ঠিকানা । সে সত্যি আজ পৌঁছে গেল স্বর্গের আঙিনায় ।

ছোটদের ম্যাগাজিন "ইচ্ছামতী" তে প্রকাশিত

"টাইটানিক বৃষ্টি"


সেদিন তিন্নি পার্কে বসেছিল দাদুর সাথে। উঠল ভীষণ ঝড়, পড়ল বাজ, চমকাল বিদ্যুতমালা আকাশের গায় । এল বৃষ্টি । আষাঢ়ের প্রথম বৃষ্টি। গাছপালা নতুন বর্ষার জল পেয়ে নেচে উঠল। দাদুর সাথে গল্প হচ্ছিল চাঁদের বৃষ্টির। চন্দ্রযান খবর পাঠিয়েছে জলের, বৃষ্টি ঝরেছে কয়েক ফোঁটা সেখানে । পৃথিবীর সাতসমুদ্রের কত জল তিন্নি তা জানে; মহাসিন্ধুর কত জল বাষ্পীভূত হয়ে বৃষ্টি রূপে তাই ঝরে পড়ে মাটীর বুকে। পার্কের ঘেরা বারান্দার ওপরে উঠে বৃষ্টি দেখল প্রাণ ভরে, ঘুম এল তার চোখ জুড়ে। দাদুর কোলে মাথা রেখে ছোট্ট তিন্নি বৃষ্টির নূপুর শুনতে শুনতে স্বপ্নের দেশে পাড়ি দিল । আকাশের গায়ে ভূগোল ব‌ইয়ের সৌরমন্ডলের ছবি । পৃথিবীর কোল আলো করে দাঁড়িয়ে আছে তিন্নি । একে একে কাছে তার এল বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, আর সবশেষে নেপচুন ।

"বল তোমরা কে কে বৃষ্টি দেখেছ?" তিন্নি প্রশ্ন করে তাদের ।

শান্ত সৌম্য চেহারায় ঠান্ডা মাথায় জবাব দিল বুধ | বললে, "বড্ড গরম, সূয্যিমামার কাছে থাকি, মোটে আরাম নেই, কি যে বল, বৃষ্টি কি তাই জানিনা ।"

ধবধবে ফর্সা রঙের শুক্র বললে, "শুনেছি মেঘ থেকে নাকি বৃষ্টি হয়, কিন্তু আমার কাছে মেঘের অনেক বাড়ি, তাতে বাষ্প নেই, আছে সালফারডাই-অক্সাইড গ্যাস । বৃষ্টি হবে কোত্থেকে? আমি কি ছাই বৃষ্টি দেখেছি!"

এল মঙ্গল। গম্ভীর মুখ করে রেগেমেগে বলল, "জানিনা, জানতে চাইও না ; বৃষ্টি! দূর দূর ! পাথরে, পাহাড়ে, লোহার শরীরে কঠিনে আমি লাল হয়ে গেছি দেখছ, আর তুমি বলছ বৃষ্টি?"

বিশালাকার বৃহষ্পতি মাথা চুলকে উত্তর দিল "জল নেই তো বৃষ্টি কোথা? হাইড্রোজেন আর হিলিয়াম সেথা ।" জানো? আমার এখানে তো শুধু হিলিয়ামের সাইক্লোন দেখি, বৃষ্টি তো দেখি না

সবশেষে এল শনি । "বল তিন্নি কি বলবে। অনেক কিছু বলার আছে তোমায় । তুমি যে দেশে থাকো তার নাম পৃথিবী। তুমি অনেক ভাগ্যবতী যে ওখানে আছ । আমার চারপাশ ভীষণ ঠান্ডা, জানো? বরফের কুচি আমার চারধারে বলয়ের মত আমাকে বেষ্টন করে রেখেছে । আর আমার চাঁদের নাম টাইটান । তা তো তুমি জানো তিন্নি । সেখানে দেখেছি বৃষ্টি আমি ; সেদিন বর্ষা নেমেছিল শনির ঘরে, শনির দেশে, শনিগ্রহে। অতি ঠান্ডায় সব মিথেন গ্যাস তরলায়িত হয়ে ঝরঝর করে ঝরে পড়ে বাদলরূপে,ঠায় পড়তেই থাকে | যাকে তোমরা পৃথিবীর বুকে বৃষ্টি বল আমি তাকে শনির বুকে সৃষ্টি বলি । আহা কি সুখ কি সুখ! তোমায় যদি দেখাতে পারতাম তিন্নি। তুমি কি যে খুশি হতে!"

শনিদাদার কথা শুনে ভয় পেয়ে ইউরেনাস আর নেপচুন পিছু হাঁটল। মুখে তারা তিন্নির সামনে রা'টি কাটল না । যেতে যেতে বলল ফিস ফিস করে

"বৃষ্টি কিরে? কেমন তর?
বৃষ্টি কোথা? কেমন বড়?
বৃষ্টি নামে জলের ফোঁটা,
বৃষ্টি মানেই বাদল ফোটা"

"দাদাই, দাদাই," ঘুম থেকে ধড়মড়িয়ে উঠে তিন্নি বলল দাদুকে আমাকে টাইটানের গল্প বলবে ? আমি মিথেনের বৃষ্টির গল্প শুনব । তখন পার্কের মধ্যে বৃষ্টি-বাদল গেছে টুটে । আকাশে রামধনু উঠেছে । বৃষ্টির জলের ফোঁটায় আলোর প্রতিসরণে কি করে রামধনু সৃষ্টি হয় সেই গল্প শুনতে শুনতে দাদুর সাথে তিন্নি বাড়ি ফিরল সে বিকেলে। কিন্তু দাদাই যত তাকে রামধনুর গল্প বলে তিন্নি তত‌ই টাইটানের মিথেন বৃষ্টির গল্প শুনতে চাইল।
ছোটদের ম্যাগাজিন "দিয়ালা"য় প্রকাশিত